বিজ্ঞাপন
প্রথম দেখা করতে ফ্লোরিডা থেকে ক্যালিফোর্নিয়া, পরদিনই গাড়ি দুর্ঘটনায় দুজনের মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৯ পিএম
বিজ্ঞাপন
ক্যালিফোর্নিয়ার আরভাইনে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় নিহত গাড়িপ্রেমী জেমস ওয়েহর ও ফ্লোরিডার তরুণী অ্যালেক্সিস ‘লেক্সি’ ক্র্যামার দুর্ঘটনার আগে দিনটি একসঙ্গেই কাটিয়েছিলেন। পরিবার সূত্রের বরাত দিয়ে নিউইয়র্ক পোস্ট জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় এক মাস কথা বলার পর প্রথমবারের মতো দেখা করতে ফ্লোরিডা থেকে ক্যালিফোর্নিয়ায় গিয়েছিলেন ২২ বছর বয়সী ক্র্যামার।
২৭ বছর বয়সী ওয়েহর ছিলেন দক্ষিণ অরেঞ্জ কাউন্টির জনপ্রিয় গাড়ি প্রদর্শনী ‘সাউথ ওসি কারস অ্যান্ড কফি’র সহপ্রতিষ্ঠাতা। ১৩ সেপ্টেম্বর রাত ১২টা ১৮ মিনিটের দিকে আরভাইনের কালভার ড্রাইভ ও ডিয়ারফিল্ড অ্যাভিনিউয়ের কাছে ২০১৯ সালের একটি ম্যাকলারেন নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা দিলে গাড়িটিতে আগুন ধরে যায়। গাড়িটি দুই ভাগে বিভক্ত হয়ে যায় এবং ভেতরে থাকা দুজনই মারা যান।
পুলিশের প্রাথমিক তদন্ত অনুযায়ী, ম্যাকলারেনটি একটি লাল বাতিতে থেমে ছিল। সংকেত সবুজ হওয়ার পর গাড়িটি উত্তর দিকে দ্রুতগতিতে চলতে শুরু করে। একপর্যায়ে চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি রাস্তার পাশের কার্বে ধাক্কা খেয়ে একটি গাছে গিয়ে আঘাত করে। পরে গাড়িটি দুই ভাগে ভেঙে আগুন ধরে যায়। দুর্ঘটনার সময় গাড়িটি ঠিক কত গতিতে চলছিল এবং কে গাড়ি চালাচ্ছিল, তা পুলিশ এখনো জানায়নি। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে আরভাইন পুলিশের মেজর অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন টিম।
দুর্ঘটনার পর ওয়েহরের পরিবার ও তার প্রতিষ্ঠানের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে মৃত্যুর খবর নিশ্চিত করা হয়। ওয়েহর সাউথ ওসি কারস অ্যান্ড কফির সহপ্রতিষ্ঠাতা হিসেবে অরেঞ্জ কাউন্টির গাড়িপ্রেমীদের মধ্যে পরিচিত ছিলেন। সান ক্লেমেন্টেতে আয়োজিত এই সাপ্তাহিক গাড়ি প্রদর্শনীতে প্রায়ই হাজারো গাড়িপ্রেমী ও বিভিন্ন ধরনের উচ্চক্ষমতার গাড়ি অংশ নিত।
এদিকে ক্র্যামারের পরিবারের এক সদস্য নিউইয়র্ক পোস্টকে জানিয়েছেন, ওয়েহর তার সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত কথা বলতেন এবং প্রথমবার দেখা করার জন্য তাকে ফ্লোরিডার লেকল্যান্ড থেকে ক্যালিফোর্নিয়ায় উড়িয়ে আনেন। শুক্রবার ক্যালিফোর্নিয়ায় পৌঁছানোর পর শনিবার দুজন পুরো দিন একসঙ্গে কাটান বলে পরিবারের সদস্যটি জানিয়েছেন।
পরিবারের ভাষ্য অনুযায়ী, ওয়েহর ক্র্যামারকে বলেছিলেন যে তিনি তার স্ত্রী থেকে আলাদা হয়ে আছেন এবং তাদের বিবাহবিচ্ছেদের প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে। তবে অরেঞ্জ কাউন্টির আদালতে তখনও বিবাহবিচ্ছেদের আবেদন জমা পড়েনি। পরিবারের একজন সদস্য ক্র্যামারকে বিষয়টি নিয়ে সতর্কও করেছিলেন বলে নিউইয়র্ক পোস্ট জানিয়েছে।
শনিবার সকালে ওয়েহর ও ক্র্যামার একসঙ্গে নাশতা করেন। পরে তারা নোবু রেস্তোরাঁয় রাতের খাবার খান এবং এরপর পেনড্রি হোটেলে যান। দুর্ঘটনার কয়েক ঘণ্টা আগে ক্র্যামার পরিবারের এক সদস্যকে নাশতার সময়ের একটি ছবি পাঠিয়ে লিখেছিলেন, ‘At cute breakfast place’ বা সুন্দর একটি নাশতার জায়গায় আছি।
পরিবারের সদস্যের ভাষ্য অনুযায়ী, ছবিতে একজন পুরুষের পাশের অবয়ব দেখা যাচ্ছিল এবং তার হাতে থাকা ট্যাটুর সঙ্গে ওয়েহরের ট্যাটোর মিল ছিল। ক্র্যামার এর আগে কখনো ওয়েহরের সঙ্গে সরাসরি দেখা করেননি। ইনস্টাগ্রামের বার্তার মাধ্যমে তাদের পরিচয় এবং প্রায় এক মাস ধরে যোগাযোগের পর এই প্রথম সাক্ষাৎ হয়।
ওয়েহরের ব্যক্তিগত জীবন নিয়েও পরিবারের পক্ষ থেকে কিছু তথ্য সামনে এসেছে। পরিবারের একজন সদস্য দাবি করেছেন, ক্র্যামার জানতেন ওয়েহর বিবাহিত, তবে ওয়েহরের দেওয়া আশ্বাসের ওপর বিশ্বাস করেছিলেন যে তার বিবাহিত সম্পর্ক কার্যত শেষ হয়ে গেছে। পরিবারের পক্ষ থেকে তাকে সতর্ক করা হলেও তিনি ওয়েহরের বক্তব্যকে বিশ্বাস করতে চেয়েছিলেন বলে ওই সদস্য জানিয়েছেন।
দুর্ঘটনার তদন্ত এখনো চলছে। আরভাইন পুলিশ জানিয়েছে, ঘটনাটি একক গাড়ির দুর্ঘটনা এবং এ বিষয়ে যেকোনো তথ্য থাকলে তদন্তকারী কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। দুর্ঘটনার সময় গাড়িতে থাকা দুজনের পরিচয় প্রাথমিকভাবে পুলিশ প্রকাশ করেনি। পরে ওয়েহরের পরিবার ও তার গাড়ি সংগঠনের পক্ষ থেকে তার পরিচয় নিশ্চিত করা হয়। ক্র্যামারের পরিচয় তার পরিবারের পক্ষ থেকে প্রকাশ্যে আসার পর বিভিন্ন সংবাদমাধ্যমও তা জানিয়েছে।
ওয়েহরের মৃত্যুতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার গাড়িপ্রেমী মহলে শোক নেমে এসেছে। গাড়ি প্রদর্শনী আয়োজনের পাশাপাশি তিনি গাড়ি সংস্কৃতি ও উচ্চক্ষমতার গাড়িকে ঘিরে একটি বড় সম্প্রদায় গড়ে তুলেছিলেন। তার মৃত্যুর পর সহকর্মী ও পরিচিতদের অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেছেন।
সূত্র: নিউইয়র্ক পোস্ট