বিজ্ঞাপন
কম দামে বিমানের টিকিট পেতে কখন কাটবেন? যে কৌশলে সাশ্রয় হতে পারে অনেক টাকা
যুক্তরাষ্ট্র প্রতিনিধি
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৭ এএম
বিজ্ঞাপন
বাংলাদেশে ভ্রমণের জন্য বিমানের টিকিট কম দামে পেতে হলে শুধু কখন টিকিট কাটছেন, সেটিই নয়, বরং কোন সময়ে ভ্রমণ করছেন এবং কতটা আগে বুকিং করছেন, সেটিও গুরুত্বপূর্ণ। যাত্রার সময় কিছুটা নমনীয় রাখা, আগেভাগে ভাড়া পর্যবেক্ষণ করা এবং সপ্তাহের মাঝামাঝি দিনের ফ্লাইট বেছে নেওয়ার মতো কৌশলে অনেক সময় টিকিটের খরচ কমানো সম্ভব।
নিউ ইয়র্ক ও আটলান্টা ভিত্তিক বাংলা ট্রাভেলের এজেন্ট আব্দুল্লাহ আল মামুন বলেন, বাংলাদেশে যাতায়াতের ক্ষেত্রে তুলনামূলক কম দামে টিকিট পাওয়ার একটি ভালো সময় হলো অফ সিজন। তার মতে, সাধারণত জানুয়ারি থেকে মার্চ এবং সেপ্টেম্বর থেকে অক্টোবরের সময় ভ্রমণের চাহিদা তুলনামূলক কম থাকায় এই সময়ে ভালো ভাড়া পাওয়ার সুযোগ থাকে।
তার পরামর্শ, একেবারে শেষ মুহূর্তে টিকিট কাটার পরিবর্তে আগে থেকেই পরিকল্পনা করা ভালো। সাধারণভাবে অন্তত এক মাস আগে বুকিং করার পরামর্শ দিলেও তিনি দুই থেকে তিন মাস আগে টিকিটের দাম পর্যবেক্ষণ করে বুকিং করার কথা বলেন। কারণ বিমান ভাড়া প্রতিদিন পরিবর্তিত হতে পারে এবং একই রুটের টিকিটের দামও সময়ভেদে ওঠানামা করে।
আরেকটি গুরুত্বপূর্ণ কৌশল হলো যাত্রার দিন নিয়ে কিছুটা নমনীয় থাকা। আব্দুল্লাহ আল মামুনের মতে, মঙ্গলবার ও বুধবারের মতো সপ্তাহের মাঝামাঝি দিনে ফ্লাইট নিলে অনেক সময় তুলনামূলক কম ভাড়া পাওয়া যায়। গুগল ফ্লাইটস এর সাম্প্রতিক বিশ্লেষণেও দেখা গেছে, সোমবার, মঙ্গলবার ও বুধবারে উড়লে সপ্তাহান্তের তুলনায় গড়ে প্রায় ১৩ শতাংশ কম ভাড়া পাওয়া গেছে। তবে এটি কোনো নির্দিষ্ট রুটে প্রতিবার একইভাবে প্রযোজ্য নয়।
তবে একটি বিষয় মনে রাখা জরুরি, মঙ্গলবার বা বুধবারে টিকিট কাটলেই যে কম দাম পাওয়া যাবে, এমন নির্দিষ্ট নিয়ম নেই। গুগল এর তথ্য অনুযায়ী, সপ্তাহের কোন দিনে টিকিট কেনা হচ্ছে, তার প্রভাব তুলনামূলকভাবে খুবই কম। তাই শুধু মঙ্গলবার আসার অপেক্ষায় না থেকে ভাড়া ভালো থাকলে আগেই বুকিং করা বেশি যুক্তিযুক্ত।
অনলাইনেও রয়েছে বেশ কিছু কার্যকর কৌশল। গুগল ফ্লাইটস এর প্রাইস ট্র্যাকিং চালু করলে নির্দিষ্ট রুট বা ফ্লাইটের দাম উল্লেখযোগ্যভাবে কমলে ই-মেইল বা নোটিফিকেশন পাওয়া যায়। যাদের যাত্রার তারিখে নমনীয়তা আছে, তারা নির্দিষ্ট তারিখের পরিবর্তে এনি ডেটস অপশন ব্যবহার করে কম ভাড়ার সুযোগ খুঁজতে পারেন।
আরেকটি সুবিধা হলো ফ্লেক্সিবল ডেটস বা ক্যালেন্ডার ব্যবহার করা। একই গন্তব্যে একদিন আগে বা পরে যাত্রা করলেই কখনো কখনো ভাড়ায় বড় পার্থক্য দেখা যায়। গুগল ফ্লাইটস এর ক্যালেন্ডার ও প্রাইস গ্রাফ ব্যবহার করে বিভিন্ন দিনের ভাড়া একসঙ্গে তুলনা করা যায়। পাশাপাশি কাছাকাছি একাধিক বিমানবন্দর থেকে ফ্লাইটের দামও যাচাই করা যেতে পারে।
বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের মতো আন্তর্জাতিক রুটের ক্ষেত্রে আরও একটি বিষয় গুরুত্বপূর্ণ। গুগল এর ২০২৫ সালের বিশ্লেষণ অনুযায়ী, আন্তর্জাতিক ফ্লাইটে সাধারণত আগেভাগে বুকিং করার প্রবণতাই ভালো ফল দেয়। তবে নির্দিষ্ট রুট ও যাত্রার তারিখ অনুযায়ী সবচেয়ে ভালো সময় ভিন্ন হতে পারে। তাই একটি নির্দিষ্ট নিয়ম অনুসরণ না করে নিজের রুটের ভাড়া কিছুদিন পর্যবেক্ষণ করা বেশি কার্যকর।
কম দামের টিকিট খুঁজতে গিয়ে শুধু মূল ভাড়া দেখলেও চলবে না। লাগেজ ফি, সিট নির্বাচনের খরচ, দীর্ঘ লে-ওভার, বিমানবন্দর পরিবর্তন কিংবা আলাদা টিকিটে যাত্রার মতো অতিরিক্ত বিষয় থাকলে শেষ পর্যন্ত মোট খরচ বেড়ে যেতে পারে। তাই বুকিংয়ের আগে সব অতিরিক্ত খরচ যোগ করে মোট ভাড়া তুলনা করা জরুরি।
সব মিলিয়ে কম দামে বিমানের টিকিট পেতে সবচেয়ে কার্যকর কৌশল হতে পারে অফ সিজনে ভ্রমণের পরিকল্পনা, দুই থেকে তিন মাস আগে থেকেই ভাড়া পর্যবেক্ষণ, সপ্তাহের মাঝামাঝি দিনের ফ্লাইট বিবেচনা, ফ্লেক্সিবল ডেটস ব্যবহার এবং প্রাইস ট্র্যাকিং চালু রাখা। তবে কোনো কৌশলই প্রতিটি রুটে কম দাম নিশ্চিত করে না। ভ্রমণের মৌসুম, চাহিদা, আসনসংখ্যা এবং এয়ারলাইন্সের মূল্য নির্ধারণের ওপর নির্ভর করে টিকিটের দাম পরিবর্তিত হয়।