বিজ্ঞাপন
২ কোটি ডলারের অনুদানে এআই নিয়ে নতুন কলেজ চালু করল ইউনিভার্সিটি অব নর্থ টেক্সাস
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৬ পিএম
বিজ্ঞাপন
টেক্সাসের ডেন্টনে ইউনিভার্সিটি অব নর্থ টেক্সাস (UNT) কৃত্রিম বুদ্ধিমত্তা ও অ্যাডভান্সড অ্যানালিটিক্স নিয়ে নতুন একটি কলেজ চালু করেছে। ভারতীয় বংশোদ্ভূত দম্পতি অনুরাধা ও বিকাশ সিনহার ২ কোটি ডলারের অনুদানের পর নতুন এই কলেজ প্রতিষ্ঠার ঘোষণা দেওয়া হয়। ৮ সেপ্টেম্বর ২০২৬ বিশ্ববিদ্যালয়টি আনুষ্ঠানিকভাবে অনুদানের বিষয়টি জানায়।
নতুন কলেজটির নাম রাখা হয়েছে ‘অনুরাধা অ্যান্ড বিকাশ সিনহা কলেজ অব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড অ্যাডভান্সড অ্যানালিটিক্স’। এআই, ইন্টেলিজেন্ট সিস্টেম, ডাটা অ্যানালিটিক্স, সাইবারসিকিউরিটি, হেলথ ইনফরমেটিক্স ও লার্নিং টেকনোলজির মতো ক্ষেত্রে শিক্ষা ও গবেষণার কেন্দ্র হিসেবে এটি কাজ করবে।
বিশ্ববিদ্যালয় জানিয়েছে, ২ কোটি ডলারের এই অনুদানে ছয়টি স্থায়ী এন্ডাওমেন্ট গড়ে তোলা হবে। এর আওতায় শিক্ষার্থীদের স্কলারশিপ, অধ্যাপকদের জন্য এন্ডাওড পদ, কলেজের নেতৃত্ব, উদ্যোক্তা কার্যক্রম ও ইনকিউবেশন, অ্যাডভান্সড রিসার্চ এবং নতুন প্রযুক্তি নিয়ে কাজের জন্য অর্থায়ন করা হবে।
নতুন কলেজে দুটি একাডেমিক বিভাগ থাকবে। একটি হবে অ্যাপ্লাইড ইন্টেলিজেন্স অ্যান্ড ইনফরমেটিক্স এবং অন্যটি ইনফরমেশন অ্যান্ড লার্নিং অ্যাপ্লিকেশনস। পাশাপাশি থাকবে অ্যাপ্লাইড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড ডাটা সায়েন্স ইনস্টিটিউট, যা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের মধ্যে এআই ও ডাটা অ্যানালিটিক্স নিয়ে যৌথ গবেষণা এবং শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারত্ব বাড়াতে কাজ করবে।
বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট হ্যারিসন কেলার বলেন, এআই কর্মক্ষেত্র, গবেষণা ও সমস্যা সমাধানের পদ্ধতিতে দ্রুত পরিবর্তন আনছে। নতুন কলেজটি পরিবর্তনশীল শ্রমবাজারের জন্য শিক্ষার্থীদের প্রস্তুত করা এবং বিভিন্ন বিষয়ের মধ্যে গবেষণা ও উদ্ভাবন বাড়ানোর বিশ্ববিদ্যালয়ের ‘লুক নর্থ: ইউএনটি ২০৩০’ পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
বিকাশ সিনহা বর্তমানে ব্রডকমের মেইনফ্রেম সফটওয়্যার বিভাগের ভাইস প্রেসিডেন্ট এবং ২০২৩ সালে UNT থেকে ডক্টরেট ডিগ্রি অর্জন করেন। তিনি ও তার স্ত্রী অনুরাধা ভারতে পড়াশোনা শেষ করে উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে আসেন। বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে তারা UNT-তে ডাটা সায়েন্স বিভাগ প্রতিষ্ঠায় সহায়তা করেন এবং ২০২৫ সালে সাইনা ইনোভেশন ল্যাব ফর ডাটা সায়েন্স প্রতিষ্ঠায়ও অর্থ দেন।
UNT জানিয়েছে, নতুন কলেজ প্রতিষ্ঠার মাধ্যমে এআই ও ডাটা-নির্ভর প্রযুক্তিতে শিক্ষার্থী ও গবেষকদের জন্য আরও সুযোগ তৈরি হবে। একই সঙ্গে উত্তর টেক্সাসের পরিবর্তনশীল কর্মবাজারের চাহিদার সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণাকে আরও ঘনিষ্ঠভাবে যুক্ত করার লক্ষ্য রয়েছে।