বিজ্ঞাপন
শিক্ষার্থী ঋণে ক্যালিফোর্নিয়ার অবস্থান ৪৯তম, কম ঋণের পেছনে যে কারণ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৭ পিএম
বিজ্ঞাপন
যুক্তরাষ্ট্রজুড়ে শিক্ষার্থী ঋণের পরিমাণ এক ট্রিলিয়ন ডলারেরও বেশি। এর মধ্যেও ক্যালিফোর্নিয়ার শিক্ষার্থীদের ঋণের বোঝা তুলনামূলকভাবে কম। নতুন এক বিশ্লেষণে দেখা গেছে, শিক্ষার্থী ঋণের দিক থেকে যুক্তরাষ্ট্রের ৫০টি রাজ্য ও ওয়াশিংটন ডিসির মধ্যে ক্যালিফোর্নিয়ার অবস্থান ৪৯তম, অর্থাৎ মাত্র একটি রাজ্যের ঋণের বোঝা ক্যালিফোর্নিয়ার চেয়ে কম।
ওয়ালেটহাবের করা এই বিশ্লেষণে বিভিন্ন রাজ্যের শিক্ষার্থী ঋণের পরিস্থিতি তুলনা করা হয়েছে। এতে দেখা গেছে, ক্যালিফোর্নিয়ার চেয়ে কম শিক্ষার্থী ঋণের বোঝা রয়েছে শুধু হাওয়াই ও উটাহতে। অথচ যুক্তরাষ্ট্রের অন্যতম ব্যয়বহুল রাজ্য হিসেবে পরিচিত ক্যালিফোর্নিয়া।
বিশ্লেষণ অনুযায়ী, ক্যালিফোর্নিয়ায় শিক্ষার্থীদের ঋণ কম থাকার অন্যতম কারণ হলো সরকারি কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পড়ার প্রবণতা বেশি। রাজ্যের কলেজপড়ুয়া শিক্ষার্থীদের প্রায় ৮৩ শতাংশ পাবলিক কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার জন্য বেছে নেয়।
ক্যালিফোর্নিয়ায় ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া বা ইউসি, ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটি বা সিএসইউ এবং ক্যালিফোর্নিয়া কমিউনিটি কলেজেস বা সিসিসি—এই তিনটি বড় সরকারি শিক্ষা ব্যবস্থার অধীনে প্রায় ১৫০টি কলেজ ও বিশ্ববিদ্যালয় রয়েছে। এসব প্রতিষ্ঠানে রাজ্যের বাসিন্দাদের জন্য তুলনামূলকভাবে কম টিউশন ফি থাকায় বড় অঙ্কের শিক্ষার্থী ঋণ নেওয়ার প্রয়োজনও কম হয়।
ক্যালিফোর্নিয়ার সরকারি নীতিরও এতে ভূমিকা রয়েছে। পাবলিক পলিসি ইনস্টিটিউট অব ক্যালিফোর্নিয়ার তথ্য অনুযায়ী, দেশের অন্যান্য রাজ্যের শিক্ষার্থীদের তুলনায় ক্যালিফোর্নিয়ার নতুন কলেজ শিক্ষার্থীদের ঋণ নেওয়ার সম্ভাবনা ৪৪ শতাংশ কম।
রাজ্যের ইউসি ও সিএসইউ ব্যবস্থায় নতুন শিক্ষার্থীদের ৪০ শতাংশেরও কম শিক্ষার্থী ঋণ নেয়। বেসরকারি অলাভজনক কলেজে এই হার প্রায় ৫০ শতাংশ এবং বেসরকারি লাভজনক কলেজে প্রায় ৭০ শতাংশ। এছাড়া ক্যালিফোর্নিয়ার ‘ক্যাল গ্র্যান্ট’ কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীরা এমন আর্থিক সহায়তা পেতে পারে, যা পরে ফেরত দিতে হয় না।
শিক্ষার্থী ঋণের ক্ষেত্রে পশ্চিমাঞ্চলের আরও কয়েকটি রাজ্য তুলনামূলকভাবে ভালো অবস্থানে রয়েছে। ওয়াশিংটনের অবস্থান ৪৮তম এবং ওরেগনের ৪১তম। অন্যদিকে দেশটির পূর্বাঞ্চলের দিকে অনেক রাজ্যে ঋণের বোঝা বেশি দেখা গেছে।
বিশ্লেষণে মিসিসিপিকে শিক্ষার্থী ঋণের দিক থেকে সবচেয়ে বেশি বোঝা বহনকারী রাজ্য হিসেবে উল্লেখ করা হয়েছে। সেখানে শিক্ষার্থী ঋণের পরিমাণ রাজ্যের মধ্যম আয়ের ৫৪ শতাংশেরও বেশি। একই সঙ্গে রাজ্যটিতে শিক্ষার্থী ঋণ পরিশোধে খেলাপির হারও সবচেয়ে বেশি এবং শিক্ষার্থীদের জন্য চাকরির সুযোগের দিক থেকেও এটি নিচের সারির রাজ্যগুলোর একটি।
ওয়ালেটহাব তাদের র্যাংকিং তৈরিতে কয়েকটি বিষয় বিবেচনা করেছে। এর মধ্যে রয়েছে শিক্ষার্থীদের গড় ঋণের পরিমাণ, ২৫ থেকে ৩৪ বছর বয়সীদের বেকারত্বের হার এবং যেসব ঋণগ্রহীতার ঋণ পরিশোধ বকেয়া রয়েছে তাদের অনুপাত। বিশ্লেষণে ইউএস সেন্সাস ব্যুরো, ব্যুরো অব লেবার স্ট্যাটিসটিকস, ইনস্টিটিউট ফর কলেজ অ্যাকসেস অ্যান্ড সাকসেস এবং ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্কসহ বিভিন্ন প্রতিষ্ঠানের তথ্য ব্যবহার করা হয়েছে।