বিজ্ঞাপন
বিশ্ববাজারে আরও কমেছে সোনা-রুপার দাম
জাগো বাংলা ডেস্ক
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৯ পিএম
বিজ্ঞাপন
বিশ্ববাজারে সোনার দাম কমেছে। তেলের দাম ও যুক্তরাষ্ট্রের ট্রেজারি বন্ডের সুদহার (ইয়িল্ড) বেড়ে যাওয়ায় সোনার আকর্ষণ কিছুটা কমেছে।
একই সঙ্গে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ সুদের হার আরো বাড়াতে পারে—এমন আশঙ্কাও সোনার দামে চাপ তৈরি করেছে। খবর রয়টার্স
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) স্পট গোল্ডের দাম ০ দশমিক ৬ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ২৬১ দশমিক ৭৯ ডলারে নেমে আসে। এ সময় এটি ১৭ সেপ্টেম্বরের পর সর্বনিম্ন দামে লেনদেন হচ্ছিল। অন্যদিকে ডিসেম্বর সরবরাহের জন্য মার্কিন গোল্ড ফিউচারের দাম কমেছে ০ দশমিক ৫ শতাংশ।
প্রতি আউন্সের দাম দাঁড়িয়েছে ৪ হাজার ২৯৬ দশমিক ৪০ ডলার।
ক্যাপিটাল ইকোনমিকসের জলবায়ু ও পণ্যবাজারবিষয়ক অর্থনীতিবিদ হামাদ হুসেইন বলেন, ইরান যুদ্ধের দ্রুত ও চূড়ান্ত সমাধানের বিষয়ে এখনো তেমন অগ্রগতি দেখা যাচ্ছে না। ফলে তেলের দাম ও মার্কিন ট্রেজারি বন্ডের ইয়িল্ড উচ্চ পর্যায়ে থাকতে পারে।
তিনি বলেন, এর ফলে সোনার দাম বাড়ার সুযোগ সীমিত হতে পারে।
এমনকি সোনার দাম আরো কমে যাওয়ার সম্ভাবনাও রয়েছে।
যুক্তরাষ্ট্রের ১০ বছর মেয়াদি ট্রেজারি বন্ডের ইয়িল্ড প্রায় দুই দশকের সর্বোচ্চ পর্যায়ের কাছাকাছি রয়েছে। সুদবিহীন সম্পদ হওয়ায় বন্ডের ইয়িল্ড বাড়লে সোনা বিনিয়োগের সুযোগ ব্যয়ও বাড়ে। এতে বিনিয়োগকারীদের কাছে সোনার আকর্ষণ কমে যেতে পারে।
এদিকে অন্যান্য মূল্যবান ধাতুর মধ্যে স্পট সিলভারের দাম ১ দশমিক ১ শতাংশ কমে প্রতি আউন্স ৬৩ দশমিক ৭৯ ডলারে নেমেছে।
প্লাটিনামের দাম কমেছে ০ দশমিক ১ শতাংশ, প্রতি আউন্সের দাম দাঁড়িয়েছে ১ হাজার ৭৪৮ দশমিক ০৩ ডলার। অন্যদিকে প্যালাডিয়ামের দাম ০ দশমিক ১ শতাংশ বেড়ে হয়েছে ১ হাজার ২৬১ দশমিক ১৪ ডলার।
এদিকে দেশের বাজারে এখন ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম পড়ছে ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ২৪ হাজার ৬৫ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৯২ হাজার ৩৯৮ টাকা এবং সনাতন পদ্ধতির দাম ১ লাখ ৫৭ হাজার ১৭২ টাকা নির্ধারণ করা হয়েছে।
এছাড়া ২২ ক্যারেটের প্রতি গ্রাম রুপার দাম ভ্যাটসহ ৪৪০ টাকা, ২১ ক্যারেটের ৪২৫ টাকা এবং ১৮ ক্যারেটের ৩৬৫ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির প্রতি গ্রাম রুপার বিক্রি হচ্ছে ২৭৫ টাকা।