বিজ্ঞাপন
শোয়েব মালিকের একান্ত ইচ্ছা, ছেলে ইঝান বড় হয়ে কোরআনের হাফেজ হবে
ইসলাম ডেস্ক
প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫০ পিএম
বিজ্ঞাপন
পাকিস্তানের সাবেক অধিনায়ক শোয়েব মালিক জানিয়েছেন, ছেলে ইঝান মির্জা মালিককে ভবিষ্যতে কোরআনের হাফেজ হিসেবে দেখতে চান তিনি। তবে ইঝানের পেশা বা ভবিষ্যৎ ক্যারিয়ার নিয়ে কোনো ধরনের চাপ দিতে চান না শোয়েব। বরং নিজের পছন্দ ও আগ্রহ অনুযায়ী জীবনের পথ বেছে নেওয়ার পূর্ণ স্বাধীনতা ছেলেকে দিতে চান তিনি।
শোয়েবের কাছে সন্তানের সাফল্য শুধু পেশাগত অর্জনের মধ্যে সীমাবদ্ধ নয়। ভালো চরিত্র, সততা ও ধর্মীয় মূল্যবোধের মতো বিষয়গুলোকে তিনি বেশি গুরুত্ব দেন। তাই ইঝান ভবিষ্যতে ক্রিকেটার হবে কি না, সেটিও তিনি নিজের সিদ্ধান্ত হিসেবে চাপিয়ে দিতে চান না।
ইঝান শোয়েব মালিক ও ভারতের সাবেক টেনিস তারকা সানিয়া মির্জার একমাত্র সন্তান। ২০১৮ সালের অক্টোবরে তাঁদের ছেলে জন্ম নেয়। ২০১০ সালে বিয়ে করা এই দম্পতির দাম্পত্য জীবনে পরবর্তী সময়ে টানাপোড়েন তৈরি হয় এবং ২০২৪ সালে তাঁদের বিচ্ছেদের বিষয়টি প্রকাশ্যে আসে।
বিচ্ছেদের পরও ছেলের জীবনে সক্রিয় থাকার চেষ্টা করছেন শোয়েব। ২০২৫ সালের এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, দুবাইয়ে থাকলে ইঝানের সঙ্গে নিয়মিত সময় কাটান। স্কুলে পৌঁছে দেওয়া ও নিয়ে আসার পাশাপাশি ছেলের সঙ্গে পার্কে ফুটবলও খেলেন তিনি।
ইঝানের খেলাধুলার প্রতিও আগ্রহ রয়েছে। ২০২৩ সালে সামাজিক যোগাযোগমাধ্যমে ছেলের একটি প্রতিবন্ধকতা দৌড়ের ভিডিও প্রকাশ করে তার শারীরিক দক্ষতার প্রশংসা করেছিলেন শোয়েব।
তবে ছেলের ভবিষ্যৎ নিয়ে কোনো নির্দিষ্ট পেশাগত স্বপ্ন চাপিয়ে দিতে চান না তিনি। শোয়েবের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, ইঝান যেন ভালো মানুষ হিসেবে বেড়ে ওঠে, মূল্যবোধসম্পন্ন জীবনযাপন করে এবং নিজের পছন্দ অনুযায়ী ভবিষ্যতের পথ বেছে নিতে পারে।