বিজ্ঞাপন
ইরানের বিরুদ্ধে যুদ্ধেই ফুরিয়ে আসছে মার্কিন অস্ত্র, চীনের সঙ্গে লড়াইয়ে কতটা প্রস্তুত যুক্তরাষ্ট্র?
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৪ এএম
বিজ্ঞাপন
যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান যুদ্ধ সপ্তম মাসে পা দিতেই মার্কিন সামরিক বাহিনীর এক অস্বস্তিকর সত্য প্রকাশ্যে এসেছে। ইউক্রেন যুদ্ধের পর এবার ইরানের বিরুদ্ধে বিপুল পরিমাণ অস্ত্র ব্যবহারের ফলে যুক্তরাষ্ট্রের উচ্চ প্রযুক্তির অস্ত্রের মজুত মারাত্মকভাবে কমে গেছে।
পেন্টাগন আনুষ্ঠানিকভাবে এই ঘাটতির কথা অস্বীকার করলেও, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ অস্ত্র উৎপাদন শিল্পকে জরুরি ভিত্তিতে 'যুদ্ধকালীন প্রস্তুতিতে' কাজ করার আহ্বান জানিয়েছেন। জয়েন্ট চিফস অফ স্টাফের চেয়ারম্যান ড্যান কেইনের তথ্যমতে, গত ৮ এপ্রিল পর্যন্ত মার্কিন যৌথ বাহিনী ১৩ হাজারেরও বেশি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে, যা মজুত তলানিতে নামার অন্যতম প্রধান কারণ।
অস্ত্রগুলোর আকাশছোঁয়া নির্মাণ ব্যয় ও দীর্ঘ প্রক্রিয়া এই সংকটকে আরও জটিল করে তুলেছে। লকহিড মার্টিনের তৈরি প্রতিটি 'প্যাট্রিয়ট' ক্ষেপণাস্ত্রের দাম প্রায় ৪০ লাখ ডলার। বর্তমানে তারা বছরে ৭৫০টি প্যাট্রিয়ট তৈরি করলেও, ইরানের সাথে যুদ্ধে ইতোমধ্যেই প্রায় ১,৫০০টি প্যাট্রিয়ট ব্যবহার করা হয়েছে এবং সব মিলিয়ে প্রায় ২৫ বিলিয়ন ডলারের অস্ত্র ফুরিয়েছে।
পরিস্থিতি সামাল দিতে লকহিড মার্টিন ৫৯ বিলিয়ন ডলারের চুক্তির আওতায় বছরে ২,০০০টি প্যাট্রিয়ট তৈরির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। তবে ৫শ’ থেকে ১ হাজার সরবরাহকারীর ওপর নির্ভরশীলতা এবং এল৩হ্যারিস (L3Harris)-এর মতো কোম্পানির রকেট মোটর তৈরির ধীরগতির কারণে কাঙ্ক্ষিত উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।
এই ঘাটতি পূরণে পেন্টাগন এখন বিকল্প কৌশল হাতে নিয়েছে। ব্যয়বহুল অস্ত্রের বদলে কোঅ্যাসপায়ার (CoAspire)-এর মতো স্টার্টআপ থেকে তারা ১০ হাজার স্বল্প মূল্যের ক্রুজ মিসাইল কেনার পরিকল্পনা করছে, যার প্রতিটির দাম মাত্র কয়েক লাখ ডলার।
সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ-এর মার্ক ক্যানসিয়ান সতর্ক করেছেন যে, যুদ্ধপূর্ব অবস্থায় অস্ত্রের মজুত ফিরিয়ে নিতে এক থেকে পাঁচ বছর সময় লাগতে পারে। তাঁর মতে, ইরানের সাথে বর্তমান যুদ্ধ চালিয়ে নেওয়ার মতো অস্ত্র যুক্তরাষ্ট্রের হাতে থাকলেও, চীনের মতো পরাশক্তির সাথে দীর্ঘমেয়াদী যুদ্ধের ক্ষেত্রে এই ঘাটতি একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে।