বিজ্ঞাপন
যুক্তরাজ্য ভাঙতে বৈঠকে স্কটল্যান্ড, ওয়েলস ও আয়ারল্যান্ডের নেতারা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৪ এএম
বিজ্ঞাপন
দ্য টেলিগ্রাফের প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাজ্য ভাঙনের নতুন প্রক্রিয়া ত্বরান্বিত করতে এবং স্বাধীনতার প্রশ্নে গণভোটের অধিকার দাবি করে একটি যৌথ ঘোষণাপত্রে স্বাক্ষর করতে সোমবার এক নজিরবিহীন সম্মেলনে বসছেন স্কটল্যান্ড, ওয়েল্স ও উত্তর আয়ারল্যান্ডের ফার্স্ট মিনিস্টাররা।
কার্ডিফের একটি ফাইভ-স্টার হোটেলে আয়োজিত এই বৈঠকে উপস্থিত থাকবেন স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার ও এসএনপি নেতা জন সুইনি, ওয়েল্সের ফার্স্ট মিনিস্টার ও প্লেড কামরির নেতা রুন আপ ইওরথ, এবং উত্তর আয়ারল্যান্ডের ফার্স্ট মিনিস্টার ও শিন ফেন নেতা মিশেল ও’নিল। তাদের সাথে আয়ারল্যান্ডের বিরোধীদলীয় প্রধান মেরি লৌ ম্যাকডোনাল্ডও যোগ দেবেন।
এই বৈঠকটি এমন এক সময়ে অনুষ্ঠিত হচ্ছে যখন সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প এক মন্তব্য করে বসেন যে, তিনি একটি "একত্রিত আয়ারল্যান্ড" দেখতে পছন্দ করবেন। অন্যদিকে ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম সম্প্রতি সংসদে ইঙ্গিত দেন যে জনমতের স্পষ্ট সমর্থন থাকলে স্কটল্যান্ডে নতুন করে স্বাধীনতার গণভোটের অনুমোদন দেওয়া যেতে পারে।
বর্তমানে এই তিন স্বায়ত্তশাসিত অঞ্চলেই স্বাধীনতালাপী দলগুলো ক্ষমতায় রয়েছে—যা যুক্তরাজ্যের ইতিহাসে প্রথম। মে মাসের নির্বাচনে ওয়েল্সে লেবার পার্টিকে হারিয়ে প্লেড কামরি একক বৃহত্তম দল হিসেবে উঠে আসে। স্কটল্যান্ডেও এসএনপি তাদের অবস্থান মজবুত রেখেছে এবং উত্তর আয়ারল্যান্ডে শিন ফেন আগে থেকেই সুবিধাজনক অবস্থানে রয়েছে।
সম্মেলনে তিন নেতা যৌথ চুক্তি সাক্ষর করে নিজেদের দেশের ভবিষ্যৎ নিজেরাই নির্ধারণের অধিকার দাবি করবেন এবং লন্ডনের ওয়েস্টমিনস্টার সরকারের ওপর চাপ আরও বৃদ্ধি করবেন।তিন দলই একমত যে তারা ভবিষ্যতে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) অংশ হতে চায়—স্কটল্যান্ড ও ওয়েল্স স্বাধীন রাষ্ট্র হিসেবে এবং উত্তর আয়ারল্যান্ড আয়ারল্যান্ডের অংশ হয়ে।
চুক্তিটিতে চার দুটি প্রধান খাত—অর্থনীতি, জ্বালানি, ইউরোপ এবং আন্তর্জাতিক সহযোগিতার ওপর জোর দেওয়া হবে। ওয়েল্সের স্বাধীনতাবাদী দলটি কেন্দ্রীয় সরকারের কাছ থেকে ট্যাক্স, পুলিশিং, রেলপথ ও সামুদ্রিক উইন্ড ফার্মের রাজস্বের ওপর নিজস্ব অধিকার দাবি করছে।
স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার জন সুইনি বলেন, "ইতিহাসে প্রথমবারের মতো তিনটি দেশেই স্বাধীনতার পক্ষের নেতারা ক্ষমতায়। এটা স্পষ্ট ইঙ্গিত দেয় যে বর্তমান ব্যবস্থা আর টিকবে না। অ্যান্ডি বার্নহ্যামকে এখন মানতে হবে যে তিনি যুক্তরাজ্যের 'শেষ প্রধানমন্ত্রী' হিসেবে ইতিহাসে নাম লেখাতে যাচ্ছেন।"
তবে এই দাবির জবাবে প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম এক চিঠিতে স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, আগামী সাধারণ নির্বাচনের আগে স্কটল্যান্ডে দ্বিতীয় কোনো স্বাধীনতার গণভোট আয়োজনের সুযোগ নেই। কারণ হিসেবে তিনি জানান, লেবার পার্টি কখনোই যুক্তরাজ্য ভাঙার সমর্থক নয় এবং এই মুহূর্তে যুক্তরাজ্যের মূল অগ্রাধিকার হওয়া উচিত অর্থনীতি ও মূল্যস্ফীতি সামাল দেওয়া।