Logo
Logo
×

বিজ্ঞাপন

আন্তর্জাতিক

সিএনএনসহ তিন সংবাদমাধ্যমকে হোয়াইট হাউসে প্রবেশাধিকার দিতে আদালতের নির্দেশ

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৪ এএম

সিএনএনসহ তিন সংবাদমাধ্যমকে হোয়াইট হাউসে প্রবেশাধিকার দিতে আদালতের নির্দেশ

বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনকে সিএনএন, এমএস নাও ও পলিটিকোর সাংবাদিকদের হোয়াইট হাউসে প্রবেশাধিকার অবিলম্বে পুনর্বহালের নির্দেশ দিয়েছেন এক ফেডারেল আদালত। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) মার্কিন ফেডারেল বিচারক টিম কেলি এই আদেশ জারি করেন।

আদেশে ওই তিন সংবাদমাধ্যমের সাংবাদিকদের ওপর ট্রাম্পের আরোপিত নিষেধাজ্ঞাকে ‘সম্ভবত অসাংবিধানিক’ হিসেবে উল্লেখ করে আগামী ১৪ দিনের জন্য তা স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে গত ১৮ সেপ্টেম্বর ট্রাম্প প্রশাসনের নিষেধাজ্ঞার কারণে সংবাদমাধ্যমগুলোর সাংবাদিকরা হোয়াইট হাউসে ঢুকতে বাধাগ্রস্ত হন এবং পরবর্তীতে তারা আদালতের দ্বারস্থ হন।

আদালতে ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে দাবি করা হয়েছিল যে, জাতীয় নিরাপত্তার স্বার্থেই এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তবে বিচারক টিম কেলি এই যুক্তি সরাসরি নাকচ করে দেন। আদেশে তিনি স্পষ্ট জানান, সাংবাদিকদের প্রেস পাস বাতিল করলে জাতীয় নিরাপত্তা সুরক্ষিত হবে বা পাস ফিরিয়ে দিলে নিরাপত্তা ঝুঁকিতে পড়বে— এমন কোনো বাস্তব প্রমাণ আদালতের কাছে উপস্থাপন করা হয়নি।

এর আগে সংবাদমাধ্যমগুলোর বিরুদ্ধে ‘ভুয়া খবর’ প্রচারের অভিযোগ তুলেছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি জানিয়েছিলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে নিয়ে সংবাদ প্রকাশের ক্ষেত্রে ক্রমাগত মিথ্যা ও মনগড়া লেখা ছড়ানোর সুযোগ থাকা উচিত নয়।

ওই সময় ভুয়া খবর প্রচারকারী অন্যান্য সংবাদমাধ্যমের বিষয়ে জানতে চাওয়া হলে তিনি ‘ওয়াশিংটন পোস্ট’ ও ‘নিউইয়র্ক টাইমস’-এর নাম উল্লেখ করে ভবিষ্যতে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দিয়েছিলেন। আদালতের সর্বশেষ আদেশের বিষয়ে প্রতিক্রিয়া জানতে হোয়াইট হাউস এবং সংশ্লিষ্ট সংবাদমাধ্যমগুলোর সঙ্গে যোগাযোগ করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো সাড়া পাওয়া যায়নি।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার