Logo
Logo
×

বিজ্ঞাপন

আন্তর্জাতিক

নিউইয়র্কে ৯/১১ স্মরণসভায় ‘সব মুসলিমকে বিতাড়িত করো’ স্লোগান, উগ্র ডানপন্থীদের সঙ্গে সংঘর্ষ

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৭ এএম

নিউইয়র্কে ৯/১১ স্মরণসভায় ‘সব মুসলিমকে বিতাড়িত করো’ স্লোগান, উগ্র ডানপন্থীদের সঙ্গে সংঘর্ষ

বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ৯/১১-এর স্মরণসভা চলাকালে সিটি হলের বাইরে উগ্র ডানপন্থী নেতা জেক ল্যাংয়ের ডাকা এক বিতর্কিত মিছিলে চরম বিশৃঙ্খলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।

শুক্রবার আয়োজিত ‘ক্রুসেডার মার্চ’ নামের এই চরমপন্থী ও ইসলামবিদ্বেষী কর্মসূচিতে দুপক্ষের মধ্যে ব্যাপক হাতাহাতির সৃষ্টি হয়, যার জেরে অন্তত একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

স্থানীয় সূত্রগুলোর তথ্যমতে, লোয়ার ম্যানহাটনের চার্চ স্ট্রিট এবং কোর্টল্যান্ড ওয়ের কাছে উগ্র ডানপন্থী ও এর বিরোধিতাকারী পাল্টা-প্রতিবাদকারীদের মধ্যে এই সংঘর্ষের সূত্রপাত হয়।

প্রায় ২০০ জন বিক্ষোভকারী এই ঘটনায় জড়ান। তবে গ্রেপ্তার হওয়া ব্যক্তি জেক ল্যাংয়ের কট্টর সমর্থক নাকি বিরোধী পক্ষের কেউ, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

চরমপন্থীদের এই মিছিলে অংশগ্রহণকারীরা ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের সন্ত্রাসী হামলার জন্য ঢালাওভাবে ইসলাম ধর্মকে দায়ী করে। এ সময় তাদের হাতে ‘সব মুসলিমকে বিতাড়িত করো’ লেখা উসকানিমূলক প্ল্যাকার্ড দেখা যায়।

এই ন্যক্কারজনক দৃশ্য ও বর্ণবাদী আচরণের প্রতিবাদে তাৎক্ষণিকভাবে পাল্টা-বিক্ষোভ শুরু করেন বর্ণবাদবিরোধীরা।

পরিস্থিতি আরও ঘোলাটে হয় যখন মিছিলে নাৎসিদের স্বস্তিকা চিহ্ন সংবলিত বাহুবন্ধনী পরা একদল নব্য-নাৎসি (neo-Nazis) গোষ্ঠীর উপস্থিতিও চোখে পড়ে।

উসকানিমূলক এই জমায়েত এবং এর বিরুদ্ধে হওয়া তীব্র প্রতিবাদ নিউইয়র্কের রাস্তায় সাময়িক উত্তেজনার সৃষ্টি করেছিল।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার