বিজ্ঞাপন
আল-আজহারে দশ কেরাতে সর্বোচ্চ সনদ পেলেন বাংলাদেশি রায়হান মাহমুদ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৪ এএম
বিজ্ঞাপন
ঢাকার সাভারের রাজফুলবাড়িয়ার রাজাঘাট গ্রামের সন্তান হাফেজ মাওলানা মুফতি কারী রায়হান মাহমুদ আজহারী পবিত্র কোরআনের ১০ ধরনের কেরাতে সনদ অর্জন করেছেন। সম্প্রতি মিশরে তিনি এই সনদ অর্জন করেন। একই সঙ্গে আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় একাধিক সাফল্য এবং আল আজহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার মাধ্যমে কোরআন, ক্বিরাত ও ইসলামী শিক্ষায় নিজের অবস্থান তৈরি করছেন তিনি।
রায়হান মাহমুদের পিতা হাজী মোহাম্মদ আনোয়ার হোসেন। ছোটবেলা থেকেই পড়াশোনায় মেধার পরিচয় দেওয়া রায়হান সাভারের বড় মাদ্রাসায় পবিত্র কোরআন হিফজ সম্পন্ন করেন। এরপর ঢাকার বিভিন্ন ইসলামী শিক্ষাপ্রতিষ্ঠানে উচ্চতর শিক্ষা গ্রহণ করেন। মাওলানা আবু তাহের মিসবাহ পরিচালিত মাদ্রাসাতুল মাদীনা এবং মোহাম্মদপুরের জামিয়া রহমানিয়া আরাবিয়া থেকে দাওরায়ে হাদিস সম্পন্ন করেন তিনি। পরে কামরাঙ্গীরচরের জামিয়া আরাবিয়া রাবিউল উলুম থেকে মুফতি কোর্স সম্পন্ন করেন। এসব শিক্ষাজীবনের বিভিন্ন ধাপে তিনি ‘মুমতাজ’ ফল অর্জন করেন বলে প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এরপর ক্বিরাত শিক্ষায় আরও এগিয়ে যেতে লালবাগের মা’হাদুল ক্বিরাত থেকে উচ্চতর তাজবিদ ও ক্বিরাতের শিক্ষা নেন রায়হান। উচ্চশিক্ষার জন্য পরে মিশরে পাড়ি জমান তিনি। কায়রোর আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে আরবি ভাষা ও ভাষাবিজ্ঞানে ডিপ্লোমা সম্পন্ন করেছেন। বর্তমানে বিশ্ববিদ্যালয়টির তানতা শাখায় ‘উলুমুল কোরআন ও ক্বিরাত’ বিভাগে পড়াশোনা করছেন।
আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতাতেও রায়হান মাহমুদের উল্লেখযোগ্য সাফল্য রয়েছে। মিশরের ধর্ম মন্ত্রণালয় আয়োজিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় ৫৫টি দেশের প্রতিযোগীর মধ্যে তিনি ষষ্ঠ স্থান অর্জন করেন। এছাড়া ‘ওফাউল আজয়াল’ ও ‘সুফারাউল হিদায়া’ আয়োজিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনের কৃতিত্বও রয়েছে তার।
কোরআনের তিলাওয়াত, তাজবিদ ও ক্বিরাতে দক্ষতার পাশাপাশি রায়হান আরবি ও বাংলা ভাষায় পারদর্শী এবং ফিকহ বিষয়ে শিক্ষাগ্রহণ করেছেন। ২০২৬ সালে তারাবির নামাজ পড়ানোর জন্য তিনি জাপান সফর করেন। একই বছর লন্ডনে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্যও তিনি নির্বাচিত হয়েছিলেন বলে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে।
সাভারের একটি মাদ্রাসা থেকে হিফজ সম্পন্ন করে মিশরের আল আজহারে উচ্চশিক্ষা এবং আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় সাফল্য অর্জনের এই ধারাবাহিকতা রায়হান মাহমুদের শিক্ষাজীবনের একটি গুরুত্বপূর্ণ দিক তুলে ধরে। তার এই অর্জনে শিক্ষক, পরিবার ও শুভাকাঙ্ক্ষীরা আনন্দিত। কোরআন, ক্বিরাত ও ইসলামী শিক্ষায় ভবিষ্যতে তিনি আরও উচ্চতর পর্যায়ে কাজ করবেন বলে প্রত্যাশা করছেন তারা।