বিজ্ঞাপন
যুক্তরাজ্যে একে অপরের সন্তানকে স্তন্যপান করান দুই ননদ-ভাবি, বললেন ‘দুধ তো দুধই’
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫০ এএম
বিজ্ঞাপন
যুক্তরাজ্যের দুই ননদ-ভাবি হোলি ও বেকি স্টিভেন্স শুধু একে অপরের সন্তানের দেখভালই করেন না, বরং তারা একে অপরের সন্তানদের নিয়মিত স্তন্যপানও করান। সম্প্রতি যুক্তরাজ্যের জনপ্রিয় টেলিভিশন শো ‘দিস মর্নিং’-এ উপস্থিত হয়ে মাতৃত্বের এই ব্যতিক্রমী অভিজ্ঞতার কথা জানিয়েছেন তারা। বিগত সাত বছর ধরে তারা একে অপরের সন্তানদের বুকের দুধ খাইয়ে আসছেন। হোলির ছেলে ফ্রেডির বয়স যখন মাত্র পাঁচ দিন, তখন সম্পূর্ণ অপ্রত্যাশিতভাবেই নিতান্ত প্রয়োজনে এই অভ্যাসের সূচনা হয়েছিল।
একদিন বেকি যখন ফ্রেডির দেখাশোনা করছিলেন, তখন শিশুটি হঠাৎ ক্ষুধার্ত হয়ে পড়লে জরুরি ভিত্তিতে তাকে বুকের দুধ খাওয়ান তিনি। সে সময় বেকি তার নিজের ছেলে ফয়কেও স্তন্যপান করাতেন। পরবর্তীতে আরেক দিনের স্মৃতিচারণ করে হোলি জানান, একবার তিনি ব্রেস্ট পাম্প ছাড়াই বেকির বাড়িতে গিয়েছিলেন এবং উপায় না পেয়ে বেকির ছেলে ফয়কে নিজের বুকের দুধ খাইয়েছিলেন।
তাদের মতে, এর ফলে বাইরে যাওয়ার সময় বাচ্চাদের বিশাল ব্যাগ বওয়ার ঝক্কিও অনেকটা কমে যায়। দীর্ঘ সাত বছর পর আজও তাদের এই অভ্যাস অব্যাহত রয়েছে; সম্প্রতি বেকির নবজাতক কন্যা পার্লকেও স্তন্যপান করিয়েছেন হোলি। তাদের দাবি, একে অপরের সন্তানদের স্তন্যপানের কারণে তাদের দুই পরিবারের পারস্পরিক বন্ধন আরও সুদৃঢ় হয়েছে।
একে অপরের সন্তানকে স্তন্যপান করানোর বা ‘ওয়েট নার্স’-এর ধারণাটি অবশ্য মানব ইতিহাসে নতুন কিছু নয়। অন্তত খ্রিস্টপূর্ব ২০০০ অব্দ থেকে এই প্রথার প্রচলন রয়েছে। ২০২৫ সালের ‘জামা’ (JAMA) জার্নালের একটি গবেষণায় দেখা গেছে, যুক্তরাষ্ট্রে প্রায় ২ হাজার মায়ের মধ্যে ৩.৭ শতাংশ মা তাদের শিশুর জীবনের প্রথম ছয় মাসে অন্যের বুকের দুধ খাইয়েছেন।
তবে সামাজিক যোগাযোগমাধ্যমে এই অভ্যাস নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে; কেউ একে ইতিবাচক ও স্বাভাবিকভাবে নিলেও অনেকেই বিষয়টি নিয়ে নেতিবাচক মন্তব্য করেছেন।
চিকিৎসা বিশেষজ্ঞদের মতে, ঘনিষ্ঠ আত্মীয় বা বন্ধুদের ক্ষেত্রে এটি সরাসরি অনিরাপদ নয়, যদি উভয় মায়ের স্বাস্থ্য, নিয়মিত সেবনকৃত ওষুধ ও অন্যান্য ঝুঁকির বিষয়ে স্বচ্ছতা থাকে। তবে পেডিয়াট্রিক নার্স প্র্যাকটিশনার জোয়ানা ক্রেইলিং সতর্ক করে বলেছেন, এতে মা ও শিশু উভয়ের জন্যই কিছু স্বাস্থ্যঝুঁকি থাকে।
মায়ের বুকের দুধের মাধ্যমে বিভিন্ন ওষুধ, সম্পূরক উপাদান এমনকি এইচআইভি বা হারপিসের মতো ভাইরাসের সংক্রমণ ছড়ানোর আশঙ্কা থাকে। এছাড়া পর্যাপ্ত দুধ না পেলে নবজাতকের পানিশূন্যতাও দেখা দিতে পারে। এতসব ঝুঁকি ও সমালোচনার পরও হোলি ও বেকি বিষয়টিকে ইতিবাচকভাবেই দেখছেন। সব নেতিবাচকতা উড়িয়ে দিয়ে হোলির সহজ উত্তর, “এটি খুবই সুবিধাজনক। দুধ তো দুধই।”