Logo
Logo
×

বিজ্ঞাপন

আন্তর্জাতিক

ফিনল্যান্ডে আন্তর্জাতিক শিক্ষার্থীদের নিয়মে বড় পরিবর্তন

পরিবার নিতেও কড়াকড়ি

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৫ এএম

ফিনল্যান্ডে আন্তর্জাতিক শিক্ষার্থীদের নিয়মে বড় পরিবর্তন

বিজ্ঞাপন

আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য অভিবাসন নীতিতে আরও কড়াকড়ি আনার উদ্যোগ নিয়েছে ফিনল্যান্ডের ক্ষমতাসীন ডানপন্থি জোট সরকার। প্রস্তাবিত পরিবর্তনের আওতায় শিক্ষার্থীদের জীবনসঙ্গী ও সন্তানদের রেসিডেন্স পারমিটের ক্ষেত্রে অপেক্ষার শর্ত এবং শিক্ষার্থীদের পারমিটে ভাষাগত দক্ষতার শর্ত যুক্ত করার কথা বলা হয়েছে।

সরকারের প্রস্তাব অনুযায়ী, ফিনল্যান্ডে পড়তে যাওয়া কোনো শিক্ষার্থী দেশটিতে প্রবেশের অন্তত এক বছর পর তাঁর পরিবারের সদস্যদের রেসিডেন্স পারমিটের জন্য আবেদন করতে পারবেন। নতুন নিয়মটি ২০২৭ সালের এপ্রিল থেকে কার্যকর করার প্রস্তাব করা হয়েছে।

উচ্চশিক্ষার জন্য প্রতিবছর বিভিন্ন দেশ থেকে প্রায় ১৩ থেকে ১৫ হাজার শিক্ষার্থী ফিনল্যান্ডে যান। তাঁদের মধ্যে প্রায় ৬২ শতাংশ বাংলাদেশ ও এশিয়ার বিভিন্ন দেশের শিক্ষার্থী বলে সংশ্লিষ্ট তথ্য থেকে জানা গেছে।

ভাষাগত দক্ষতার শর্ত যুক্ত করার প্রস্তাব

আন্তর্জাতিক শিক্ষার্থীদের রেসিডেন্স পারমিটের ক্ষেত্রেও নতুন শর্ত যুক্ত করার প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে ভাষাগত দক্ষতার বিষয়টি অন্যতম।

ফিনল্যান্ড সরকারের বক্তব্য, কিছু শিক্ষার্থী ইউরোপের চাকরির বাজারে প্রবেশের পথ হিসেবে শিক্ষার্থী রেসিডেন্স পারমিট ব্যবহার করছেন বলে অভিযোগ রয়েছে। একই সঙ্গে বিদেশি শিক্ষার্থী নিয়োগে কাজ করা কিছু সংস্থার বিভ্রান্তিকর প্রচারণা ও অতিরিক্ত ফি নেওয়ার কারণে শিক্ষার্থীদের একটি অংশ ঋণ ও আর্থিক সংকটে পড়ছেন বলেও সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

ভাষাগত দক্ষতাসহ সংশোধিত অন্যান্য নিয়ম ২০২৭ সালের অক্টোবর থেকে কার্যকর করার প্রস্তাব রয়েছে।

বাড়তে পারে আর্থিক সক্ষমতার শর্ত

ফিনল্যান্ডে অবস্থানের জন্য আন্তর্জাতিক শিক্ষার্থীদের প্রয়োজনীয় আর্থিক সক্ষমতার নিয়মেও পরিবর্তনের প্রস্তাব এসেছে। ব্যাংক হিসাবে শিক্ষার্থীর প্রয়োজনীয় অর্থের পরিমাণ আইন ও সরকারি ডিক্রির মাধ্যমে নির্ধারণ করা হবে।

মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রাখতে এই অর্থের সীমা প্রতি তিন বছর পরপর পর্যালোচনা করার প্রস্তাব করা হয়েছে।

স্থায়ী বসবাস ও নাগরিকত্বেও পরিবর্তন

ফিনল্যান্ডের শিক্ষা ও পেশাগত উন্নয়ন বিশেষজ্ঞ ড. মজিবুর দফতরির ভাষ্য অনুযায়ী, শিক্ষার্থীসহ অন্যান্য অভিবাসীর পারিবারিক পুনর্মিলন এবং রেসিডেন্স পারমিট নবায়নের ক্ষেত্রে আয়সংক্রান্ত শর্তও কঠোর করা হয়েছে।

তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, স্থায়ী বসবাসের জন্য ফিনল্যান্ডে থাকার প্রয়োজনীয় সময়সীমা চার বছর থেকে বাড়িয়ে ছয় বছর করার বিধান আনা হয়েছে। এর পাশাপাশি ফিনিশ ভাষাগত দক্ষতার শর্ত যুক্ত করা হয়েছে।

নাগরিকত্বের ক্ষেত্রেও বসবাসের শর্ত পাঁচ বছর থেকে বাড়িয়ে আট বছর করার কথা বলা হয়েছে।

আন্তর্জাতিক শিক্ষার্থীদের ওপর সম্ভাব্য প্রভাব

ফিনল্যান্ডে উচ্চশিক্ষার জন্য যাওয়া শিক্ষার্থীদের ক্ষেত্রে নতুন প্রস্তাবগুলো বিশেষভাবে গুরুত্বপূর্ণ। কারণ এতে একদিকে পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে যাওয়ার সময়সীমায় পরিবর্তন আসতে পারে, অন্যদিকে পড়াশোনার পাশাপাশি ভাষাগত দক্ষতা ও আর্থিক সক্ষমতার শর্ত পূরণের বিষয়টি আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।

তবে প্রস্তাবিত পরিবর্তনগুলো সংসদে পাঠানো হয়েছে। আইন প্রণয়ন ও চূড়ান্ত অনুমোদনের পরই সংশ্লিষ্ট বিধানগুলোর চূড়ান্ত রূপ এবং কার্যকর হওয়ার বিষয়টি নিশ্চিত হবে।

প্রস্তাব অনুযায়ী, শিক্ষার্থীদের পরিবারের রেসিডেন্স পারমিটসংক্রান্ত নতুন নিয়ম ২০২৭ সালের এপ্রিল থেকে এবং ভাষাগত দক্ষতাসহ অন্যান্য সংশোধিত বিধান একই বছরের অক্টোবর থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার