বিজ্ঞাপন
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৮ বিলিয়ন ডলার, বাড়ছে মূল্যস্ফীতির চাপ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৩ পিএম
বিজ্ঞাপন
ইরানের সঙ্গে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের ব্যয় ইতোমধ্যে প্রায় ৩৮ বিলিয়ন ডলারে পৌঁছেছে। একই সঙ্গে সংঘাতে ব্যবহৃত ক্ষেপণাস্ত্র ও অন্যান্য সামরিক সরঞ্জামের মজুত কমে যাওয়ায় সেগুলো পুনরায় পূরণ করতেও কয়েক বছর সময় লাগতে পারে। কংগ্রেসনাল বাজেট অফিসের (সিবিও) নতুন এক প্রতিবেদনে বলা হয়েছে, ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ব্যবস্থার ব্যবহৃত মজুত পুনর্গঠনে অন্তত পাঁচ বছর সময় লাগতে পারে, উৎপাদন বাড়ানো হলেও।
১৫ সেপ্টেম্বর প্রকাশিত সিবিওর প্রতিবেদনে বলা হয়, ২০২৬ সালের ১ আগস্ট পর্যন্ত ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের ব্যয় হয়েছে প্রায় ৩৮ বিলিয়ন ডলার। এই হিসাবের মধ্যে যুদ্ধে ব্যবহৃত গোলাবারুদ ও ক্ষেপণাস্ত্র প্রতিস্থাপন, যুদ্ধে ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হওয়া সরঞ্জাম, সামরিক উড্ডয়ন, জ্বালানি এবং অন্যান্য পরিচালন ব্যয় অন্তর্ভুক্ত রয়েছে।
সিবিও বলছে, সংঘাতের তীব্রতা যদি মে ও জুনের মতো তুলনামূলক কম থাকে, তাহলে প্রতি মাসে আরও প্রায় ২ বিলিয়ন ডলার ব্যয় হতে পারে। আর জুলাইয়ের মতো সংঘাতের মাত্রা বেড়ে গেলে মাসিক ব্যয় প্রায় ৩ বিলিয়ন ডলারে উঠতে পারে। পরিস্থিতি আরও খারাপ হলে ব্যয় আরও বাড়তে পারে।
এই ব্যয়ের বড় অংশই গেছে ব্যবহৃত অস্ত্র ও গোলাবারুদ পুনরায় সংগ্রহে। বিভিন্ন প্রতিবেদনে সিবিওর হিসাব উদ্ধৃত করে বলা হয়েছে, ১ আগস্ট পর্যন্ত ব্যবহৃত গোলাবারুদ প্রতিস্থাপনে প্রায় ২১ দশমিক ৭ বিলিয়ন ডলার প্রয়োজন হবে। এর মধ্যে ক্ষেপণাস্ত্র প্রতিরোধী গোলাবারুদের অংশ প্রায় ১৩ দশমিক ১ বিলিয়ন ডলার এবং স্থলভিত্তিক হামলায় ব্যবহৃত ক্রুজ ক্ষেপণাস্তরের অংশ প্রায় ৭ দশমিক ৩ বিলিয়ন ডলার।
সামরিক মজুত নিয়ে প্রতিবেদনের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হলো যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরোধী গোলাবারুদের ঘাটতি। সিবিওর হিসাবে, ২০২৫ সালের জুন থেকে যুক্তরাষ্ট্র প্যাট্রিয়ট, থাড, এসএম-৩ ও এসএম-৬সহ নির্দিষ্ট ধরনের ক্ষেপণাস্ত্র প্রতিরোধী অস্ত্রের মোট মজুতের প্রায় অর্ধেক থেকে দুই-তৃতীয়াংশ পর্যন্ত ব্যবহার করে থাকতে পারে। এসব অস্ত্রের প্রকৃত মজুতের সংখ্যা প্রতিরক্ষা বিভাগ প্রকাশ না করায় সিবিও সরকারি তথ্য ও প্রকাশ্য প্রতিবেদনের ভিত্তিতে এই হিসাব করেছে।
সিবিও বলছে, এসব ক্ষেপণাস্ত্র প্রতিরোধী অস্ত্রের মজুত পুনর্গঠনে অন্তত পাঁচ বছর সময় লাগতে পারে। উৎপাদনের গতি বাড়ানো হলেও এই সময় কমানো কঠিন হতে পারে। এর ফলে কয়েক বছর ধরে যুক্তরাষ্ট্রের কাছে আগের তুলনায় কমসংখ্যক ক্ষেপণাস্ত্র প্রতিরোধী অস্ত্র মজুত থাকবে। বড় ধরনের ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্রের মজুত থাকা কোনো প্রতিপক্ষের সঙ্গে নতুন সংঘাত তৈরি হলে এই ঘাটতি বিশেষভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
যুদ্ধের প্রভাব শুধু সামরিক ব্যয়ের মধ্যেই সীমাবদ্ধ থাকছে না। সিবিওর হিসাবে, হরমুজ প্রণালি দিয়ে তেল ও প্রাকৃতিক গ্যাস পরিবহন কমে যাওয়া এবং লোহিত সাগরে জাহাজ চলাচলে বিঘ্নের কারণে বিশ্বজুড়ে জ্বালানির দাম বেড়েছে। এর প্রভাব পেট্রল, ডিজেল ও উড়োজাহাজের জ্বালানিসহ বিভিন্ন পণ্যের দামে পড়ছে। জ্বালানি পরিবহন ব্যয়ের একটি গুরুত্বপূর্ণ উপাদান হওয়ায় এর মূল্যবৃদ্ধি অন্যান্য পণ্য ও সেবার দামেও পরোক্ষ চাপ তৈরি করছে।
সিবিওর পূর্বাভাস অনুযায়ী, ২০২৭ সালের প্রথম প্রান্তিকে ব্যক্তিগত ভোগব্যয়ের মূল্যসূচক বা পিসিইভিত্তিক মূল্যস্ফীতি ২০২৬ সালের ফেব্রুয়ারিতে করা পূর্বাভাসের তুলনায় শূন্য দশমিক ৫ শতাংশ পয়েন্ট বেশি হতে পারে। খাদ্য ও জ্বালানির দাম বাদ দিয়ে মূল মূল্যস্ফীতিও একই সময় পূর্বাভাসের তুলনায় শূন্য দশমিক ৩ শতাংশ পয়েন্ট বেশি হতে পারে।
মূল্যস্ফীতির এই চাপ সুদের হারেও প্রভাব ফেলতে পারে। সিবিওর হিসাবে, মূল্যস্ফীতি ও অন্যান্য অর্থনৈতিক প্রভাবের কারণে ২০২৬ সালে তিন মাস মেয়াদি মার্কিন ট্রেজারি বিলের সুদের হার ফেব্রুয়ারির পূর্বাভাসের তুলনায় প্রায় শূন্য দশমিক ২ শতাংশ পয়েন্ট বেশি হতে পারে। ২০২৭ সালের প্রথমার্ধে এই ব্যবধান শূন্য দশমিক ১ শতাংশ পয়েন্টের নিচে নেমে আসতে পারে।
তবে সিবিও সতর্ক করেছে যে তাদের হিসাবের মধ্যে যুদ্ধের সঙ্গে সম্পর্কিত সব ধরনের সম্ভাব্য ব্যয় অন্তর্ভুক্ত হয়নি। বিশেষ করে মার্কিন সামরিক ঘাঁটির ক্ষতিগ্রস্ত অবকাঠামো মেরামতের সম্ভাব্য ব্যয় এই হিসাবের বাইরে রয়েছে। কূটনৈতিক কার্যক্রম ও বিদেশি সহায়তার অতিরিক্ত ব্যয়েরও নির্দিষ্ট হিসাব দিতে পারেনি সংস্থাটি।
প্রতিবেদন তৈরির ক্ষেত্রে আরেকটি সীমাবদ্ধতার কথাও জানিয়েছে সিবিও। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ তাদের তথ্যের অনুরোধের জবাব দেয়নি। ফলে সিবিওকে সরকারি বিভিন্ন তথ্যভান্ডার ও প্রকাশ্য প্রতিবেদনের ওপর নির্ভর করতে হয়েছে। এ কারণে সামরিক ব্যয়ের হিসাবের ক্ষেত্রে যথেষ্ট অনিশ্চয়তা রয়েছে বলে সংস্থাটি উল্লেখ করেছে।
সিবিওর এই প্রতিবেদন প্রকাশের এক দিন আগে মার্কিন প্রতিরক্ষা বিভাগের ইন্সপেক্টর জেনারেলের একটি পৃথক প্রতিবেদনে যুদ্ধের ব্যয় ও সামরিক মজুত নিয়ে উদ্বেগের কথা উঠে আসে। ওই প্রতিবেদনে ২৯ জুন পর্যন্ত প্রতিরক্ষা বিভাগ ও পররাষ্ট্র দপ্তরের সংশ্লিষ্ট ব্যয় প্রায় ৩৩ দশমিক ৪ বিলিয়ন ডলার হিসেবে উল্লেখ করা হয়। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সামরিক গোলাবারুদের মজুতে কৌশলগত ঘাটতির কথাও বলা হয়।
তবে মার্কিন প্রতিরক্ষা বিভাগ যুদ্ধের কারণে দেশটির সামরিক সক্ষমতা গুরুতরভাবে কমে গেছে এমন দাবির সঙ্গে একমত নয়। পেন্টাগনের মুখপাত্র শন পারনেল বলেছেন, প্রেসিডেন্টের নির্দেশ অনুযায়ী প্রয়োজনীয় সময় ও স্থানে হামলা চালানোর জন্য প্রয়োজনীয় সক্ষমতা যুক্তরাষ্ট্রের রয়েছে।
ইরানের সঙ্গে চলমান সংঘাতের ব্যয় নিয়ে কংগ্রেসে রাজনৈতিক বিতর্কও তীব্র হচ্ছে। জুলাইয়ে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ কংগ্রেসে জানিয়েছিলেন, তখন পর্যন্ত যুদ্ধের ব্যয় প্রায় ৩৭ দশমিক ৫ বিলিয়ন ডলার। নতুন সিবিওর হিসাব সেই সংখ্যার কাছাকাছি।
সিবিওর প্রতিবেদনটি এমন সময়ে প্রকাশিত হলো, যখন যুদ্ধের অর্থনৈতিক প্রভাব, জ্বালানির দাম এবং যুক্তরাষ্ট্রের সামরিক মজুত নিয়ে ওয়াশিংটনে আলোচনা জোরদার হয়েছে। নতুন হিসাব অনুযায়ী, সংঘাত অব্যাহত থাকলে সামরিক ব্যয় যেমন বাড়বে, তেমনি ব্যবহৃত উচ্চমূল্যের ক্ষেপণাস্ত্র ও প্রতিরোধী অস্ত্রের মজুত পুনর্গঠনও দীর্ঘমেয়াদি একটি চ্যালেঞ্জ হয়ে থাকতে পারে।
সূত্র: কংগ্রেশনাল বাজেট অফিস (CBO), রয়টার্স।