বিজ্ঞাপন
ইরাকের কুর্দিস্তান থেকেও সেনা সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৪ এএম
বিজ্ঞাপন
ইরাকের কুর্দিস্তান অঞ্চল থেকেও মার্কিন নেতৃত্বাধীন আন্তর্জাতিক জোটের সেনা প্রত্যাহার প্রক্রিয়া শুরু হয়েছে। ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে জোটের সামরিক মিশন শেষ হওয়ার পর পূর্বনির্ধারিত সময়সীমা অনুযায়ী এই সেনা সরিয়ে নেওয়া হচ্ছে বলে নিশ্চিত করেছেন কুর্দিস্তানের এক ঊর্ধ্বতন কর্মকর্তা। এর মধ্য দিয়ে দেশটিতে মার্কিন জোটের দীর্ঘ সামরিক উপস্থিতির চূড়ান্ত অবসান ঘটতে যাচ্ছে।
গত বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) কুর্দিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রেবার আহমেদ সাংবাদিকদের জানান, ২০২৪ সালে যুক্তরাষ্ট্র ও ইরাকের মধ্যে স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী সেপ্টেম্বরের শেষ নাগাদ ইরাক থেকে জোটের সব সেনা প্রত্যাহার করার কথা রয়েছে। তিনি নিশ্চিত করেন, বিদ্যমান চুক্তি অনুযায়ী এই বাহিনী প্রত্যাহারের প্রক্রিয়া ইতোমধ্যেই শুরু হয়েছে এবং প্রতিদিনই সেনাদের ইরাকের বাইরে অন্যান্য অবস্থানে সরিয়ে নেওয়া হচ্ছে।
ইরাকি সশস্ত্র বাহিনীর প্রধানের মুখপাত্র সাবাহ আল-নুমানও জানিয়েছেন, বিদেশি সেনারা তাদের এই প্রত্যাহার প্রক্রিয়া আগের চেয়ে আরও ত্বরান্বিত করেছে।
২০১৪ সালে ইরাক ও সিরিয়ায় ইসলামিক স্টেটের বিরুদ্ধে লড়াইয়ের জন্য মার্কিন নেতৃত্বাধীন এই সামরিক জোট মোতায়েন করা হয়েছিল। ওই সময় আইএস দুই দেশের বিস্তীর্ণ এলাকা দখল করে ব্যাপক হত্যাযজ্ঞ ও নৃশংসতা চালিয়েছিল।
পরবর্তীতে ২০১৭ সালে ইরাকে এবং ২০১৯ সালে সিরিয়ায় গোষ্ঠীটির আঞ্চলিক নিয়ন্ত্রণের অবসান ঘটে। তবে আইএসের কিছু সদস্য এখনো মরুভূমি ও পার্বত্য এলাকায় সক্রিয় রয়েছে। তাদের হামলার মাত্রা ব্যাপকভাবে কমে গেলেও, অবশিষ্ট জঙ্গিদের নির্মূলে ইরাকি নিরাপত্তা বাহিনী এখনো নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে।
চলতি বছরের জানুয়ারিতে ইরাকের অন্যান্য ঘাঁটি থেকে জোটের সেনারা প্রত্যাহার সম্পন্ন করে এবং এরপর থেকে তারা শুধু দেশটির উত্তরাঞ্চলের স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলে অবস্থান করছিল। আইএসের পরাজয়ের পরও ইরাকে মার্কিন নেতৃত্বাধীন জোটের উপস্থিতি নিয়ে দেশটিতে দীর্ঘ বিতর্ক অব্যাহত ছিল।
বিশেষ করে ইরানের ঘনিষ্ঠ সশস্ত্র গোষ্ঠীগুলো দীর্ঘদিন ধরে জোটের সেনাদের লক্ষ্য করে হামলা চালিয়ে আসছিল। সাম্প্রতিক সময়েও তেহরানের সমর্থনপুষ্ট এসব গোষ্ঠীর হামলার ঘটনা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছিল।