Logo
Logo
×

বিজ্ঞাপন

আন্তর্জাতিক

মার্কিন বিমানবন্দরে পাসপোর্ট ছাড়াই ইমিগ্রেশন, বিদেশিদের জন্য বাধ্যতামূলক বায়োমেট্রিক চেক

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৮ এএম

মার্কিন বিমানবন্দরে পাসপোর্ট ছাড়াই ইমিগ্রেশন, বিদেশিদের জন্য বাধ্যতামূলক বায়োমেট্রিক চেক

বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্রের বিমানবন্দরগুলোতে আন্তর্জাতিক ফ্লাইটের যাত্রীদের জন্য পাসপোর্ট দেখানোর দীর্ঘদিনের প্রথা খুব শিগগিরই হয়তো অতীত হতে চলেছে। পাসপোর্টের জায়গা দখল করে নিচ্ছে অত্যাধুনিক ফেস স্ক্যান বা ফেসিয়াল রিকগনিশন প্রযুক্তি। ইউএস কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশনের (সিবিপি) এক ঊর্ধ্বতন কর্মকর্তার মতে, আগামী কয়েক বছরের মধ্যে গ্লোবাল এন্ট্রি সুবিধাভোগী যাত্রীরা বিমানবন্দরে কোনো ধরনের কার্ড বা পাসপোর্ট বের না করেই দ্রুত ইমিগ্রেশন পার হতে পারবেন।

ইতোমধ্যেই যুক্তরাষ্ট্রের ২৩৮টি বিমানবন্দরে এই ফেসিয়াল রিকগনিশন প্রযুক্তি চালু করা হয়েছে। এর মধ্যে ৩৩টি বিমানবন্দরে মার্কিন নাগরিকদের জন্য ‘এনহ্যান্সড প্যাসেঞ্জার প্রসেসিং’ এবং ৭টি বিমানবন্দরে ‘সিমলেস বর্ডার এন্ট্রি’ নামক ব্যবস্থা চালু রয়েছে, যার মাধ্যমে যাত্রীরা না থেমেই মাত্র তিন সেকেন্ডের কম সময়ে ইমিগ্রেশন সম্পন্ন করতে পারছেন।

এই নতুন প্রযুক্তির ব্যবহার নিয়ে মার্কিন নাগরিক এবং বিদেশি দর্শনার্থীদের জন্য ভিন্ন নিয়ম নির্ধারণ করা হয়েছে। মার্কিন নাগরিকরা চাইলে এখনও ফেস স্ক্যানিং এড়িয়ে সিবিপি কর্মকর্তার মাধ্যমে ম্যানুয়াল চেকিংয়ের সুবিধা নিতে পারবেন। তবে গত ২৬ ডিসেম্বর থেকে কার্যকর হওয়া নতুন ফেডারেল নিয়ম অনুযায়ী, বিদেশি বা নন-ইউএস নাগরিকদের জন্য বায়োমেট্রিক আইডেন্টিটি চেক সম্পূর্ণ বাধ্যতামূলক করা হয়েছে।

আগে ১৭ বছরের কম এবং ৭৯ বছরের বেশি বয়সী বিদেশিরা এই প্রক্রিয়ার বাইরে থাকলেও, এখন আকাশ, স্থল বা সমুদ্রপথে যুক্তরাষ্ট্রে প্রবেশ বা ত্যাগের সময় তাদের সবাইকে ফেস স্ক্যান বা আঙুলের ছাপ দিতেই হবে।

সিবিপি জানিয়েছে, ফেস স্ক্যানিংয়ের মাধ্যমে তোলা ছবি সরকারি ডাটাবেসে থাকা পাসপোর্ট বা ভিসার ছবির সাথে তাৎক্ষণিকভাবে মিলিয়ে দেখা হয় এবং এর নির্ভুলতার হার ৯৮ শতাংশেরও বেশি। ২০১৭ সালের জুন মাস থেকে এখন পর্যন্ত প্রায় ৮৪৮ মিলিয়ন মানুষ এই প্রক্রিয়ার মধ্য দিয়ে গেছেন এবং এর মাধ্যমে ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবৈধভাবে অবস্থান করা ৫ লাখ ২৯ হাজারেরও বেশি মানুষকে শনাক্ত করা সম্ভব হয়েছে।

আগামী তিন থেকে পাঁচ বছরের মধ্যে যুক্তরাষ্ট্রের সব বন্দর ও ক্রসিংয়ে এই বায়োমেট্রিক ব্যবস্থা পুরোপুরি চালু করার লক্ষ্য নিয়ে কাজ চলছে। এছাড়াও ২০২৭ সালের মধ্যে জেএফকে (JFK) বিমানবন্দরের নতুন টার্মিনাল ওয়ানে এমন এক আধুনিক লাগেজ-স্ক্রিনিং সিস্টেম চালু হতে যাচ্ছে, যার মাধ্যমে ফ্লাইট আকাশে থাকা অবস্থাতেই কর্মকর্তারা রিমোটলি চেকড ব্যাগ তল্লাশি করতে পারবেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার