Logo
Logo
×

বিজ্ঞাপন

আন্তর্জাতিক

কিম জং উনের ‘সিক্রেট ছেলে’!  উত্তরসূরি নিয়ে চাঞ্চল্যকর তদন্ত

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৬, ০২:০২ এএম

কিম জং উনের ‘সিক্রেট ছেলে’!  উত্তরসূরি নিয়ে চাঞ্চল্যকর তদন্ত

বিজ্ঞাপন

উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের কোনো ছেলে সন্তান আছে কি না, তা এখনও নিশ্চিত করতে পারেনি দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা। বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ার ন্যাশনাল ইন্টেলিজেন্স সার্ভিস (এনআইএস) জানিয়েছে, কিমের বড় ছেলে থাকার খবর যাচাই করা হচ্ছে। তবে ছেলে থাকলেও বর্তমান পরিস্থিতিতে তাকে কিমের সম্ভাব্য উত্তরসূরি হিসেবে দেখা হচ্ছে না। বরং কিমের কিশোরী মেয়ে কিম জু অ্যাইকে এখনও উত্তর কোরিয়ার পরবর্তী নেতা হওয়ার সবচেয়ে সম্ভাব্য ব্যক্তি হিসেবে বিবেচনা করছে সংস্থাটি।

কিমের পারিবারিক উত্তরাধিকার নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে সাম্প্রতিক একটি প্রতিবেদনের পর। ওই প্রতিবেদনে দাবি করা হয়, দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা কর্মকর্তারা মনে করছেন কিম জং উনের স্ত্রী রি সল জুর কোনো ছেলে সন্তান নেই। এর পরই এনআইএস জানায়, কিমের বড় ছেলে আছে কি না, সে বিষয়ে তারা এখনও তথ্য যাচাই করছে।

এনআইএসের আগের মূল্যায়ন অনুযায়ী, কিমের মেয়ে জু অ্যাইকে উত্তরসূরি হিসেবে প্রস্তুত করা হচ্ছে। তার বয়স আনুমানিক ১৩ বছর। তবে তার নাম বা বয়স উত্তর কোরিয়ার সরকারিভাবে নিশ্চিত করা হয়নি। কিমের মেয়ের নাম জু অ্যাই হওয়ার তথ্যের মূল ভিত্তি সাবেক এনবিএ তারকা ডেনিস রডম্যানের বক্তব্য। ২০১৩ সালে পিয়ংইয়ং সফরের সময় কিমের শিশুকন্যাকে কোলে নেওয়ার কথা জানিয়েছিলেন তিনি।

২০২২ সালের শেষ দিক থেকে কিম জং উনের সঙ্গে মেয়েটির প্রকাশ্য উপস্থিতি ক্রমেই বেড়েছে। ক্ষেপণাস্ত্র পরীক্ষা, সামরিক কুচকাওয়াজ, অস্ত্র কারখানা পরিদর্শন এবং সামরিক মহড়াসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন অনুষ্ঠানে তাকে বাবার পাশে দেখা গেছে। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমও তাকে কিমের ‘সবচেয়ে প্রিয়’ বা ‘সম্মানিত’ সন্তান হিসেবে উল্লেখ করেছে।

চলতি মাসের শুরুতেও কিম জং উনের সঙ্গে একটি নতুন যুদ্ধজাহাজের কমিশনিং অনুষ্ঠানে মেয়েটিকে দেখা যায়। এর আগে সামরিক মহড়ায় বাবার সঙ্গে অস্ত্র পরিদর্শন ও পিস্তল পরীক্ষাতেও তাকে দেখা গেছে। এসব প্রকাশ্য উপস্থিতি তার রাজনৈতিক গুরুত্ব বাড়ছে বলে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের ধারণাকে আরও জোরালো করেছে।

তবে উত্তর কোরিয়ার ক্ষমতার উত্তরাধিকার নিয়ে এখনও অনিশ্চয়তা রয়েছে। ১৯৪৮ সালে দেশটি প্রতিষ্ঠার পর থেকে কিম পরিবারের তিন প্রজন্মের শাসকই পুরুষ। কিম জং উনের আগে তার বাবা কিম জং ইল এবং দাদা কিম ইল সুং দেশটির নেতৃত্ব দিয়েছেন। ফলে একজন নারীকে সর্বোচ্চ নেতৃত্বে মেনে নেওয়া নিয়ে উত্তর কোরিয়ার প্রভাবশালী সামরিক ও রাজনৈতিক মহলে ভবিষ্যতে কী ধরনের প্রতিক্রিয়া হবে, তা নিয়ে প্রশ্ন রয়েছে।

এনআইএস জানিয়েছে, কিমের আরও একটি ছোট সন্তান রয়েছে বলে ধারণা করা হয়। তবে সেই সন্তানের লিঙ্গ নিশ্চিত নয়। একই সঙ্গে কিমের বড় ছেলে আদৌ আছেন কি না, সেটিও এখনও যাচাইয়ের পর্যায়ে রয়েছে।

কিম জং উনের বয়স বর্তমানে ৪২ বছর। ফলে কিছু বিশেষজ্ঞ মনে করেন, এত অল্প বয়সে আনুষ্ঠানিকভাবে উত্তরসূরি নির্ধারণ করা তার জন্য প্রয়োজনীয় নয়। উত্তরসূরি ঘোষণা করলে তার নিজের রাজনৈতিক কর্তৃত্বেও প্রভাব পড়তে পারে বলে তাদের মত।

তারপরও মেয়ের ধারাবাহিকভাবে গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় ও সামরিক অনুষ্ঠানে উপস্থিতি উত্তর কোরিয়ার ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে জল্পনা বাড়িয়ে চলেছে। আপাতত দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থার মূল্যায়ন হলো, কিমের সম্ভাব্য উত্তরসূরি হিসেবে জু অ্যাইয়ের অবস্থানই সবচেয়ে শক্তিশালী।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার