Logo
Logo
×

বিজ্ঞাপন

আন্তর্জাতিক

বই পড়লেই মিলবে টাকা, নাগরিকদের পাঠাভ্যাস বাড়াতে সিঙ্গাপুরের অভিনব উদ্যোগ

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:২২ এএম

বই পড়লেই মিলবে টাকা, নাগরিকদের পাঠাভ্যাস বাড়াতে সিঙ্গাপুরের অভিনব উদ্যোগ

বিজ্ঞাপন

ডিজিটাল দুনিয়ার ‘ব্রেইন রট’ বা মনোযোগ কমে যাওয়ার সমস্যা দূর করে নাগরিকদের মধ্যে বই পড়ার সংস্কৃতি আরও সুদৃঢ় করতে এক অভিনব উদ্যোগ নিয়েছে সিঙ্গাপুর। ‘রিডএসজি’ (ReadSG) নামক পাঁচ বছর মেয়াদি এই নতুন জাতীয় কর্মসূচির আওতায়, দিনে অন্তত ১৫ মিনিট বই পড়লেই দেশের নাগরিকদের পুরস্কৃত করা হচ্ছে।

ন্যাশনাল লাইব্রেরি বোর্ড (NLB)-এর চালু করা এই ক্যাম্পেইনের অধীনে আগ্রহীরা নির্দিষ্ট ওয়েবসাইট বা মোবাইল অ্যাপের মাধ্যমে নিজেদের পড়ার সময় ট্র্যাক করে ভার্চুয়াল রিওয়ার্ড বা কয়েন জিততে পারবেন। জানা গেছে, প্রতিদিন অন্তত ১৫ মিনিট বই পড়ার বিনিময়ে ২০টি ভার্চুয়াল কয়েন পাওয়া যাবে এবং ১০০০ কয়েন জমলে তা নগদ এক ডলারে রূপান্তর করা সম্ভব হবে।

ক্যাম্পেইনের ওয়েবসাইটে বলা হয়েছে, প্রতিদিন তিনটি এমআরটি (MRT) স্টেশন পার হওয়ার সময়টুকু, বাসের জন্য অপেক্ষার প্রহর কিংবা সকালের কফি পানের ফাঁকে ব্যয় করা মাত্র ১৫ মিনিট সময়ই একটি শক্তিশালী পাঠাভ্যাস গড়ে তোলার জন্য যথেষ্ট।

ন্যাশনাল লাইব্রেরি বোর্ডের প্রধান মেলিসা ট্যাম এই উদ্যোগ প্রসঙ্গে জানান, শর্ট-ফর্ম কনটেন্ট মানুষকে দ্রুত তথ্য দিলেও দীর্ঘক্ষণ ধরে বই পড়ার অভ্যাস মনোযোগ, কল্পনাশক্তি এবং সমালোচনামূলক চিন্তাভাবনাকে শাণিত করে। দিন দিন জটিল হয়ে ওঠা বর্তমান বিশ্বের সঙ্গে মানিয়ে নিতে নাগরিকদের আরও বেশি কৌতূহলী, চিন্তাশীল ও দূরদর্শী হিসেবে গড়ে তোলাই এই কর্মসূচির মূল লক্ষ্য।

তাছাড়া নতুন পাঠকদের আকৃষ্ট করতে এই কার্যক্রমে বিভিন্ন মজার ‘ফ্লেভার অব রিডিং’ বা রিডিং প্রোফাইল যুক্ত করা হয়েছে— যেমন ‘কুইহ লাপিস’, ‘কুলফি’, ‘আং কু কুইহ’ এবং ‘তাং ইউয়ান’, যা অংশগ্রহণকারীদের ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্যকে তুলে ধরে। ন্যাশনাল ইনস্টিটিউট অব এডুকেশনের গবেষক লোহ চিন ই-এর মতে, পড়ার অভ্যাসটিকে ‘গ্যামিফাই’ বা আনন্দদায়ক করে তোলার কৌশলটিই সিঙ্গাপুরের এই উদ্যোগের সবচেয়ে বড় শক্তি।

তিনি জানান, অনেকেই হয়তো স্ক্রিনে দ্রুত কিছু পড়ে নেন, কিন্তু গভীরভাবে পড়ার প্রতি যে নিবেদন, তা বর্তমানে অনেকটাই কমে গেছে; আর সেই গভীর মনোযোগ ফিরিয়ে আনতে ১৫ মিনিটের এই লক্ষ্যমাত্রা একটি অত্যন্ত কার্যকর ও বাস্তবসম্মত উপায়।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার