বিজ্ঞাপন
নির্জন পাহাড়ে শত শত কম্পিউটার! মেক্সিকোয় ধরা পড়ল গোপন ক্রিপ্টো খামার
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৩ এএম
বিজ্ঞাপন
মেক্সিকোর মধ্যাঞ্চলের ঘন সবুজ পাহাড়ের নির্জন এলাকায় লোকচক্ষুর আড়ালে চলছিল একটি গোপন ক্রিপ্টোকারেন্সি খামার। দুর্গম এলাকায় একটি কাঁচা রাস্তার পাশে থাকা জরাজীর্ণ ভবনটিতে দিনরাত চলছিল শত শত শক্তিশালী কম্পিউটার। পুলিশের ধারণা, ক্রিপ্টো মাইনিংয়ের আড়ালে অবৈধ অর্থপাচারের কাজও হয়ে থাকতে পারে।
পুয়েবলা অঙ্গরাজ্যের সিয়েরা নোর্তে এলাকায় থাকা ওই স্থাপনার সন্ধান মেলে সেখান থেকে আসা অস্বাভাবিক যান্ত্রিক শব্দ এবং বিপুল বিদ্যুৎ ব্যবহারের কারণে। আশপাশের ছোট ছোট গ্রামগুলোর তুলনায় সেখানে বিদ্যুৎ ব্যবহারের পরিমাণ ছিল অনেক বেশি।
অভিযান চালিয়ে পুলিশ সেখানে প্রায় ৩০০টি গ্রাফিক্স প্রসেসিং ইউনিট বা জিপিইউ, ৮০টি মাঝারি ভোল্টেজের বৈদ্যুতিক টার্মিনাল এবং আটটি স্যাটেলাইট অ্যান্টেনা পায়। এসব যন্ত্র ব্যবহার করে ক্রিপ্টোকারেন্সি মাইনিং করা হচ্ছিল।
আন্তর্জাতিক বাণিজ্যিক ক্রিপ্টো মাইনিংয়ের তুলনায় এটি ছোট একটি কার্যক্রম হলেও গত বছরের শুরু থেকে ওই এলাকায় এমন চতুর্থ ক্রিপ্টো খামারের সন্ধান পাওয়া গেল।
মেক্সিকোভিত্তিক নিরাপত্তা বিশ্লেষক ডেভিড সসেডো বলেন, মাদক কার্টেলগুলো এখন আগের চেয়ে অনেক বেশি প্রযুক্তিনির্ভর হয়ে উঠেছে। তার মতে, এ ধরনের ক্রিপ্টো মাইনিং খামার চালাতে প্রযুক্তিগত দক্ষতা ও বড় অঙ্কের অর্থের প্রয়োজন হয়। ফলে এর পেছনে মেক্সিকোর শক্তিশালী কোনো অপরাধী গোষ্ঠী থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে।
তবে মেক্সিকোর ফেডারেল অ্যাটর্নি কার্যালয় চলমান তদন্তের কথা উল্লেখ করে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।
ক্রিপ্টোকারেন্সি মাইনিংয়ে সবচেয়ে বড় খরচ হলো বিদ্যুৎ। বিপুল সংখ্যক শক্তিশালী কম্পিউটার সার্বক্ষণিক চালু রাখার পাশাপাশি সেগুলো ঠান্ডা রাখতেও প্রচুর বিদ্যুৎ প্রয়োজন হয়। এ কারণেই কম খরচে বিদ্যুৎ পাওয়া যায় এমন জায়গা বা অপরাধী গোষ্ঠীর নিয়ন্ত্রণে থাকা এলাকায় এ ধরনের গোপন কার্যক্রম গড়ে তোলার প্রবণতা দেখা যাচ্ছে।
ব্লকচেইন বিশ্লেষণ প্রতিষ্ঠান চেইনঅ্যানালাইসিসের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ক্রিপ্টো ওয়ালেটগুলোতে প্রায় ১৫৪ বিলিয়ন ডলারের লেনদেন হয়েছে। এক বছর আগে এই পরিমাণ ছিল প্রায় ৫৯ বিলিয়ন ডলার।
চেইনঅ্যানালাইসিসের লাতিন আমেরিকা বিশেষজ্ঞ কাইও মোত্তা বলেন, মেক্সিকোর মতো দেশে সংগঠিত অপরাধী গোষ্ঠীগুলো অর্থপাচারের জন্য ক্রিপ্টোকারেন্সি ব্যবহার ও মাইনিং কার্যক্রমে আরও বেশি আগ্রহী হয়ে উঠছে।
তিনি বলেন, যেখানে বিদ্যুৎ সস্তা অথবা অপরাধীদের প্রভাব রয়েছে, সেখানে বিদ্যুৎ চুরি করে বড় আকারের ক্রিপ্টো মাইনিং অবকাঠামো গড়ে তোলা সম্ভব।
ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের হিসাব অনুযায়ী, একটি বিটকয়েন মাইন করতে বিদ্যুতের খরচ প্রায় ৪৫ হাজার ডলার। বিটকয়েনের বর্তমান দাম প্রায় ৭৮ হাজার ডলার হওয়ায় মাইনিং থেকে বড় ধরনের লাভের সুযোগ রয়েছে। আর বিদ্যুৎ চুরি করা হলে এই খরচ আরও কমে যায়।
মেক্সিকোর কর্তৃপক্ষ এখন তদন্ত করছে, পুয়েবলার ওই ক্রিপ্টো খামারে কাছের একটি জলবিদ্যুৎ কেন্দ্র থেকে অবৈধভাবে বিদ্যুৎ নেওয়া হয়েছিল কি না।
ঘন বন, দুর্গম পাহাড় এবং ছড়িয়ে-ছিটিয়ে থাকা জনবসতির কারণে সিয়েরা নোর্তে অঞ্চলটি এমন গোপন কার্যক্রমের জন্য সুবিধাজনক। স্থানীয় দুই বাসিন্দা জানান, খামারটির কম্পিউটারের শব্দ প্রায় এক কিলোমিটার দূর থেকেও শোনা যেত। অথচ স্থাপনাটি সবচেয়ে কাছের গ্রাম থেকে প্রায় দুই কিলোমিটার দূরে ছিল।
গত বছর কাছের জলবিদ্যুৎ কেন্দ্রের আশপাশে আরও তিনটি একই ধরনের ক্রিপ্টো খামার শনাক্ত করা হয়েছিল। স্থানীয় কর্তৃপক্ষ এখন আশপাশের অঙ্গরাজ্যগুলোর সঙ্গে মিলে এ ধরনের আরও গোপন স্থাপনা রয়েছে কি না, তা খুঁজে দেখছে।
মেক্সিকোর পাশাপাশি ব্রাজিল, যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশেও অবৈধ ক্রিপ্টো মাইনিংয়ের বিরুদ্ধে অভিযান চালানো হয়েছে। বিশেষজ্ঞদের আশঙ্কা, বিশ্বজুড়ে ক্রিপ্টোকারেন্সির ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে এই খাতকে ব্যবহার করে অপরাধও আরও বাড়তে পারে। তবে একই সময়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও ক্রিপ্টো লেনদেন শনাক্ত ও অনুসরণ করার সক্ষমতা বাড়াচ্ছে।