বিজ্ঞাপন
যুক্তরাজ্য থেকে বিচ্ছেদের দাবিতে একজোট স্কটল্যান্ড, ওয়েলস ও নর্দার্ন আয়ারল্যান্ড, আসছে নতুন ঘোষণা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৪ এএম
বিজ্ঞাপন
যুক্তরাজ্য থেকে নিজেদের ভবিষ্যৎ নির্ধারণের অধিকার প্রতিষ্ঠা এবং সাংবিধানিক পরিবর্তনের দাবিতে একজোট হয়েছে স্কটল্যান্ড, ওয়েলস ও নর্দার্ন আয়ারল্যান্ডের স্বাধীনতাপন্থী রাজনৈতিক নেতৃত্ব। সোমবার ওয়েলসের রাজধানী কার্ডিফে এক বৈঠকে তিন অঞ্চলের নেতারা যৌথ ঘোষণায় স্বাক্ষর করে নিজেদের আত্মনিয়ন্ত্রণের অধিকার দাবি করেছেন। একই সঙ্গে যুক্তরাজ্য সরকারকে সম্ভাব্য সাংবিধানিক পরিবর্তনের জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।
বৈঠকে স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার জন সুইনি, ওয়েলসের ফার্স্ট মিনিস্টার রুন আপ আইওয়ার্থ এবং নর্দার্ন আয়ারল্যান্ডের ফার্স্ট মিনিস্টার মিশেল ও’নিল অংশ নেন। তাদের সঙ্গে আয়ারল্যান্ডের বিরোধী দল সিন ফেইনের সভাপতি মেরি লু ম্যাকডোনাল্ডও উপস্থিত ছিলেন। তবে নেতারা বৈঠকে মূলত নিজ নিজ রাজনৈতিক দলের নেতা হিসেবে অংশ নেন, সংশ্লিষ্ট সরকারের প্রতিনিধি হিসেবে নয়।
যৌথ ঘোষণায় বলা হয়েছে, প্রতিটি অঞ্চলের মানুষের নিজেদের ভবিষ্যৎ গণতান্ত্রিকভাবে নির্ধারণের অধিকার রয়েছে। ঘোষণায় যুক্তরাজ্য সরকারকে স্কটল্যান্ড, ওয়েলস ও নর্দার্ন আয়ারল্যান্ডে সাংবিধানিক পরিবর্তনের সম্ভাবনা নিয়ে প্রস্তুতি, পরিকল্পনা ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে। নেতারা আরও বলেছেন, ভবিষ্যতে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক তাদের অভিন্ন লক্ষ্যগুলোর একটি।
স্কটল্যান্ডের স্বাধীনতার প্রশ্নে জন সুইনি দীর্ঘদিন ধরে আরেকটি গণভোটের দাবি জানিয়ে আসছেন। ২০১৪ সালের গণভোটে স্কটল্যান্ডের ৫৫ শতাংশ ভোটার যুক্তরাজ্যের সঙ্গে থাকার পক্ষে ভোট দিয়েছিলেন। তবে স্কটিশ ন্যাশনাল পার্টি আবারও স্বাধীনতার প্রশ্নে ভোট আয়োজনের পক্ষে অবস্থান নিয়েছে। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম অবশ্য এখনই নতুন গণভোটের পক্ষে নন। সম্প্রতি তিনি জানিয়েছেন, স্পষ্ট জনসমর্থন তৈরি না হওয়া পর্যন্ত এ ধরনের ভোট আয়োজনের প্রশ্ন নেই।
নর্দার্ন আয়ারল্যান্ডের ভবিষ্যৎ নিয়েও বৈঠকে গুরুত্ব দেওয়া হয়েছে। ১৯৯৮ সালের গুড ফ্রাইডে চুক্তি অনুযায়ী, নর্দার্ন আয়ারল্যান্ডের সংখ্যাগরিষ্ঠ মানুষ যুক্তরাজ্য ছেড়ে আয়ারল্যান্ড প্রজাতন্ত্রের সঙ্গে যুক্ত হওয়ার পক্ষে অবস্থান নিলে ভবিষ্যতে সীমান্ত গণভোটের সুযোগ রয়েছে। সিন ফেইন মনে করে, এমন সম্ভাবনার জন্য এখন থেকেই রাজনৈতিক ও প্রশাসনিক প্রস্তুতি প্রয়োজন।
ওয়েলসের স্বাধীনতার প্রশ্নেও প্লেইড কামরু সাংবিধানিক পরিবর্তনের পক্ষে অবস্থান নিয়েছে। তবে ওয়েলসের ফার্স্ট মিনিস্টার রুন আপ আইওয়ার্থ স্বাধীনতার গণভোটের জন্য কোনো নির্দিষ্ট সময়সীমা ঘোষণা করেননি। তিন অঞ্চলের নেতারা স্বাধীনতার প্রশ্নের পাশাপাশি অর্থনীতি, জ্বালানি, ইউরোপের সঙ্গে সম্পর্ক এবং পারস্পরিক সহযোগিতা বাড়ানোর ওপরও গুরুত্ব দিয়েছেন।
কার্ডিফের বৈঠকের আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও নর্দার্ন আয়ারল্যান্ড ও আয়ারল্যান্ডের ভবিষ্যৎ নিয়ে মন্তব্য করেন। তিনি বলেছেন, তিনি একটি ঐক্যবদ্ধ আয়ারল্যান্ড দেখতে আগ্রহী। তবে যুক্তরাজ্য সরকার জানিয়েছে, নর্দার্ন আয়ারল্যান্ডের সাংবিধানিক ভবিষ্যৎ নিয়ে তাদের অবস্থানে কোনো পরিবর্তন হয়নি।
কার্ডিফের এই বৈঠক যুক্তরাজ্যের সাংবিধানিক ভবিষ্যৎ নিয়ে চলমান বিতর্ককে আরও সামনে নিয়ে এসেছে। স্কটল্যান্ড, ওয়েলস ও নর্দার্ন আয়ারল্যান্ডের স্বাধীনতাপন্থী নেতৃত্ব প্রথমবারের মতো একই প্ল্যাটফর্মে নিজেদের ভবিষ্যৎ নির্ধারণের অধিকার নিয়ে যৌথ অবস্থান নেওয়ায় ওয়েস্টমিনস্টার সরকারের ওপর রাজনৈতিক চাপও বাড়তে পারে।