Logo
Logo
×

বিজ্ঞাপন

আন্তর্জাতিক

টেক্সাসে মেডেল অব অনার অনুষ্ঠানে গিয়ে ট্রাম্পের আবদার, নিজেকেও দিতে চান মেডেল

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৪ এএম

টেক্সাসে মেডেল অব অনার অনুষ্ঠানে গিয়ে ট্রাম্পের আবদার, নিজেকেও দিতে চান মেডেল

বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের আর্লিংটনে আয়োজিত এক অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ‘চ্যাম্পিয়ন অব অনার’ পুরস্কারে ভূষিত করেছে ন্যাশনাল মেডেল অব অনার মিউজিয়াম ফাউন্ডেশন। সামরিক বাহিনীর সাহসিকতার সর্বোচ্চ পদক ‘মেডেল অব অনার’ প্রাপ্তদের স্মৃতি সংরক্ষণ এবং জাতীয় পর্যায়ে এই পদক সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে ট্রাম্পের অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ গত বৃহস্পতিবার তাকে এই সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে ফাউন্ডেশনের কর্মকর্তা ও সমর্থকদের পাশাপাশি পদকপ্রাপ্তরাও উপস্থিত ছিলেন। ওয়াশিংটনের ন্যাশনাল মলে পদকপ্রাপ্তদের স্মরণে একটি স্থায়ী স্মৃতিস্তম্ভ নির্মাণের লক্ষ্যে প্রণীত ‘হার্শেল “উডি” উইলিয়ামস ন্যাশনাল মেডেল অব অনার মনুমেন্ট লোকেশন অ্যাক্ট’-এর প্রতি জোরালো সমর্থনের জন্যও ট্রাম্প অনুষ্ঠানে ব্যাপক প্রশংসিত হন।

তবে সম্মাননা গ্রহণের এই মর্যাদাপূর্ণ অনুষ্ঠানেও স্বভাবসুলভ ভঙ্গিতে এক অদ্ভুত মন্তব্য করে বসেন ট্রাম্প। উপস্থিত ১৬ জন জীবিত মেডেল অব অনার বিজয়ীর মধ্যে ১৫ জনের উপস্থিতির কথা উল্লেখ করে তিনি বলেন, "আমি নিজেকেই এটি দিতে চাই, আমার কোনো সমস্যা নেই, তবে আমাকে সেই অনুমতি দেওয়া হয়নি।" তিনি আরও বলেন, নিজেকে দিলে এই সংখ্যাটি ১৫ এর বদলে ১৬ হতো।

যদিও পরক্ষণেই তিনি দাবি করেন যে তিনি নিছকই মজা করছিলেন। তবে কংগ্রেসের হয়ে প্রেসিডেন্ট এই পদক প্রদান করলেও সামরিক বাহিনীতে কাজ করার পূর্ব অভিজ্ঞতা না থাকায় আইন অনুযায়ী ট্রাম্প এটি পাওয়ার যোগ্য নন। এর আগে গত ফেব্রুয়ারিতেও তিনি ২০১৮ সালের ইরাক সফরকে অত্যন্ত সাহসী আখ্যা দিয়ে নিজেকে মেডেল অব অনার দেওয়ার ইচ্ছা পোষণ করেছিলেন।

সাম্প্রতিক সময়ে দেশের সর্বোচ্চ এই সামরিক পদক নিয়ে ট্রাম্পের নানা মন্তব্য মার্কিন রাজনীতিতে বেশ সমালোচনার জন্ম দিয়েছে। গত আগস্টে নিউজার্সিতে এক নির্বাচনী প্রচারণায় তিনি বেসামরিক নাগরিকদের দেওয়া ‘প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রিডম’-কে ‘মেডেল অব অনার’-এর চেয়ে ‘উন্নত’ বলে মন্তব্য করেছিলেন।

তার যুক্তি ছিল, সামরিক বাহিনীর সদস্যরা এই পদক পাওয়ার সময় হয় বুলেটের আঘাতে মারাত্মক জখম অবস্থায় থাকেন, নয়তো মৃত্যুবরণ করেন। অন্যদিকে বেসামরিক ব্যক্তিরা সুস্থ অবস্থায় এটি গ্রহণ করেন। তার এমন অসংবেদনশীল মন্তব্যের তীব্র সমালোচনা করে একে ‘কাণ্ডজ্ঞানহীন’ বলে আখ্যায়িত করেছিল ভেটেরান্স অব ফরেন ওয়ার্স নামের সংগঠন।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার