Logo
Logo
×

বিজ্ঞাপন

আন্তর্জাতিক

অস্ট্রেলিয়ায় ‘ওয়ার্ক অ্যান্ড হলিডে’ ভিসা, সুযোগ পাচ্ছে ৩০ দেশের নাগরিক

Icon

অস্ট্রেলিয়া প্রতিনিধি

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০১ পিএম

অস্ট্রেলিয়ায় ‘ওয়ার্ক অ্যান্ড হলিডে’ ভিসা, সুযোগ পাচ্ছে ৩০ দেশের নাগরিক

বিজ্ঞাপন

অস্ট্রেলিয়া সরকার ২০২৬-২৭ কর্মসূচির আওতায় ৩০ দেশের নাগরিকদের জন্য প্রথম ‘ওয়ার্ক অ্যান্ড হলিডে’ ভিসা চালু রেখেছে। এই ভিসার আওতায় নির্ধারিত যোগ্যতা পূরণকারী তরুণরা অস্ট্রেলিয়ায় গিয়ে ভ্রমণের পাশাপাশি স্বল্পমেয়াদি কাজ করতে পারবেন। তবে চীন, ভারত ও ভিয়েতনামের নাগরিকদের জন্য আবেদন করার আগে লটারিতে নির্বাচিত হওয়ার শর্ত রয়েছে।

অস্ট্রেলিয়ার অভিবাসন ও নাগরিকত্ববিষয়ক বিভাগের তথ্য অনুযায়ী, ‘ওয়ার্ক অ্যান্ড হলিডে’ ভিসা সাবক্লাস ৪৬২ মূলত তরুণদের জন্য তৈরি একটি ব্যবস্থা। এর মাধ্যমে ১২ মাস পর্যন্ত অস্ট্রেলিয়ায় ছুটি কাটানোর সুযোগ পাওয়া যায় এবং সেই সময় ভ্রমণের খরচ চালাতে স্বল্পমেয়াদি কাজ করা যায়। এটি মূলত কাজের জন্য আলাদা শ্রমিক ভিসা নয়, বরং ভ্রমণকে কেন্দ্র করে কাজের সুযোগ দেওয়া একটি কর্মসূচি।

বর্তমানে সাবক্লাস ৪৬২-এর আওতায় যেসব দেশের নাগরিকরা আবেদন করতে পারেন, সেগুলো হলো আর্জেন্টিনা, অস্ট্রিয়া, ব্রাজিল, চিলি, চীন, চেক প্রজাতন্ত্র, ইকুয়েডর, গ্রিস, হাঙ্গেরি, ভারত, ইন্দোনেশিয়া, ইসরায়েল, লুক্সেমবার্গ, মালয়েশিয়া, মঙ্গোলিয়া, পাপুয়া নিউগিনি, পেরু, পোল্যান্ড, পর্তুগাল, সান মারিনো, সিঙ্গাপুর, স্লোভাক প্রজাতন্ত্র, স্লোভেনিয়া, স্পেন, সুইজারল্যান্ড, থাইল্যান্ড, তুরস্ক, উরুগুয়ে, যুক্তরাষ্ট্র ও ভিয়েতনাম।

তবে সব দেশের নাগরিকের জন্য আবেদনের নিয়ম এক নয়। চীন, ভারত ও ভিয়েতনামের নাগরিকদের প্রথমে নির্ধারিত লটারি বা ব্যালট প্রক্রিয়ায় নিবন্ধন করতে হয়। সেখান থেকে দৈবচয়নের মাধ্যমে নির্বাচিত হলে তবেই তারা ভিসার মূল আবেদন করতে পারেন। অস্ট্রেলিয়া এই ব্যবস্থা চালু করেছে কারণ এসব দেশের ক্ষেত্রে ভিসার নির্ধারিত সংখ্যার তুলনায় আবেদনকারীর চাহিদা অনেক বেশি।

২০২৬-২৭ কর্মবর্ষের জন্য চীন, ভারত ও ভিয়েতনামের ব্যালট নিবন্ধন ২৫ জুন ২০২৬ বন্ধ হয়েছে বলে অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্র দপ্তর জানিয়েছে। অর্থাৎ এসব দেশের নতুন আবেদনকারীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মসূচির পরবর্তী ব্যালটের সময়সূচির জন্য সরকারি ঘোষণার দিকে নজর রাখতে হবে।

অস্ট্রেলিয়ার সরকারি তথ্য অনুযায়ী, দেশভেদে প্রথম সাবক্লাস ৪৬২ ভিসার বার্ষিক সংখ্যাতেও সীমা রয়েছে। যেমন চীনের জন্য ৫ হাজার, ভারতের জন্য ১ হাজার এবং ভিয়েতনামের জন্য ১ হাজার ৫০০টি পর্যন্ত প্রথম ভিসা দেওয়ার সীমা রয়েছে। অন্য দেশগুলোর ক্ষেত্রেও নির্ধারিত বার্ষিক সীমা রয়েছে। কোনো দেশের নির্ধারিত সীমা পূরণের কাছাকাছি গেলে আবেদন সাময়িকভাবে স্থগিত করা হতে পারে।

ভিসাটির ক্ষেত্রে বয়সের পাশাপাশি অন্যান্য যোগ্যতাও পূরণ করতে হয়। সাবক্লাস ৪৬২ ভিসায় বয়সসীমা সাধারণভাবে ১৮ থেকে ৩০ বছর। পাশাপাশি শিক্ষাগত যোগ্যতা, ইংরেজি ভাষাজ্ঞান এবং অন্যান্য ভিসা শর্ত পূরণ করতে হয়। তাই শুধু তালিকাভুক্ত দেশের নাগরিক হলেই ভিসা পাওয়ার নিশ্চয়তা নেই।

ভিসা পেলে অস্ট্রেলিয়ায় থাকা অবস্থায় কাজ করা গেলেও একই নিয়োগকর্তার অধীনে সাধারণভাবে সর্বোচ্চ ছয় মাস কাজ করার সীমা রয়েছে। অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্র দপ্তর জানিয়েছে, নির্দিষ্ট কিছু ক্ষেত্রে এই সীমার ব্যতিক্রম বা বাড়তি অনুমতির সুযোগ থাকতে পারে।

আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই কর্মসূচির উদ্দেশ্য মূলত দীর্ঘ ছুটির সময় ভ্রমণ ও সাংস্কৃতিক বিনিময়ের সুযোগ তৈরি করা। অস্ট্রেলিয়ার Working Holiday Maker কর্মসূচি ১৯৭৫ সাল থেকে বিভিন্ন দেশের তরুণদের মধ্যে যোগাযোগ বাড়াতে কাজ করছে। বর্তমানে দুটি ভিসা শ্রেণির মাধ্যমে ৪০টির বেশি দেশ ও অঞ্চলের নাগরিকদের জন্য এ ধরনের সুযোগ রয়েছে।

অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্র দপ্তর সম্ভাব্য আবেদনকারীদের ভিসা অনুমোদনের আগে বিমান টিকিট বা ভ্রমণসংক্রান্ত চূড়ান্ত ব্যবস্থা না করার পরামর্শ দিয়েছে। কারণ আবেদন প্রক্রিয়ায় সময় লাগতে পারে এবং ভিসা পাওয়ার আগ পর্যন্ত অস্ট্রেলিয়ায় প্রবেশের নিশ্চয়তা থাকে না।

তবে বাংলাদেশের নাগরিকদের জন্য এই নির্দিষ্ট সাবক্লাস ৪৬২ ভিসার সুযোগ নেই। অস্ট্রেলিয়ার বর্তমান ৩০ দেশের তালিকায় বাংলাদেশ নেই। ফলে বাংলাদেশি তরুণদের অস্ট্রেলিয়ায় ভ্রমণ ও কাজের জন্য অন্য উপযুক্ত ভিসা শ্রেণির যোগ্যতা ও শর্ত বিবেচনা করতে হবে।

সূত্র: অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্র দপ্তর, Working Holiday Maker Program; Legit.ng।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার