Logo
Logo
×

বিজ্ঞাপন

আন্তর্জাতিক

সমর্থকদের সঙ্গে নিয়ে প্রতারণা করে হলেও মধ্যবর্তী নির্বাচনে জেতার শপথ নিলেন ট্রাম্প

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৪ পিএম

সমর্থকদের সঙ্গে নিয়ে প্রতারণা করে হলেও মধ্যবর্তী নির্বাচনে জেতার শপথ নিলেন ট্রাম্প

বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আসন্ন মধ্যবর্তী নির্বাচনে প্রতারণা করে হলেও জেতার শপথ নিয়েছেন। রিপাবলিকান ন্যাশনাল কনভেনশনে (আরএনসি) হাজারো সমর্থককে সঙ্গে নিয়ে হাত তুলে শপথ করানোর সময় তিনি বলেন, নির্বাচনে জয় পেতে প্রয়োজনে ‘ভীষণভাবে প্রতারণা’ করতে হবে। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর শুরু হয়েছে নানা আলোচনা-সমালোচনা।

বৃহস্পতিবার ডালাসে অনুষ্ঠিত আরএনসির সম্মেলনে ট্রাম্প উপস্থিত সমর্থকদের ডান হাত তুলতে বলেন। এরপর তিনি নিজের ভাষায় একটি শপথ পাঠ করান। সেখানে আগামী ৩ নভেম্বরের নির্বাচনে ভোট দেওয়ার পাশাপাশি ভোটার হিসেবে নিবন্ধিত না থাকলেও ভোট দেওয়ার চেষ্টা করার কথা বলেন তিনি।

ট্রাম্প বলেন, ডেমোক্র্যাটরা যেভাবে প্রতারণা করে, রিপাবলিকানদেরও সেভাবেই ‘ভীষণভাবে প্রতারণা’ করতে হবে। তবে পুরো বিষয়টি তিনি হাস্যরসাত্মক ভঙ্গিতে উপস্থাপন করেন।

শপথের শুরুতে ট্রাম্প নিজেকে ‘যুক্তরাষ্ট্রের ইতিহাসের সেরা প্রেসিডেন্ট’ হিসেবে উল্লেখ করেন। এরপর সমর্থকদের পরিবার ও বন্ধুদের সঙ্গে নিয়ে ভোট দিতে যাওয়ার আহ্বান জানান।

তিনি বলেন, “৩ নভেম্বর আমরা ভোট দিতে যাব, অথবা তার আগেই ভোট দেব।”

একপর্যায়ে ট্রাম্প বলেন, কেউ চাইলে ডেমোক্র্যাটদের ভোট দিতে পারে। এ সময় উপস্থিত সমর্থকদের কাছ থেকে ব্যাপক দুয়োধ্বনি আসে। পরে তিনি ‘সো হেল্প মি গড’ বলে শপথ শেষ করেন।

ভোট না দিলে ‘নরকে যেতে হবে’—এমন মন্তব্যও করেন ট্রাম্প। সমর্থকদের উদ্দেশে তিনি ভোট দিতে ভুল না করার আহ্বান জানান।

ট্রাম্পের প্রতারণা করে হলেও মধ্যবর্তী নির্বাচনে জেতার মন্তব্য এবং সমর্থকদের তাকে ব্যক্তিগতভাবে সমর্থনের শপথ করানোর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। বিভিন্ন পোস্টে ভিডিওটি লাখের বেশি ভিউ পায়। এ নিয়ে নির্বাচনী প্রক্রিয়া ও ট্রাম্পের বক্তব্যের ধরন নিয়ে সমালোচনাও শুরু হয়েছে।

নির্বাচনে কারচুপি নিয়ে ট্রাম্পের অভিযোগ অবশ্য নতুন নয়। তিনি দীর্ঘদিন ধরে ডেমোক্র্যাট ও নির্বাচন কর্মকর্তাদের বিরুদ্ধে নির্বাচন কারচুপির অভিযোগ করে আসছেন। বিশেষ করে ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে অনিয়মের অভিযোগ তিনি এখনও করে থাকেন। তবে বিভিন্ন পুনর্গণনা, অডিট ও আদালতের সিদ্ধান্তে এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি, যা ওই নির্বাচনের ফল পরিবর্তন করতে পারে।

ডালাসের আমেরিকান এয়ারলাইনস সেন্টারে বুধবার ও বৃহস্পতিবার দুই দিনব্যাপী আরএনসির এই সম্মেলন অনুষ্ঠিত হয়। এটি ছিল রিপাবলিকান পার্টির প্রথম মধ্যবর্তী নির্বাচনকেন্দ্রিক জাতীয় সম্মেলন।

নভেম্বরে অনুষ্ঠেয় মধ্যবর্তী নির্বাচনের আগে দলের সমর্থকদের চাঙা করাই ছিল সম্মেলনের অন্যতম প্রধান লক্ষ্য। বর্তমানে প্রতিনিধি পরিষদ ও সিনেট—দুই কক্ষেই রিপাবলিকানদের নিয়ন্ত্রণ রয়েছে। ফলে এবারের মধ্যবর্তী নির্বাচনে উভয় কক্ষের সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখাই দলটির জন্য বড় চ্যালেঞ্জ।

সম্মেলনে ট্রাম্পের পাশাপাশি ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সসহ দলের শীর্ষ নেতারা বক্তব্য দেন। ভ্যান্সের বক্তব্যের সময় সমর্থকদের ‘জেডি ৪৮’ স্লোগান দিতেও দেখা যায়, যা ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে সম্ভাব্য প্রার্থিতা নিয়ে জল্পনার ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।

সম্মেলনে রক্ষণশীল কর্মী চার্লি কার্ককেও শ্রদ্ধা জানানো হয়। সাবেক হোয়াইট হাউস প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট এবং ডোনাল্ড ট্রাম্প জুনিয়রসহ দলের আরও কয়েকজন শীর্ষ নেতা এতে বক্তব্য দেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার