Logo
Logo
×

বিজ্ঞাপন

আন্তর্জাতিক

আমেরিকায় বিশাল সম্পদের মালিক ড. কালী প্রদীপ, প্রবাসী কমিউনিটিতে অবদান নিয়ে সমালোচনা

Icon

যুক্তরাষ্ট্র প্রতিনিধি

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৭ এএম

আমেরিকায় বিশাল সম্পদের মালিক ড. কালী প্রদীপ, প্রবাসী কমিউনিটিতে অবদান নিয়ে সমালোচনা

বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্রে মাত্র আট ডলার সম্বল করে পাড়ি জমিয়ে বর্তমানে আটটি দেশে ২৫ ধরনের ব্যবসা ও ৭০টি হাসপাতালের মালিক হয়েছেন সিলেটের গোলাপগঞ্জের সন্তান ড. কালী প্রদীপ। যে হাসপাতাল কর্তৃপক্ষ একসময় তাকে চাকরি দিতে অস্বীকৃতি জানিয়েছিল, নিজ যোগ্যতায় ১৩ বছর পর সেই হাসপাতালটি কিনেই তিনি গড়ে তোলেন ‘কেপিসি গ্রুপ’।

তার এই উত্থানের গল্প বিশ্বজুড়ে অনুপ্রেরণামূলক হলেও, জন্মভূমি বাংলাদেশ এবং প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে তার বাস্তব অবদান নিয়ে সম্প্রতি গুরুতর প্রশ্ন উঠেছে। প্রবাসী বাংলাদেশি সাংবাদিক ও কমিউনিটি নেতাদের মতে, বিশাল সম্পদের মালিক হলেও দেশের প্রতি তার চরম উদাসীনতা তাকে প্রবাসীদের কাছে একটি ‘কাগুজে বাঘ’-এ পরিণত করেছে।

তার বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগটি হলো ফাঁকা প্রতিশ্রুতি দিয়ে গণমাধ্যমে আলোচনায় আসা। আজ থেকে প্রায় এক দশক আগে তিনি বাংলাদেশে একটি ১৪৩ তলা বিশিষ্ট বহুতল ভবন নির্মাণের ঘোষণা দিয়েছিলেন। এ উদ্দেশ্যে তিনি ৩৬ বার বাংলাদেশ সফরও করেন।

তবে বিশ্লেষক ও প্রবাসীদের মতে, যে দেশে সে সময় ৫০ তলা ভবনও নির্মিত হয়নি, সেখানে ১৪৩ তলা ভবনের ঘোষণাটি ছিল নিছকই একটি ‘স্টান্টবাজি’ বা মিডিয়া কাভারেজ পাওয়ার কৌশল। বাস্তবে সিলেট শহর, নিজ উপজেলা গোলাপগঞ্জ কিংবা রাজধানী ঢাকায় তার কোনো দৃশ্যমান বিনিয়োগ বা দাতব্য কাজের অস্তিত্ব নেই। এমনকি ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পরও দেশের উন্নয়নে তার কোনো উদ্যোগ দেখা যায়নি।

সম্প্রতি লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত ফোবানা সম্মেলনে ড. কালী প্রদীপের উপস্থিতি নিয়েও স্থানীয় বাংলাদেশিদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা গেছে। অভিযোগ রয়েছে, তিনি বিভিন্ন অনুষ্ঠানে কেবল ছবি তোলার জন্যই উপস্থিত হন, কিন্তু আয়োজক বা কমিউনিটির উন্নয়নে কোনো আর্থিক সহায়তা করেন না।

লস অ্যাঞ্জেলেসের জালালাবাদ অ্যাসোসিয়েশন, বাফলা এবং ফোবানা আয়োজক কমিটির একাধিক নেতার দাবি, তিনি প্রবাসীদের অনুষ্ঠানে অনুদান দেওয়ার ক্ষেত্রে চরম কৃপণতার পরিচয় দেন। জালালাবাদ অ্যাসোসিয়েশনকে তিনি সারাজীবনে সর্বসাকুল্যে মাত্র ১৪০০ ডলার অনুদান দিয়েছেন বলে জানা যায়।

এছাড়া, তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে, তিনি কেবল নির্দিষ্ট একটি ধর্মীয় জনগোষ্ঠীর অনুষ্ঠানে এবং ভারতে অনুদান দিয়ে থাকেন, কিন্তু সার্বজনীন প্রবাসী বা বাংলাদেশি কমিউনিটিকে এড়িয়ে চলেন।

পারিবারিক ও স্থানীয় পর্যায়েও তার বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে। দেশে আত্মীয়স্বজনদের সঙ্গে তার সম্পত্তি বা অন্যান্য বিষয়ে ঝামেলার কথা বিভিন্ন সময় প্রকাশ্যে এসেছে, যা স্থানীয় জনপ্রতিনিধিদের মধ্যস্থতায় মেটাতে হয়েছে। তবে সম্প্রতি সিলেটের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরীর সহযোগিতায় গোলাপগঞ্জে তার দাদার তৈরি করা একটি পুরোনো দাতব্য চিকিৎসালয় পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

এতসব বিতর্কের পরও ড. কালী প্রদীপের ব্যক্তিগত আচরণ অত্যন্ত অমায়িক বলে পরিচিত। সমালোচকরা বলছেন, মুখের মিষ্টি কথা ও আন্তরিক আচরণ দিয়েই তিনি মূলত মানুষকে সম্মোহিত করে রাখেন; কিন্তু জন্মভূমির প্রতি দায়বদ্ধতা বা প্রকৃত অনুদানের ক্ষেত্রে এই বিলিয়নিয়ারের খাতা একেবারেই শূন্য।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার