বিজ্ঞাপন
নিউ ইয়র্কে ডে-কেয়ার কর্ণধার জাকিয়া খানকে ৭৬ মাসের কারাদণ্ড
৫ কোটি ৬০ লাখ ডলারের বেশি ফেরত দেওয়ার নির্দেশ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৩ পিএম
বিজ্ঞাপন
নিউইয়র্কের ব্রুকলিনে প্রায় ৬ কোটি ৪০ লাখ ডলারের Medicaid জালিয়াতি ও অবৈধ ঘুষ লেনদেনের মামলায় জাকিয়া খান নামে এক ডে-কেয়ার মালিককে ৭৬ মাসের কারাদণ্ড দিয়েছেন ফেডারেল আদালত। ৫৫ বছর বয়সী খানকে ৫ কোটি ৬০ লাখ ডলারের বেশি ফেরত দেওয়ার পাশাপাশি জালিয়াতির অর্থ হিসেবে আরও ৫০ লাখ ডলার বাজেয়াপ্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।
যুক্তরাষ্ট্রের ইস্টার্ন ডিস্ট্রিক্ট অব নিউইয়র্কের অ্যাটর্নি অফিস জানিয়েছে, কনি আইল্যান্ড এলাকায় খানের মালিকানাধীন দুটি সোশ্যাল অ্যাডাল্ট ডে-কেয়ার সেন্টার এবং একটি হোম হেলথ কেয়ার প্রতিষ্ঠানের মাধ্যমে এই জালিয়াতি পরিচালিত হয়। ২০২৫ সালের আগস্টে খান হেলথ কেয়ার জালিয়াতির ষড়যন্ত্র এবং যুক্তরাষ্ট্রকে প্রতারণা ও অবৈধ হেলথ কেয়ার কিকব্যাক দেওয়ার ষড়যন্ত্রের অভিযোগে দোষ স্বীকার করেন।
আদালতের নথি অনুযায়ী, খান হ্যাপি ফ্যামিলি সোশ্যাল অ্যাডাল্ট ডে কেয়ার সেন্টার এবং ফ্যামিলি সোশ্যাল অ্যাডাল্ট ডে কেয়ার সেন্টারের মালিক ছিলেন। তিনি রেসপনসিবল কেয়ার স্টাফিং নামের একটি হোম হেলথ কেয়ার ফিসকাল ইন্টারমিডিয়ারিও পরিচালনা করতেন। জালিয়াতির অর্থ গ্রহণ ও গোপন করার জন্য টানউই সার্ভিসেস নামে আরেকটি প্রতিষ্ঠান ব্যবহার করা হয় বলে আদালতের নথিতে উল্লেখ রয়েছে।
২০১৭ সালের অক্টোবর থেকে ২০২৪ সালের জুলাই পর্যন্ত বিভিন্ন মার্কেটারের মাধ্যমে Medicaid সুবিধাভোগীদের এসব ডে-কেয়ার সেন্টারে ভর্তি করানো হতো। প্রসিকিউটরদের অভিযোগ, খান ও তার সহযোগীরা সুবিধাভোগীদের নগদ অর্থ ও অন্যান্য সুবিধা দিয়ে এমন সেবার জন্য নিবন্ধিত করতেন, যা পরে Medicaid-এর কাছে বিল করা হলেও প্রকৃতপক্ষে দেওয়া হয়নি।
তদন্তে উঠে এসেছে, ২০১৭ থেকে ২০২৪ সালের মধ্যে দুই ডে-কেয়ার সেন্টার Medicaid-এর কাছে প্রায় ৬ কোটি ৪০ লাখ ডলারের ভুয়া বিল জমা দেয়। এর মধ্যে Medicaid প্রায় ৫ কোটি ৬০ লাখ ডলার পরিশোধ করে। জালিয়াতির অর্থ বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানের মাধ্যমে ঘুরিয়ে নগদ করা হতো এবং সেই অর্থের একটি অংশ মার্কেটার ও Medicaid সুবিধাভোগীদের ঘুষ ও কিকব্যাক হিসেবে দেওয়া হতো বলে ফেডারেল প্রসিকিউটররা জানান।
আদালতের নথিতে আরও বলা হয়েছে, সুবিধাভোগীদের কাছ থেকে ভুয়া অ্যাটেনডেন্স শিটে স্বাক্ষর নেওয়া হতো। তদন্তের অংশ হিসেবে খানের অফিসে অবৈধ কিকব্যাক দেওয়ার একটি আন্ডারকভার রেকর্ডিংও ফেডারেল কর্তৃপক্ষের হাতে আসে।
খানের বাড়িতে তল্লাশির সময় নগদ অর্থ, স্বর্ণালংকার ও দুটি সম্পত্তিসহ জালিয়াতির অর্থের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন সম্পদ জব্দ করা হয়। আদালতের আদেশ অনুযায়ী এসব সম্পদের অংশ হিসেবে মোট ৫০ লাখ ডলার পর্যন্ত অর্থ ও সম্পদ বাজেয়াপ্ত করা হবে।
মামলাটি তদন্ত করেছে যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য ও মানবসেবা বিভাগের ইন্সপেক্টর জেনারেলের কার্যালয়, হোমল্যান্ড সিকিউরিটি ইনভেস্টিগেশনস এবং নিউইয়র্ক পুলিশ বিভাগ। ৯ সেপ্টেম্বর ২০২৬ ব্রুকলিনের ফেডারেল আদালতে বিচারক নাতাশা সি. মার্লে খানের সাজা ঘোষণা করেন।