বিজ্ঞাপন
বিয়ের পথে দুর্ঘটনা, হাসপাতালের বিছানাতেই বিয়ে
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৪ পিএম
বিজ্ঞাপন
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত হন বর। তবে দুর্ঘটনার কারণে বিয়ে পিছিয়ে না দিয়ে হাসপাতালের বিছানাতেই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন বর - কনে।
ঘটনাটি ঘটে গত শনিবার বিকেলে। কাপরি ডিরামাস ফ্লোরিডার আলটামন্টে স্প্রিংসে নিজের বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন। বিয়ের ভেন্যুতে পৌঁছানোর মাত্র ১৫ মিনিট আগে একটি ট্রাফিক সিগন্যালে তার গাড়ি থামানো ছিল। এ সময় দ্রুতগতির একটি গাড়ি মিডিয়ান অতিক্রম করে তার গাড়িকে সামনাসামনি ধাক্কা দেয় বলে জানান কনের ভাই মরিস ম্যাথিস।
দুর্ঘটনায় ডিরামাসের দুই হাত ও চোয়াল ভেঙে যায়। তার পাঁজরেও আঘাত লাগে এবং হাঁটুতে গুরুতর ক্ষত হয়। পরে তাকে অরল্যান্ডো রিজিওনাল মেডিকেল সেন্টারে নেওয়া হয়। দুর্ঘটনার খবর পাওয়ার মাত্র এক ঘণ্টা আগে কনে টায়াসিয়া থমাস জানতে পারেন যে তার হবু স্বামী দুর্ঘটনায় পড়েছেন। এরপর তিনি পরিবারের সদস্যদের নিয়ে দ্রুত হাসপাতালে ছুটে যান।
চিকিৎসার পর ডিরামাসের অবস্থা স্থিতিশীল হলে তারা বিয়ে স্থগিত না করার সিদ্ধান্ত নেন। সেদিন সন্ধ্যায় হাসপাতালের বিছানায় শুয়েই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তারা। ডিরামাসের দাদা বিয়ের অনুষ্ঠান পরিচালনা করেন। পরে তিনি দুজনকে স্বামী - স্ত্রী হিসেবে ঘোষণা করেন এবং পরিবারের সদস্যরা করতালি ও উচ্ছ্বাসের মধ্য দিয়ে নবদম্পতিকে শুভেচ্ছা জানান।
কনে থমাস বলেন , দুর্ঘটনার পর হাসপাতালে আহত হবু স্বামীকে দেখে তিনি গভীরভাবে আতঙ্কিত হয়ে পড়েছিলেন। তার সবচেয়ে বড় ভয় ছিল ডিরামাসকে হারানো। অন্যদিকে ডিরামাস বলেন , দুর্ঘটনার পর তিনি এতটাই বিভ্রান্ত ছিলেন যে তখন কী ঘটছে , তা বুঝতেই পারছিলেন না। হাসপাতাল থেকে বুধবার বিকেলে তাকে ছেড়ে দেওয়া হয়।
বিয়ের পর তাদের সামনে এখন নতুন এক চ্যালেঞ্জ। হানিমুনে যাওয়ার পরিবর্তে তাদের চিকিৎসা ব্যয় , আয় হারানোর ক্ষতি , দুর্ঘটনায় সম্পূর্ণ নষ্ট হয়ে যাওয়া গাড়ি এবং দৈনন্দিন জীবনযাত্রার খরচ সামলাতে হচ্ছে। এসব ব্যয়ে সহায়তার জন্য কনের ভাই একটি GoFundMe তহবিল চালু করেছেন। বৃহস্পতিবার পর্যন্ত সেখানে প্রায় ২ হাজার ৫০০ ডলার জমা পড়েছে।