বিজ্ঞাপন
সৌদির তেল স্থাপনা ও বিমানঘাঁটিতে ফের হামলার দাবি হুতিদের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২১ পিএম
বিজ্ঞাপন
সৌদি আরবের ইয়ানবু শহরের একটি তেল স্থাপনা ও খামিস মুশাইত বিমানঘাঁটিতে হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের বিদ্রোহী হুতিরা।
হুতিরা জানিয়েছে, চলতি সপ্তাহে তাদের অবস্থান লক্ষ্য করে সৌদি আরবের চালানো একাধিক ক্ষেপণাস্ত্র হামলার জবাবে এসব হামলা চালানো হয়েছে।
হুতিদের সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, প্রথম হামলাটি ইয়ানবুতে সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর একটি স্থাপনায় চালানো হয়। এতে ‘কয়েক ডজন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন’ ব্যবহার করা হয়েছে বলে দাবি করা হয়। হামলাগুলো ‘সুনির্দিষ্ট ও সরাসরি’ ছিল এবং এতে বড় ধরনের অগ্নিকাণ্ড ও ব্যাপক ধ্বংসযজ্ঞ হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
বিবৃতিতে আরও বলা হয়, দ্বিতীয় হামলায় খামিস মুশাইত বিমানঘাঁটি লক্ষ্য করে কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। এই হামলাও ‘সুনির্দিষ্ট’ ছিল বলে দাবি করেছে হুতিরা।
তবে হুতিদের এসব দাবির বিষয়ে সৌদি আরব এখনো কোনো মন্তব্য করেনি।
সূত্র: আল জাজিরা