Logo
Logo
×

বিজ্ঞাপন

আন্তর্জাতিক

জাতিসংঘের কাছে পরিত্যক্ত স্যুটকেস ঘিরে বোমা আতঙ্ক

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৪ পিএম

জাতিসংঘের কাছে পরিত্যক্ত স্যুটকেস ঘিরে বোমা আতঙ্ক

বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের কাছাকাছি একটি পরিত্যক্ত স্যুটকেস ঘিরে সাময়িকভাবে সড়ক বন্ধ করে তল্লাশি চালিয়েছে পুলিশ। পরে সেটিকে সন্দেহমুক্ত ঘোষণা করা হয়েছে। এ সময় উপস্থিত পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

মঙ্গলবার এনবিসির প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার দুপুরের পর ম্যানহাটনের মিডটাউন ইস্ট এলাকায় একটি কালো স্যুটকেস পড়ে থাকতে দেখা যায়। স্থানীয় সময় বিকেল ৩টার কিছু আগে ইস্ট ৪৩তম স্ট্রিট ও থার্ড অ্যাভিনিউ এলাকায় সেটি শনাক্ত করা হয়।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি সূত্র জানায়, একটি এনওয়াইপিডি কুকুর স্যুটকেসটির ভেতরে কিছু শনাক্ত করার পর পুলিশ সতর্কতামূলক ব্যবস্থা নেয়। ঘটনাস্থলটি ক্রাইসলার বিল্ডিংয়ের কাছে এবং জাতিসংঘ সদর দপ্তর থেকে মাত্র দুই অ্যাভিনিউ দূরে। সেখানে তখন জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বিশ্বের বিভিন্ন দেশের নেতারা উপস্থিত ছিলেন।

ঘটনার পর এনওয়াইপিডির ইমার্জেন্সি সার্ভিসেস ইউনিট ঘটনাস্থলে গিয়ে যান চলাচল বন্ধ করে দেয় এবং এলাকা ঘিরে ফেলে। বোমা নিষ্ক্রিয়কারী দলও সেখানে পৌঁছে তল্লাশি চালায়।

তদন্তের সময় সেকেন্ড অ্যাভিনিউ থেকে লেক্সিংটন অ্যাভিনিউ পর্যন্ত ৪২, ৪৩ ও ৪৪তম স্ট্রিটের অংশবিশেষ বন্ধ রাখা হয়। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ওই এলাকার একটি ভবনও খালি করে দেওয়া হয়।

স্যুটকেসটি পাওয়ার প্রায় ৯০ মিনিট পর পুলিশ জানায়, তল্লাশি শেষে সেটিকে সন্দেহমুক্ত ঘোষণা করা হয়েছে। পুলিশ জানিয়েছে, স্যুটকেসটিতে সন্দেহজনক কিছু পাওয়া যায়নি।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার