বিজ্ঞাপন
পাম্পে গ্যাস নিতে গিয়ে অতিরিক্ত টাকা দেবেন না, জানুন কৌশল
যুক্তরাষ্ট্র প্রতিনিধি
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৭ পিএম
বিজ্ঞাপন
যুক্তরাষ্ট্রে গ্যাসের দাম দ্রুত বাড়ছে। এমন পরিস্থিতিতে গাড়িতে গ্যাস ভরতে গিয়ে একটু সচেতন হলেই কিছুটা খরচ কমানো সম্ভব। লয়্যালটি প্রোগ্রাম ব্যবহার, নগদে পেমেন্ট এবং আশপাশের বিভিন্ন গ্যাস স্টেশনের দাম তুলনা করার মতো কয়েকটি সহজ কৌশলে প্রতি গ্যালনে সাশ্রয় করা যেতে পারে।
বর্তমানে জ্বালানির দামের ঊর্ধ্বগতির কারণে যুক্তরাষ্ট্রের গাড়িচালকদের ওপর বাড়তি খরচের চাপ তৈরি হয়েছে। ১৮ সেপ্টেম্বরের হিসাবে নিয়মিত গ্যাসোলিনের জাতীয় গড় দাম ছিল প্রতি গ্যালনে ৪ দশমিক ৪৭ ডলার। একই সময়ে ডিজেলের গড় দাম উঠেছিল প্রায় ৬ দশমিক ৪৩ ডলারে, যা রেকর্ড উচ্চতায় পৌঁছেছিল।
এই পরিস্থিতিতে পাম্পে যাওয়ার আগে কয়েকটি বিষয় খেয়াল করলে অতিরিক্ত টাকা খরচ এড়ানো যেতে পারে।
লয়্যালটি প্রোগ্রাম ব্যবহার করুন
অনেক গ্যাস স্টেশন বিনামূল্যে লয়্যালটি প্রোগ্রাম বা মোবাইল অ্যাপ ব্যবহারের সুযোগ দেয়। এসব প্রোগ্রামে যুক্ত হলে প্রতি গ্যালনে ছাড়, পয়েন্ট কিংবা ক্যাশব্যাক পাওয়া যায়।
নিউইয়র্কের একটি এক্সন স্টেশনের উদাহরণ দিয়েছে এবিসি নিউজ। সেখানে নিয়মিত গ্যাসের দাম ছিল প্রতি গ্যালন ৪ দশমিক ৭৯ ডলার। তবে এক্সনের রিওয়ার্ডস অ্যাপে যুক্ত হলে নির্দিষ্ট সুবিধার মাধ্যমে দাম কমে ৪ দশমিক ৪৫ ডলারে নেমে আসে। অর্থাৎ প্রতি গ্যালনে ৩৪ সেন্ট পর্যন্ত সাশ্রয় করা সম্ভব হয়।
কিছু গ্যাস স্টেশন নগদে পেমেন্ট করলেও ছাড় দেয়। একই নিউইয়র্কের স্টেশনে নগদ অর্থে পেমেন্ট করলে প্রতি গ্যালনে আরও ১৬ সেন্ট কম দেওয়ার সুযোগ ছিল। তবে নগদে ছাড়ের পরিমাণ স্টেশনভেদে আলাদা হতে পারে।
গ্যাস নেওয়ার আগে দাম তুলনা করুন
একই শহর বা এলাকার সব গ্যাস স্টেশনে জ্বালানির দাম এক থাকে না। তাই পাম্পে ঢোকার আগে আশপাশের কয়েকটি স্টেশনের দাম তুলনা করা যেতে পারে।
এবিসি নিউজের প্রতিবেদনে ক্যালিফোর্নিয়ার একটি উদাহরণ দেওয়া হয়েছে। ওই সময় রাজ্যটিতে নিয়মিত গ্যাসের গড় দাম ছিল প্রতি গ্যালন ৬ দশমিক ০৮ ডলার। কিন্তু উত্তর ক্যালিফোর্নিয়ার একটি কস্টকো স্টেশনে একই গ্যাস পাওয়া যাচ্ছিল ৫ দশমিক ৫৭ ডলারে।
আবার কস্টকো ক্রেডিট কার্ড ব্যবহার করলে গ্যাসে ৫ শতাংশ ক্যাশব্যাক পাওয়ার সুযোগ থাকায় কার্যকর খরচ আরও কমে ৫ দশমিক ২৯ ডলারে দাঁড়ায়। ওই উদাহরণে প্রতি গ্যালনে সর্বোচ্চ ৭৯ সেন্ট পর্যন্ত সাশ্রয় হয়েছে।
তবে সদস্যভিত্তিক গ্যাস স্টেশনে যাওয়ার ক্ষেত্রে সদস্যপদের খরচও হিসাব করা জরুরি। কস্টকোর সাধারণ সদস্যপদের বার্ষিক ফি ৬৫ ডলার। নিয়মিত বেশি পরিমাণে গ্যাস কিনলে শুধু জ্বালানিতে সাশ্রয় দিয়েই এই খরচ উঠে আসতে পারে।
গ্যাসের দাম কখনো কমতে পারে, আবার আন্তর্জাতিক বাজারের পরিস্থিতির কারণে আরও বাড়তেও পারে। তাই নিয়মিত গাড়ি ব্যবহারকারীদের জন্য পাম্পে যাওয়ার আগে দাম যাচাই করা, লয়্যালটি সুবিধা নেওয়া এবং কোথায় কম দামে গ্যাস পাওয়া যাচ্ছে তা দেখে নেওয়া বাড়তি খরচ কমানোর কার্যকর উপায় হতে পারে।