Logo
Logo
×

বিজ্ঞাপন

আন্তর্জাতিক

ওবামাকেয়ারে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ, ১০ লাখ নাগরিককে ৫০০ ডলার করে ফেরত দিচ্ছেন ট্রাম্প

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৩ এএম

ওবামাকেয়ারে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ, ১০ লাখ নাগরিককে ৫০০ ডলার করে ফেরত দিচ্ছেন ট্রাম্প

বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যবীমা কর্মসূচি ‘অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্ট’ বা ওবামাকেয়ারের আওতায় সাধারণ মানুষের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগে ৫০ কোটি ডলার ফেরত দেওয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

হোয়াইট হাউসের প্রকাশিত এক ভিডিও বার্তায় ট্রাম্প জানান, কেন্দ্রীয় হেলথকেয়ার এক্সচেঞ্জ প্ল্যাটফর্ম ব্যবহারকারী ৩০টি অঙ্গরাজ্যের প্রায় ১০ লাখ নাগরিককে আগামী অক্টোবর মাসে ৫০০ ডলারের এই চেক ডাকযোগে পাঠানো হবে। যাদের অন্যায়ভাবে অতিরিক্ত খরচের মুখে ফেলা হয়েছিল, তাদের প্রাপ্য অর্থ ফেরত দিয়ে প্রশাসন সঠিক পদক্ষেপ নিচ্ছে বলে উল্লেখ করেন তিনি।

হোয়াইট হাউসের বক্তব্য অনুযায়ী, বাইডেন প্রশাসন স্বাস্থ্যবীমা কোম্পানিগুলোর কাছ থেকে অতিরিক্ত ইউজার ফি আদায় করেছিল, যা পরবর্তীতে বর্ধিত প্রিমিয়াম আকারে সাধারণ গ্রাহকদের ওপর চাপানো হয়। ট্রাম্পের যুক্তি, এক্সচেঞ্জ প্ল্যাটফর্মটি পরিচালনার জন্য যে পরিমাণ তহবিলের প্রয়োজন ছিল, আদায়কৃত অর্থ তার চেয়ে অনেক বেশি।

ফলে কেন্দ্রীয় এক্সচেঞ্জ ব্যবহারকারী ৩০টি অঙ্গরাজ্যের যেসব গ্রাহক ওবামাকেয়ারের অধীনে কোনো প্রিমিয়াম সহায়তা পাননি, তাদের এই বাড়তি অর্থ ফেরত দেওয়া হবে। এর আগে ২০২৫ সালের শেষের দিকে বর্ধিত এসিএ ভর্তুকির মেয়াদ শেষ হওয়ার পর লাখ লাখ গ্রাহকের জন্য স্বাস্থ্যবীমার ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়ে গিয়েছিল।

এই অর্থ ফেরত পাওয়ার তালিকায় থাকা ৩০টি অঙ্গরাজ্য হলো আলাবামা, আলাস্কা, অ্যারিজোনা, আরকানসাস, ডেলাওয়্যার, ফ্লোরিডা, হাওয়াই, ইন্ডিয়ানা, আইওয়া, কানসাস, লুইজিয়ানা, মিশিগান, মিসিসিপি, মিসৌরি, মন্টানা, নেব্রাস্কা, নিউ হ্যাম্পশায়ার, নর্থ ক্যারোলাইনা, নর্থ ডাকোটা, ওহাইও, ওকলাহোমা, ওরেগন, সাউথ ক্যারোলাইনা, সাউথ ডাকোটা, টেনেসি, টেক্সাস, ইউটাহ, ওয়েস্ট ভার্জিনিয়া, উইসকনসিন ও ওয়াইওমিং।

স্বাস্থ্যনীতি বিষয়ক গবেষণা সংস্থা কেএফএফ জানিয়েছে, স্বাস্থ্যবীমা কোম্পানিগুলোর অন্তত ৮০ শতাংশ অর্থ চিকিৎসা সেবায় ব্যয়ের যে আইনি বাধ্যবাধকতা রয়েছে, তার আওতায়ও গ্রাহকদের জন্য পৃথক রিবেটের সুযোগ রয়েছে। তবে সম্প্রতি সকল প্রাপ্তবয়স্ক নাগরিককে ৫ হাজার ডলার করে লভ্যাংশ দেওয়ার যে প্রতিশ্রুতি ট্রাম্প দিয়েছিলেন, এই ৫০০ ডলারের স্বাস্থ্যবীমা রিফান্ড তার চেয়ে সম্পূর্ণ আলাদা।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার