Logo
Logo
×

বিজ্ঞাপন

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে মেডিকেইড হারাতে পারেন ২৩ লাখ তরুণ

Icon

যুক্তরাষ্ট্র প্রতিনিধি

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৪ এএম

যুক্তরাষ্ট্রে মেডিকেইড হারাতে পারেন ২৩ লাখ তরুণ

বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্রে রিপাবলিকানদের ‘বিগ বিউটিফুল বিলের’ নতুন কর্মঘণ্টা শর্ত ও ঘন ঘন যোগ্যতা যাচাইয়ের কারণে ২০২৮ সালের মধ্যে ১৯ থেকে ২৪ বছর বয়সী ২৩ লাখ পর্যন্ত তরুণ প্রাপ্তবয়স্ক মেডিকেইড কাভারেজ হারাতে পারেন। আরবান ইনস্টিটিউটের নতুন বিশ্লেষণে এ আশঙ্কার কথা বলা হয়েছে। হেলথকেয়ার ডাইভের প্রতিবেদনে বলা হয়েছে, ঝুঁকিতে থাকা তরুণদের বড় অংশ বাস্তবে কাজ, পড়াশোনা বা ছাড়ের শর্ত পূরণ করলেও স্টেটগুলোর কাছে তা যাচাই করার মতো পর্যাপ্ত তথ্য না থাকায় অনেকে প্রশাসনিক জটিলতায় কাভারেজ হারাতে পারেন।

গত গ্রীষ্মে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষরে আইনে পরিণত হওয়া ‘ওয়ান বিগ বিউটিফুল বিল অ্যাক্ট’ মেডিকেইড কর্মসূচিতে বড় পরিবর্তন আনে। মেডিকেইড যুক্তরাষ্ট্রের নিম্ন আয়ের মানুষের জন্য বিনামূল্যে বা কম খরচের স্বাস্থ্যবিমা সুবিধা দেয়। নতুন আইনে মেডিকেইড সম্প্রসারণভুক্ত স্টেটগুলোর প্রাপ্তবয়স্কদের কাভারেজ ধরে রাখতে প্রতি মাসে ৮০ ঘণ্টা কাজ, পড়াশোনা বা স্বেচ্ছাসেবার প্রমাণ দেখানোর শর্ত যুক্ত হয়েছে। একই সঙ্গে যোগ্যতা যাচাই বছরে একবারের বদলে প্রতি ছয় মাসে করার বিধানও এসেছে।

আরবান ইনস্টিটিউট বলছে, অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্টের মেডিকেইড সম্প্রসারণের আওতায় থাকা ১৯ থেকে ২৪ বছর বয়সী প্রায় ৮৮ শতাংশ তরুণ ইতোমধ্যেই কর্মশর্ত পূরণ করেন বা পড়াশোনা, স্বাস্থ্যগত সীমাবদ্ধতা বা অন্য কারণে ছাড়ের যোগ্য হতে পারেন। কিন্তু সমস্যা হলো, স্টেটগুলো সবসময় এসব তথ্য স্বয়ংক্রিয়ভাবে যাচাই করতে পারবে না। তরুণদের অনেকেই ঘন ঘন বাসা বদল করেন, গিগ ওয়ার্কে যুক্ত থাকেন, বা আংশিক সময় পড়াশোনা ও কাজ করেন। এসব তথ্য সরকারি ডাটাবেসে সহজে ধরা পড়ে না।

গবেষণায় তিনটি সম্ভাব্য পরিস্থিতি বিবেচনা করা হয়েছে। যদি স্টেটগুলো তথ্য মিলিয়ে দেখা, স্বয়ংক্রিয় ছাড় শনাক্ত করা এবং সহজ যোগাযোগের মতো ব্যবস্থা জোরদার করে, তাহলে তরুণদের মেডিকেইড সম্প্রসারণভুক্তি ২২ শতাংশ কমতে পারে। এতে প্রায় ১১ লাখ তরুণ কাভারেজ হারাতে পারেন। আর যদি স্টেটগুলো কঠোর নথিপত্র, সীমিত ছাড় এবং দুর্বল যোগাযোগের পথ নেয়, তাহলে কাভারেজ কমতে পারে ৪৮ শতাংশ পর্যন্ত। সেই ক্ষেত্রে ক্ষতিগ্রস্তের সংখ্যা ২৩ লাখে পৌঁছাতে পারে।

আরবান ইনস্টিটিউটের প্রধান গবেষণা সহযোগী জেনিফার হ্যালি বলেছেন, এই বয়সী মানুষের মেডিকেইড কাভারেজ কতটা কমবে, তা অনেকটাই নির্ভর করবে স্টেটগুলোর তথ্য মিলিয়ে দেখার সক্ষমতা এবং বাস্তবায়ন পদ্ধতির ওপর। তাঁর মতে, যাঁরা নিয়ম পূরণ করছেন, তাঁদেরও যদি পে স্টাব, মেডিকেল রেকর্ড বা স্কুলে ভর্তি প্রমাণের মতো নথি বারবার জমা দিতে হয়, তাহলে অপ্রয়োজনীয়ভাবে কাভারেজ হারানোর ঝুঁকি বাড়বে।

সেন্টারস ফর মেডিকেয়ার অ্যান্ড মেডিকেইড সার্ভিসেসের অন্তর্বর্তী নির্দেশনা অনুযায়ী, নতুন কর্মশর্ত ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হওয়ার কথা। কিছু ক্ষেত্রে ২০২৮ সাল পর্যন্ত স্বঘোষণার সুযোগ থাকতে পারে, তবে পরে নথিপত্রের প্রয়োজন হবে। নিয়মের আওতায় গর্ভবতী, প্রতিবন্ধী, চিকিৎসাগতভাবে দুর্বল ব্যক্তি এবং নির্দিষ্ট ছাড় পাওয়া মানুষদের জন্য অব্যাহতির ব্যবস্থা থাকবে।

তবে বাস্তবায়ন নিয়ে স্টেটভেদে ভিন্নতা দেখা যাচ্ছে। কিছু স্টেট তুলনামূলক নমনীয় যাচাই পদ্ধতি ও স্বয়ংক্রিয় ডাটা ব্যবহারের পথ খুঁজছে। আবার কয়েকটি রিপাবলিকান নেতৃত্বাধীন স্টেট আইনগত সময়সীমার আগেই কর্মশর্ত চালুর উদ্যোগ নিয়েছে। হেলথকেয়ার ডাইভের প্রতিবেদনে বলা হয়েছে, নেব্রাস্কা, মনটানা, আইওয়া ও আরকানসাস ২০২৭ সালের আনুষ্ঠানিক সময়সীমার আগেই কর্মশর্ত বাস্তবায়নের পথে এগোচ্ছে।

স্বাস্থ্যনীতি বিশ্লেষকদের মতে, এই পরিবর্তনের সবচেয়ে বড় ঝুঁকি হলো কাভারেজ হারানো সবাই যে অযোগ্য, তা নয়। বরং অনেকেই যোগ্য থেকেও কাগজপত্র, নোটিশ না পাওয়া, ভুল ঠিকানা, জটিল অনলাইন প্রক্রিয়া বা প্রশাসনিক বিলম্বের কারণে মেডিকেইড থেকে বাদ পড়তে পারেন। তরুণদের ক্ষেত্রে সেই ঝুঁকি আরও বেশি, কারণ তাঁদের কর্মজীবন ও বাসস্থানের ধরন অনেক সময় স্থায়ী নয়।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার