Logo
Logo
×

বিজ্ঞাপন

আন্তর্জাতিক

২০২৮ নির্বাচনে কমলা হ্যারিসের প্রার্থিতা অনিশ্চিত, ৮ সাবেক সহকারীর ৫ জনের মত ‘লড়বেন না’

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:১০ পিএম

২০২৮ নির্বাচনে কমলা হ্যারিসের প্রার্থিতা অনিশ্চিত, ৮ সাবেক সহকারীর ৫ জনের মত ‘লড়বেন না’

বিজ্ঞাপন

রোববারের এক প্রতিবেদনে অ্যাক্সিওস জানিয়েছে, কমলা হ্যারিসের সাবেক অনেক সহকারী এবং উপদেষ্টা মনে করছেন যে সাবেক এই মার্কিন ভাইস প্রেসিডেন্ট শেষ পর্যন্ত ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্তই নেবেন। যদিও কমলা হ্যারিস এখনো এ বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত জানাননি, তবে অ্যাক্সিওস আটজন সাবেক সহকারী ও উপদেষ্টার ওপর একটি জরিপ চালিয়েছে।

এর মধ্যে মাত্র একজন বিশ্বাস করেন যে তিনি হয়তো নির্বাচনে লড়তে পারেন। বাকিদের মধ্যে দুজন বিষয়টিকে অনিশ্চিত বলে আখ্যা দিয়েছেন এবং পাঁচজন সরাসরি বলেছেন যে তিনি সম্ভবত এই লড়াইয়ের বাইরেই থাকবেন।

কমলা হ্যারিসের এই সম্ভাব্য সিদ্ধান্ত ডেমোক্র্যাটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থীদের ওপর বড় ধরনের প্রভাব ফেলতে পারে। কারণ, প্রাথমিক জনমত জরিপে কমলা এখনো ডেমোক্র্যাটদের পছন্দের তালিকায় শীর্ষের কাছাকাছি রয়েছেন। তিনি সরে দাঁড়ালে ২০২৮ সালকে সামনে রেখে অন্যান্য সম্ভাব্য প্রার্থীরা নিজেদের নতুন পরিকল্পনা সাজাতে পারবেন।

কমলার সাবেক কয়েকজন সহকারী জানিয়েছেন, সাম্প্রতিক সময়ে তাঁর বিভিন্ন কার্যক্রম—যেমন মধ্যবর্তী নির্বাচনের প্রার্থীদের হয়ে প্রচার চালানো, পডকাস্টে অংশ নেওয়া বা নিজের বইয়ের প্রচার—এসব কোনো নতুন প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারণার প্রস্তুতি নয়; বরং ডেমোক্র্যাটিক পার্টির ভেতর নিজের রাজনৈতিক প্রভাব ধরে রাখার একটি কৌশল মাত্র।

একজন সাবেক সহকারী মন্তব্য করেছেন, ২০২৮ সালের আলোচনায় টিকে থাকার জন্য তিনি কেবল 'ন্যূনতম প্রয়োজনীয় কাজটুকু' করছেন। তারা আরও বলেন, তিনি যদি সত্যিই নতুন কোনো প্রচারণার জন্য জোর প্রস্তুতি নিতেন, তবে আরও বেশি কর্মী নিয়োগ দিতেন, ব্যাপকভাবে সফর করতেন এবং প্রধান নীতিগত বিতর্কগুলোতে আরও ঘন ঘন নিজের মতামত তুলে ধরতেন।

আরেকজন সাবেক সহকারী জানান, হ্যারিস খুব ভালো করেই জানেন যে নতুন করে প্রার্থিতা ঘোষণা করলে তাকে কী ধরনের চ্যালেঞ্জের মুখে পড়তে হবে। বিশেষ করে ২০২৪ সালে ডোনাল্ড ট্রাম্পের কাছে তাঁর হারের বিষয়টি আবারও বিতর্কে চলে আসতে পারে। এছাড়া তহবিল সংগ্রহও একটি বড় বাধা হতে পারে।

অ্যাক্সিওসের প্রতিবেদন অনুযায়ী, আগে কমলা হ্যারিসকে সমর্থন করা অনেক বড় দাতা এবার তাঁর নতুন প্রচারণার বিষয়ে দ্বিধায় আছেন এবং তারা ম্যারিল্যান্ডের গভর্নর ওয়েস মুর বা ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসমের মতো অন্যান্য সম্ভাব্য ডেমোক্র্যাট প্রার্থীদের দিকে ঝুঁকছেন।

তবে প্রকাশ্যে ও ব্যক্তিগতভাবে কমলা হ্যারিস বারবার জানিয়েছেন যে তিনি এখনো কোনো সিদ্ধান্ত নেননি। অ্যাক্সিওসকে দেওয়া সাক্ষাৎকারে তাঁর কয়েকজন সাবেক সহকারী স্বীকার করেছেন যে, তাদের এই সংশয় ভুলও প্রমাণিত হতে পারে, অথবা এটি মূলত তাদের নিজেদেরই চাওয়া যে কমলা যেন আর নির্বাচনে অংশ না নেন।

অন্যদিকে, কিছু লক্ষণ বলছে তিনি এখনো সব ধরনের পথ খোলা রেখেছেন। এই বছরের শুরুর দিকে অ্যাক্সিওস জানিয়েছিল যে, তিনি চীন, কৃত্রিম বুদ্ধিমত্তা থেকে শুরু করে ভেনিজুয়েলাসহ নানা ইস্যুতে প্রগতিশীল নেতাসহ ডেমোক্র্যাট কর্মকর্তা ও কর্মীদের সঙ্গে যোগাযোগ বাড়িয়েছেন।

বর্তমান দলের সাথে যুক্ত এক সাবেক সহকারী তাঁর সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াকে খুবই নিয়মতান্ত্রিক বলে উল্লেখ করেছেন। তহবিল সংগ্রহের সংকটের দাবিও নাকচ করে দিয়ে তিনি জানান, কমলার কাছে ইমেইল দাতাদের একটি বিশাল তালিকা রয়েছে। তাছাড়া, ডেমোক্র্যাটরা এখন ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনের দিকে মনোনিবেশ করায় কমলার বড় কোনো রাজনৈতিক প্রচারণার প্রয়োজন নেই বলেও তিনি মত দেন।

তবে কমলা হ্যারিসের এই চূড়ান্ত সিদ্ধান্ত অন্যান্য প্রার্থীদের পরিকল্পনায় সরাসরি প্রভাব ফেলবে। গত সপ্তাহেই গ্যাভিন নিউসম জানিয়েছেন, কমলা হ্যারিস নির্বাচনে দাঁড়ালে তিনি ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেবেন না।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার