বিজ্ঞাপন
শিক্ষার্থী হয়ে যুক্তরাষ্ট্রে, এবার ২ কোটি ডলারে কলেজ প্রতিষ্ঠা করলেন ভারতীয় দম্পতি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৩ এএম
বিজ্ঞাপন
একসময় উচ্চশিক্ষার জন্য ভারত থেকে যুক্তরাষ্ট্রে এসেছিলেন বিকাশ ও অনুরাধা সিনহা। সেই শিক্ষাই পরে বদলে দিয়েছে তাদের জীবন। এবার সেই সুযোগ অন্য শিক্ষার্থীদের জন্য তৈরি করতে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব নর্থ টেক্সাসকে ২ কোটি মার্কিন ডলার অনুদান দিয়েছেন এই ভারতীয় বংশোদ্ভূত দম্পতি।
তাদের অনুদানের স্বীকৃতিস্বরূপ বিশ্ববিদ্যালয়টির নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা ও অ্যাডভান্সড অ্যানালিটিক্স কলেজের নাম রাখা হয়েছে অনুরাধা অ্যান্ড বিকাশ সিনহা কলেজ অব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড অ্যাডভান্সড অ্যানালিটিক্স।
৮ সেপ্টেম্বর অনুদানের ঘোষণা দেয় ইউনিভার্সিটি অব নর্থ টেক্সাস। বিশ্ববিদ্যালয় জানিয়েছে, এই অর্থ কৃত্রিম বুদ্ধিমত্তা, ডেটা সায়েন্স ও অ্যাডভান্সড অ্যানালিটিক্সের শিক্ষা ও গবেষণায় ব্যবহার করা হবে। পাশাপাশি শিক্ষার্থীদের স্কলারশিপ, শিক্ষক নিয়োগ, গবেষণা, উদ্যোক্তা কার্যক্রম এবং নতুন প্রযুক্তি নিয়ে কাজের জন্য ছয়টি স্থায়ী তহবিল গঠন করা হবে।
নতুন কলেজে কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবারসিকিউরিটি, ডেটা সায়েন্স, অ্যাডভান্সড অ্যানালিটিক্স ও হেলথ ইনফরমেটিক্সসহ প্রযুক্তিনির্ভর বিভিন্ন বিষয়কে একসঙ্গে আনা হবে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের মধ্যে যৌথ গবেষণা বাড়ানোর পাশাপাশি শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে শিক্ষার্থীদের বাস্তব কর্মক্ষেত্রের জন্য প্রস্তুত করাও থাকবে এর অন্যতম লক্ষ্য।
সিনহা দম্পতির সঙ্গে ইউনিভার্সিটি অব নর্থ টেক্সাসের সম্পর্ক দীর্ঘদিনের। দুজনই ভারতের শ্রী ভেঙ্কটেশ্বর ইউনিভার্সিটি থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি অর্জনের পর উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে আসেন। পরে তারা ফ্লোরিডা আটলান্টিক ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েট ডিগ্রি অর্জন করেন। বিকাশ সিনহা ২০২৩ সালে ইউনিভার্সিটি অব নর্থ টেক্সাস থেকে ইনফরমেশন সায়েন্সে ডেটা সায়েন্স বিষয়ে পিএইচডি অর্জন করেন।
বর্তমানে বিকাশ সিনহা প্রযুক্তি প্রতিষ্ঠান ব্রডকমের মেইনফ্রেম সফটওয়্যার বিভাগের ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০২৪ সালে সিনহা দম্পতি বিশ্ববিদ্যালয়ে ডেটা সায়েন্স বিভাগ প্রতিষ্ঠায় অনুদান দেন। পরের বছর তারা ডেটা সায়েন্স ইনোভেশন ল্যাব প্রতিষ্ঠার জন্যও বড় ধরনের অনুদান দেন।
বিকাশ সিনহা বলেন, শিক্ষা তাদের জীবনে নতুন সুযোগের দরজা খুলে দিয়েছে এবং তারা সেই সুযোগ অন্য শিক্ষার্থীদের জন্যও তৈরি করতে চান। আন্তর্জাতিক শিক্ষার্থী হিসেবে যুক্তরাষ্ট্রে আসার সময় অন্য একজন তার ওপর বিনিয়োগ করেছিলেন, ভবিষ্যতে তিনি কী অর্জন করবেন তা না জেনেই। সেই অভিজ্ঞতাই তাদের বর্তমান উদ্যোগের অন্যতম অনুপ্রেরণা।
তার মতে, কৃত্রিম বুদ্ধিমত্তা বর্তমান প্রজন্মের অন্যতম গুরুত্বপূর্ণ প্রযুক্তি। তাই শিক্ষার্থীদের শুধু এআই ব্যবহার শেখানো নয়, বরং এটি তৈরি, বোঝা, মূল্যায়ন এবং দায়িত্বশীলভাবে প্রয়োগের সক্ষমতাও গড়ে তোলা জরুরি।
ইউনিভার্সিটি অব নর্থ টেক্সাসের প্রেসিডেন্ট হ্যারিসন কেলার বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা কাজের ধরন, গবেষণা এবং সমস্যা সমাধানের পদ্ধতি দ্রুত বদলে দিচ্ছে। সিনহা দম্পতির এই অনুদান শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য নতুন সুযোগ তৈরি করার পাশাপাশি টেক্সাসে ভবিষ্যতের প্রযুক্তিনির্ভর কর্মবাজারের জন্য দক্ষ জনবল তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সিনহা দম্পতির ২ কোটি ডলারের এই অনুদান তাদের নিজেদের শিক্ষাজীবনে পাওয়া সুযোগকে অন্যদের মধ্যে ছড়িয়ে দেওয়ার একটি দীর্ঘমেয়াদি উদ্যোগ হিসেবে দেখছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ইউনিভার্সিটি অব নর্থ টেক্সাস জানিয়েছে, নতুন কলেজের মাধ্যমে শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনে বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তার ভবিষ্যৎ গড়ে তুলতে দক্ষ শিক্ষার্থী ও গবেষক তৈরিতে গুরুত্ব দেওয়া হবে।