Logo
Logo
×

বিজ্ঞাপন

আন্তর্জাতিক

বাংলাদেশি এআই গবেষক ইরফানের মৃত্যু নিয়ে পরিবারের আপত্তি

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫১ পিএম

বাংলাদেশি এআই গবেষক ইরফানের মৃত্যু নিয়ে পরিবারের আপত্তি

বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার পালো আল্টোতে নেভিডিয়ার ৩২ বছর বয়সী সিনিয়র এআই গবেষক ইরফান আল-হুসাইনির মৃত্যুকে আত্মহত্যা হিসেবে দেখার সিদ্ধান্ত নিয়ে আপত্তি জানিয়েছে তার পরিবার। মৃত্যুর কারণ নিয়ে পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়ে পরিবারের সদস্যরা ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেল রব বোন্টার কার্যালয়ে জরুরি আবেদন করেছেন এবং নির্ধারিত দাহকাজ বন্ধের অনুরোধ জানিয়েছেন।

এনবিসি বে এরিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, ইরফানকে জুলাইয়ে পালো আল্টোর নিজ বাড়িতে অচেতন অবস্থায় পাওয়া যায়। হাসপাতালে নেওয়ার পর আট দিন চিকিৎসাধীন থেকে তার মৃত্যু হয়। কর্তৃপক্ষ তার মৃত্যুকে আত্মহত্যা হিসেবে চিহ্নিত করলেও পরিবার ও ঘনিষ্ঠ কয়েকজন সেই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন।

পরিবারের দাবি, ঘটনার কয়েক ঘণ্টা আগেও ইরফান স্বাভাবিকভাবে কাজ করছিলেন। মৃত্যুর দিন সকালে তিনি একটি পেশাগত প্রেজেন্টেশনও দেন। এরপর কীভাবে অল্প সময়ের মধ্যে তিনি অচেতন হয়ে পড়লেন, তা নিয়ে পরিবারের সদস্যরা স্পষ্ট ব্যাখ্যা চান।

ইরফানের পরিবারের সদস্যরা সম্প্রতি স্যাক্রামেন্টোতে গিয়ে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে আনুষ্ঠানিক অভিযোগ ও জরুরি আবেদন জমা দেন। তাদের আশঙ্কা, দাহ করা হলে মৃত্যুর ঘটনাটি পুনরায় পরীক্ষা বা ফরেনসিক তদন্তের গুরুত্বপূর্ণ সুযোগ নষ্ট হয়ে যেতে পারে।

ইরফানের বোন সারাহ আল-হুসাইনি এনবিসি বে এরিয়াকে বলেন, শরীর দাহ হয়ে গেলে সম্ভাব্য গুরুত্বপূর্ণ শারীরিক প্রমাণ আর পরীক্ষা করা সম্ভব হবে না। তাই তারা কর্তৃপক্ষের হস্তক্ষেপ এবং দেহটি সংরক্ষণের দাবি জানিয়েছেন।

ইরফান আল-হুসাইনি নেভিডিয়ায় সিনিয়র ডেটা সায়েন্টিস্ট হিসেবে কাজ করতেন। তার ব্যক্তিগত পেশাগত তথ্য অনুযায়ী, তিনি কৃত্রিম বুদ্ধিমত্তা, মেশিন লার্নিং এবং বিশেষ করে হেলথকেয়ারে ব্যাখ্যাযোগ্য এআই নিয়ে গবেষণা করতেন। তিনি জর্জিয়া টেক থেকে ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে পিএইচডি সম্পন্ন করেন। এর আগে তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, বুয়েটের শিক্ষার্থী ছিলেন।

জর্জিয়া টেকের প্রকাশিত তথ্য অনুযায়ী, ইরফান ও তার স্ত্রী ফাবিয়া ফারলিন আথেনা একই সময়ে বুয়েটে পড়লেও তাদের পরিচয় হয় পরে জর্জিয়া টেকে। দুজনই সেখানে ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে পিএইচডি করেন এবং ২০২২ সালে বিয়ে করেন।

ইরফানের মৃত্যুকে ঘিরে ইতোমধ্যে একটি পৃথক তদন্তের দাবিও উঠেছে। আগস্টে প্রকাশিত এক আপডেটে জানানো হয়, বাংলাদেশের কনসাল জেনারেলের পক্ষ থেকে বিষয়টি সান্তা ক্লারা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয়ের নজরে আনা হয়েছিল। ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানিয়েছে, পালো আল্টো পুলিশ তদন্ত করছে এবং সান্তা ক্লারা কাউন্টি মেডিকেল এক্সামিনারের ফরেনসিক প্যাথলজিস্টও মৃত্যুর কারণ ও ধরন নিয়ে স্বাধীনভাবে পরীক্ষা করছেন।

তদন্তে হত্যাকাণ্ডের পক্ষে পর্যাপ্ত প্রমাণ পাওয়া গেলে পুলিশ মামলাটি পরবর্তী আইনি পর্যালোচনার জন্য পাঠাতে পারে বলেও ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে।

এদিকে পরিবারের অভিযোগ ও প্রশ্নের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে ইরফানের মৃত্যুকে ঘিরে নানা দাবি ছড়ালেও সেগুলোর সবগুলো স্বাধীনভাবে যাচাই করা যায়নি। তাই তদন্ত শেষ হওয়ার আগে তার মৃত্যুর প্রকৃত কারণ বা দায়ী ব্যক্তি সম্পর্কে কোনো সিদ্ধান্তে পৌঁছানো হয়নি।

নির্ধারিত দাহকাজ বন্ধ করে দেহটি আরও পরীক্ষা করার সুযোগ দেওয়াই এখন পরিবারের প্রধান দাবি। তারা বলছেন, ইরফানের মৃত্যুর পরিস্থিতি পুরোপুরি পরিষ্কার না হওয়া পর্যন্ত ঘটনাটির স্বাধীন ও স্বচ্ছ তদন্ত প্রয়োজন।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার