বিজ্ঞাপন
মার্কিন নারীদের প্রেমের ফাঁদে ফেলে ৬০ লাখ ডলার আত্মসাতের অভিযোগ, ৬ নাইজেরীয়কে যুক্তরাষ্ট্রে নিচ্ছে এফবিআই
যুক্তরাষ্ট্র প্রতিনিধি
প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৯ এএম
বিজ্ঞাপন
অনলাইনে প্রেমের ফাঁদ পেতে শতাধিক মার্কিন নারীর কাছ থেকে প্রায় ৬ মিলিয়ন বা ৬০ লাখ ডলার হাতিয়ে নেওয়ার অভিযোগে ছয় নাইজেরীয় নাগরিককে দক্ষিণ আফ্রিকা থেকে যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণ করা হচ্ছে। দক্ষিণ আফ্রিকার পুলিশ জানিয়েছে, সংঘবদ্ধ সাইবার অপরাধী চক্রের সঙ্গে যুক্ত এই ছয় প্রতারককে শুক্রবার মার্কিন কেন্দ্রীয় তদন্ত সংস্থা (এফবিআই)-এর কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হবে।
যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়ার পর তাদের বিরুদ্ধে অর্থ পাচার ও ইলেকট্রনিক মাধ্যমে জালিয়াতির (ওয়্যার ফ্রড) আনুষ্ঠানিক অভিযোগ আনা হবে।
পুলিশের দেওয়া তথ্যমতে, ২০২১ সালে দক্ষিণ আফ্রিকার কেপটাউন শহর থেকে এই ছয় নাইজেরীয়কে গ্রেপ্তার করা হয়। তারা কুখ্যাত আন্তর্জাতিক অপরাধী চক্র 'ব্ল্যাক এক্স'-এর সদস্য বলে অভিযোগ রয়েছে।
ইন্টারপোলের মতে, বিশ্বজুড়ে অনলাইনে রোমান্স স্ক্যাম বা প্রেমের প্রতারণা, ক্রিপ্টোকারেন্সি ও বিনিয়োগ জালিয়াতির একটি বড় অংশের পেছনে এই চক্রটির হাত রয়েছে।
প্রতারকদের মূল লক্ষ্য ছিল যুক্তরাষ্ট্রের অবসরপ্রাপ্ত বয়স্ক নাগরিক এবং নারী উদ্যোক্তারা। অনলাইনে ভুয়া প্রেমের সম্পর্ক গড়ে তুলে অত্যন্ত সুকৌশলে তারা এই বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেয়।
দক্ষিণ আফ্রিকার পুলিশের মুখপাত্র কাতলেগো মোগালে জানিয়েছেন, ইন্টারপোলের সমন্বয়ে এই ছয় আসামিকে কেপটাউনের একটি কারাগার থেকে আন্তর্জাতিক বিমানবন্দরে নিয়ে শুক্রবার সকালে পৌঁছানো এফবিআই ও ইউএস সিক্রেট সার্ভিসের কর্মকর্তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে।
উল্লেখ্য, গত মাসে পশ্চিম আফ্রিকার অপরাধী গোষ্ঠীগুলোকে লক্ষ্য করে ইন্টারপোলের এক বিশাল অভিযানে ৫৮ জনকে গ্রেপ্তার করা হয়। ওই সময় দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গেও একটি বড় অভিযানে ৩৯ জনকে গ্রেপ্তারের পাশাপাশি ২.৬৭ মিলিয়ন ডলার জব্দ ও ২৫০টির বেশি ব্যাংক হিসাব স্থগিত করা হয়।
যুক্তরাষ্ট্রের ফেডারেল ট্রেড কমিশনের (এফটিসি) তথ্য অনুযায়ী, ২০২৩ সালে ৬৪ হাজারেরও বেশি আমেরিকান এমন রোমান্স স্ক্যামের শিকার হয়ে এক বিলিয়ন ডলারেরও বেশি খুইয়েছেন, যা মাত্র চার বছর আগের তুলনায় প্রায় দ্বিগুণ।