বিজ্ঞাপন
যুক্তরাষ্ট্রের শিক্ষার্থীদের হোমওয়ার্ক করতেন আফ্রিকানরা, এখন এআইয়ে হারালেন কাজ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৯ পিএম
বিজ্ঞাপন
কেনিয়ার রাজধানী নাইরোবিতে বিদেশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হয়ে একাডেমিক প্রবন্ধ ও অ্যাসাইনমেন্ট লিখে জীবিকা চালাতেন আনুমানিক ৪০ হাজার মানুষ। কিন্তু ২০২২ সালে চ্যাটজিপিটি চালুর পর মাত্র কয়েক বছরের মধ্যে সেই শিল্প প্রায় ভেঙে পড়েছে। একসময় প্রতিটি প্রবন্ধের জন্য ৪০ থেকে ৭০ ডলার পর্যন্ত পাওয়া লেখকদের অনেকেই এখন আগের মতো কাজ বা আয় খুঁজে পাচ্ছেন না।
নিউইয়র্ক টাইমসের সাম্প্রতিক এক প্রতিবেদনে নাইরোবির এই শিল্পের উত্থান ও পতনের চিত্র উঠে এসেছে। প্রতিবেদন অনুযায়ী, শিল্পটির শীর্ষ সময়ে অন্তত ৪০ হাজার মানুষ বিদেশি শিক্ষার্থীদের হয়ে বিশ্ববিদ্যালয়ের অ্যাসাইনমেন্ট লিখতেন। মূলত যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের শিক্ষার্থীরাই এসব সেবার বড় গ্রাহক ছিলেন।
এই শিল্পে কাজ করা লেখকদের একজন তেরেসিওস বুন্ডি। ২০১১ সালে নাইরোবিতে আসার পর তিনি অনলাইনে একাডেমিক লেখা তৈরির কাজ শুরু করেন। পরবর্তী ১২ বছরে তিনি ২ হাজার ৫০০টির বেশি প্রবন্ধ লেখেন। প্রতিটি লেখার জন্য তিনি প্রায় ৪০ থেকে ৭০ ডলার পর্যন্ত নিতেন।
বুন্ডির মতো অনেক শিক্ষিত তরুণের জন্য এই কাজ ছিল স্থানীয় চাকরির তুলনায় বেশি আয়ের সুযোগ। কিন্তু ২০২২ সালের নভেম্বরে চ্যাটজিপিটি বাজারে আসার পর পরিস্থিতি দ্রুত বদলে যায়। শিক্ষার্থীরা অর্থ খরচ করে লেখক নিয়োগের পরিবর্তে এআই চ্যাটবট ব্যবহার করে নিজেরাই অ্যাসাইনমেন্ট তৈরি করতে শুরু করেন। ফলে লেখার অর্ডার কমে যাওয়ার পাশাপাশি পারিশ্রমিকও দ্রুত কমতে থাকে।
শিল্পটির সঙ্গে যুক্ত অনেকেই এখন অন্য ধরনের অনলাইন কাজে যাওয়ার চেষ্টা করছেন। কেউ এআই দিয়ে তৈরি লেখা সম্পাদনা করছেন, কেউ ডাটা লেবেলিং বা কনটেন্ট মডারেশনের মতো কাজে যুক্ত হচ্ছেন। তবে এসব কাজেও আগের মতো স্থিতিশীল আয় পাওয়া যাচ্ছে না বলে প্রতিবেদনে উঠে এসেছে।
নাইরোবির এই ঘটনা এআইয়ের কারণে শ্রমবাজারে সম্ভাব্য বড় ধরনের পরিবর্তনের একটি স্পষ্ট উদাহরণ হিসেবে সামনে এসেছে। বিশেষ করে যেসব কাজের মূল ভিত্তি সাধারণ লেখা, গবেষণা ও অনলাইনে নির্দিষ্ট ধরনের কনটেন্ট তৈরি, সেসব পেশায় এআইয়ের প্রভাব কত দ্রুত পড়তে পারে, তা এই শিল্পের পতন দেখিয়ে দিয়েছে।
একসময় বিদেশি শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট লিখে যে শিল্পে হাজার হাজার মানুষের কর্মসংস্থান তৈরি হয়েছিল, চ্যাটজিপটির আবির্ভাবের পর সেই বাজারই এখন প্রায় অদৃশ্য। ফলে এআইয়ের কারণে শুধু প্রযুক্তিখাত নয়, বিশ্বজুড়ে বিভিন্ন ধরনের অনলাইন ও আউটসোর্সিং কাজের ভবিষ্যৎ নিয়েও নতুন করে প্রশ্ন উঠছে।