বিজ্ঞাপন
বিদেশিদের জন্য গ্রিন কার্ডের সুযোগ, চাকরির ক্ষেত্রে যেসব যোগ্যতা দেখছে যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০২ পিএম
বিজ্ঞাপন
যুক্তরাষ্ট্রে চাকরির মাধ্যমে স্থায়ীভাবে বসবাসের সুযোগ পেতে বিদেশি নাগরিকদের জন্য রয়েছে একাধিক পথ। মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন পরিষেবা বা ইউএসসিআইএসের তথ্য অনুযায়ী, কর্মসংস্থানভিত্তিক গ্রিন কার্ডের জন্য প্রধানত তিনটি অগ্রাধিকার ক্যাটাগরি রয়েছে—ইবি-১, ইবি-২ ও ইবি-৩। এসব ক্যাটাগরিতে নিজ নিজ ক্ষেত্রে অসাধারণ দক্ষতা থাকা পেশাজীবী থেকে শুরু করে নির্দিষ্ট প্রশিক্ষণ, অভিজ্ঞতা বা শিক্ষাগত যোগ্যতা থাকা কর্মীরাও অন্তর্ভুক্ত হতে পারেন।
প্রথম ক্যাটাগরি ইবি-১ মূলত নিজ নিজ ক্ষেত্রে অসাধারণ দক্ষতা বা উল্লেখযোগ্য সাফল্য অর্জনকারী ব্যক্তিদের জন্য। বিজ্ঞান, শিল্প, শিক্ষা, ব্যবসা ও ক্রীড়াক্ষেত্রে বিশেষ কৃতিত্ব থাকা ব্যক্তিরা এই শ্রেণিতে আবেদন করতে পারেন। পাশাপাশি অসামান্য অধ্যাপক ও গবেষক এবং বহুজাতিক প্রতিষ্ঠানের নির্দিষ্ট পর্যায়ের ব্যবস্থাপক ও নির্বাহীরাও এই ক্যাটাগরির আওতায় পড়তে পারেন।
দ্বিতীয় ক্যাটাগরি ইবি-২-এর আওতায় রয়েছে উচ্চতর ডিগ্রিধারী পেশাজীবী এবং বিজ্ঞান, শিল্প বা ব্যবসায় বিশেষ দক্ষতা থাকা ব্যক্তিরা। এই শ্রেণিতে জাতীয় স্বার্থে কাজ করার সক্ষমতা প্রমাণ করতে পারা কিছু আবেদনকারী ন্যাশনাল ইন্টারেস্ট ওয়েইভার বা এনআইডব্লিউ-এর জন্যও বিবেচিত হতে পারেন। এই ব্যবস্থায় নির্দিষ্ট শর্ত পূরণ হলে প্রচলিত নিয়োগকর্তার স্পনসরশিপের প্রয়োজনীয়তা থেকে ছাড় পাওয়ার সুযোগ রয়েছে।
তৃতীয় ক্যাটাগরি ইবি-৩ তুলনামূলকভাবে আরও বিস্তৃত। এতে অন্তত দুই বছরের প্রশিক্ষণ বা অভিজ্ঞতা থাকা দক্ষ কর্মীরা যেমন অন্তর্ভুক্ত, তেমনি যুক্তরাষ্ট্রের ব্যাচেলর ডিগ্রি বা সমমানের বিদেশি ডিগ্রিধারী পেশাজীবীরাও আবেদন করতে পারেন। দুই বছরের কম প্রশিক্ষণ বা প্রাসঙ্গিক অভিজ্ঞতা থাকা কিছু কর্মীকেও এই ক্যাটাগরিতে বিবেচনা করা হয়। তবে এই শ্রেণির ক্ষেত্রে ভিসার বার্ষিক সীমার কারণে অনেক সময় অপেক্ষার মেয়াদ দীর্ঘ হতে পারে।
তবে এসব ক্যাটাগরির কোনো একটির আওতায় পড়লেই সরাসরি গ্রিন কার্ড নিশ্চিত হয় না। প্রতিটি শ্রেণির জন্য আলাদা যোগ্যতা ও প্রমাণের প্রয়োজন হয়। কোথাও শিক্ষাগত যোগ্যতা ও কাজের অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ, আবার কোথাও নিজ নিজ ক্ষেত্রে অর্জন ও আন্তর্জাতিক বা জাতীয় পর্যায়ের স্বীকৃতির প্রমাণ দিতে হয়।
বিশেষ করে ইবি-৩ ক্যাটাগরির অনেক আবেদনের ক্ষেত্রে নিয়োগকর্তার ভূমিকা গুরুত্বপূর্ণ। চাকরির অফার এবং নিয়োগকর্তার পক্ষ থেকে প্রয়োজনীয় শ্রমসংক্রান্ত প্রক্রিয়া সম্পন্ন করার বিষয়ও থাকতে পারে। ফলে শুধু কোনো নির্দিষ্ট পেশায় কাজ করলেই গ্রিন কার্ড পাওয়া যাবে—বিষয়টি এমন নয়।
কর্মসংস্থানভিত্তিক গ্রিন কার্ডের সুযোগ তাই শুধু উচ্চপর্যায়ের কর্মকর্তা, গবেষক বা বিশেষজ্ঞদের মধ্যেই সীমাবদ্ধ নয়। যোগ্যতা অনুযায়ী বিভিন্ন পেশাজীবী, দক্ষ কর্মী এবং কিছু ক্ষেত্রে কম অভিজ্ঞতার কর্মীরাও এই ব্যবস্থার আওতায় আসতে পারেন। তবে আবেদনকারীর যোগ্যতা, চাকরির ধরন, নিয়োগকর্তার ভূমিকা এবং ভিসা প্রাপ্যতার ওপর পুরো প্রক্রিয়া নির্ভর করে।
যুক্তরাষ্ট্রে ক্যারিয়ার গড়তে আগ্রহী বিদেশি নাগরিকদের জন্য তাই ইবি-১, ইবি-২ ও ইবি-৩—এই তিন ক্যাটাগরির পার্থক্য জানা গুরুত্বপূর্ণ। নিজের শিক্ষা, পেশাগত দক্ষতা, কাজের অভিজ্ঞতা ও অর্জনের সঙ্গে কোন ক্যাটাগরির শর্ত মেলে, তা যাচাই করেই আবেদন প্রক্রিয়ায় এগোতে হয়।