Logo
Logo
×

বিজ্ঞাপন

আন্তর্জাতিক

মেয়েকে নিয়ে হাঁটার সময়, গায়ের রঙের পার্থক্য দেখে বাবা-মেয়ের সম্পর্ক নিয়ে প্রশ্ন, নারী গ্রেপ্তার

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৯ এএম

মেয়েকে নিয়ে হাঁটার সময়, গায়ের রঙের পার্থক্য দেখে বাবা-মেয়ের সম্পর্ক নিয়ে প্রশ্ন, নারী গ্রেপ্তার

বিজ্ঞাপন

ক্যালিফোর্নিয়ার সান জোসেতে ৬ বছরের মেয়েকে নিয়ে হাঁটার সময় এক বাবাকে তার নিজের মেয়েকে পাচারের অভিযোগ করার ঘটনায় ৪৭ বছর বয়সী এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ৬ সেপ্টেম্বর আলমাডেন এলাকার ৬৪০০ ব্লক অ্যাসপেন ক্রিকে ওই নারী গাড়ি নিয়ে বাবা ও মেয়েটির কাছে একাধিকবার গিয়ে তাদের উদ্দেশে বৈষম্যমূলক মন্তব্য করেন বলে জানিয়েছে সান জোসে পুলিশ ডিপার্টমেন্ট। ঘটনাটির ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি ব্যাপকভাবে আলোচনায় আসে।

পুলিশের তথ্য অনুযায়ী, ওই নারী বাবা ও মেয়ের মধ্যে গায়ের রঙের পার্থক্য দেখে তাদের সম্পর্ক নিয়ে প্রশ্ন তোলেন। ভিডিওতে তাকে ওই বাবাকে মেয়েটিকে কেনাবেচা বা পাচার করার অভিযোগ করতে শোনা যায়। বাবা নিজেকে বাদামি গায়ের রঙের মানুষ এবং মেয়েকে অর্ধেক শ্বেতাঙ্গ হিসেবে বর্ণনা করেছেন। নারীটি আরও দাবি করেন, তিনি ফেডারেল সরকারের সঙ্গে কাজ করেন। তবে পুলিশের তদন্তে ওই বাবার বিরুদ্ধে পাচারের অভিযোগের কোনো প্রমাণ পাওয়া গেছে কি না, সে বিষয়ে কর্তৃপক্ষ কোনো তথ্য প্রকাশ করেনি।

ঘটনার ভিডিওটি ওই বাবা নিজেই ধারণ করেছিলেন। ভিডিওতে দেখা যায়, গাড়িতে থাকা নারীটি একাধিকবার তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করছেন। তিনি মেয়েটির চেহারা ও বাবার গায়ের রঙের পার্থক্যকে কেন্দ্র করে সন্দেহ প্রকাশ করেন। ওই বাবা পরে বিষয়টি পুলিশকে জানান। সান জোসে পুলিশ ঘটনাটিকে শুরু থেকেই সম্ভাব্য হেট মোটিভেটেড বা বিদ্বেষপ্রসূত ঘটনা হিসেবে তদন্ত করে।

তদন্তের সময় পুলিশ অটোমেটেড লাইসেন্স প্লেট রিডার বা এএলপিআর ক্যামেরার সহায়তায় ওই গাড়ি ও সন্দেহভাজন নারীকে শনাক্ত করে। পরে তদন্তকারীরা জানতে পারেন, একই নারী সান জোসে এলাকায় আরও কয়েকটি ঘটনার সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। এর মধ্যে ৯ সেপ্টেম্বর দক্ষিণ সান জোসের একটি হাইস্কুলে ঘটে যাওয়া একটি ঘটনাও রয়েছে। এসব ঘটনার পর সান জোসে পুলিশ ডিপার্টমেন্টের অ্যাসল্টস ইউনিটের গোয়েন্দারা সমন্বিত তদন্ত শুরু করেন।

এদিকে স্থানীয় স্কুল কর্তৃপক্ষও অভিভাবক ও শিক্ষার্থীদের সতর্ক করে। সান জোসে ইউনিফায়েড স্কুল ডিস্ট্রিক্ট জানায়, একজন ব্যক্তি স্কুল কমিউনিটির সদস্যদের হয়রানি করছেন, ভিডিও ও ছবি ধারণ করছেন এবং সেগুলো সামাজিক মাধ্যমে পোস্ট করছেন—এমন অভিযোগ তারা পেয়েছে। এ ঘটনায় স্কুল ডিস্ট্রিক্ট পুলিশে রিপোর্ট করে এবং সান জোসে পুলিশ ডিপার্টমেন্টের সঙ্গে কাজ শুরু করে।

তদন্ত শেষে পুলিশ সান জোসেতে ওই নারীকে গ্রেপ্তার করে এবং তাকে সান্তা ক্লারা কাউন্টি মেইন জেলে পাঠানো হয়। তার বিরুদ্ধে স্টকিং, হেট ক্রাইমসহ একাধিক অভিযোগে মামলা করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। তবে এসব অভিযোগ আদালতে প্রমাণিত হয়নি এবং তদন্ত এখনো চলমান। পুলিশও ওই নারীর বিরুদ্ধে অভিযোগের বিস্তারিত আইনি অবস্থান বা পরবর্তী কোর্ট হিয়ারিংয়ের তথ্য প্রকাশ করেনি।

সান জোসে পুলিশ জানিয়েছে, ঘটনাগুলোর বিষয়ে তাদের তদন্ত সক্রিয় ও চলমান রয়েছে। সংশ্লিষ্ট ঘটনাগুলো সম্পর্কে কারও কাছে তথ্য থাকলে অ্যাসল্টস ইউনিটের গোয়েন্দাদের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও অভিযোগের পাশাপাশি পুলিশ আলাদাভাবে ঘটনাগুলোর তথ্য ও প্রমাণ যাচাই করছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার