বিজ্ঞাপন
বিশ্ব জয় করলেও ঘর সামলাতে পারছেন না ইলন মাস্ক? মেয়ে ও স্ত্রীর কাছে নাস্তানাবুদ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৯ পিএম
বিজ্ঞাপন
ইলন মাস্কের সঙ্গে দীর্ঘদিনের দূরত্ব এবার নতুন মাত্রা পেয়েছে তার ২২ বছর বয়সী মেয়ে ভিভিয়ান জেনা উইলসআউনের এআইবিরোধী নতুন ফ্যাশন ক্যাম্পেইনে। স্প্যানিশ ফ্যাশন ব্র্যান্ড Desigual-এর ‘Born to Disobey’ ক্যাম্পেইনে অংশ নিয়ে মাস্কের তৈরি প্রযুক্তির প্রতীক হিসেবে দেখা একটি হিউম্যানয়েড রোবটকে ব্যঙ্গাত্মকভাবে উপস্থাপন করেছেন তিনি। একই সময়ে মাস্ককে নিয়ে তার সাবেক সঙ্গী অ্যাশলি সেন্ট ক্লেয়ারের মন্তব্যও নতুন করে আলোচনায় এসেছে।
Desigual-এর প্রচারণায় উইলসনকে একটি হিউম্যানয়েড রোবট নিয়ে নানা ধরনের ব্যঙ্গাত্মক কর্মকাণ্ড করতে দেখা যায়। রোবটটিকে গলফের টি হিসেবে ব্যবহার করা, ঘাস কাটানো, পোষা প্রাণীর মতো বেঁধে রাখা এবং বিছানায় নেওয়ার পর শেষ পর্যন্ত মেঝেতে ছুড়ে ফেলেন তিনি। প্রচারণার বার্তা হিসেবে তিনি বলেন, কিছু জিনিস ঠিক করার জন্য তৈরি নয়।
মাস্কের সঙ্গে উইলসনের সম্পর্কের অবনতি শুরু হয় ২০২০ সালে। তখন ১৬ বছর বয়সে তিনি জেন্ডার ট্রানজিশন শুরু করেন। দুই বছর পর নিজের আইনি নাম পরিবর্তন করে তিনি জানান, কোনোভাবেই আর মাস্কের সঙ্গে সম্পর্কিত থাকতে চান না।
এদিকে মাস্কের ব্যক্তিগত জীবন ও পরিবারের সম্পর্কও উঠে এসেছে পরিচালক অ্যালেক্স গিবনির নতুন প্রায় চার ঘণ্টার তথ্যচিত্র ‘Musk’-এ। ভেনিস চলচ্চিত্র উৎসবে ছবিটির প্রিমিয়ার হয় ৮ সেপ্টেম্বর। এতে মাস্কের সাবেক স্ত্রী জাস্টিন মাস্ক, সাবেক সঙ্গী অ্যাশলি সেন্ট ক্লেয়ারসহ তার জীবন ও ক্যারিয়ারের সঙ্গে যুক্ত একাধিক ব্যক্তির সাক্ষাৎকার রয়েছে।
সেন্ট ক্লেয়ার, যিনি মাস্কের এক সন্তানের মা এবং বর্তমানে সন্তানের কাস্টডি নিয়ে তার সঙ্গে আইনি বিরোধে রয়েছেন, দাবি করেছেন মাস্কের টিম তাকে তথ্যচিত্রে অংশ না নেওয়ার বিনিময়ে ৪ কোটি ডলারের প্রস্তাব দিয়েছিল। তিনি সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন বলে জানান।
সেন্ট ক্লেয়ারের দাবি, মাস্ক একবার তাকে বার্তা দিয়ে বলেছিলেন, সম্ভাব্য গৃহযুদ্ধের আগে তার ‘সন্তানদের একটি বিশাল বাহিনী’ প্রয়োজন। তিনি আরও অভিযোগ করেন, মাস্ক তার মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের মাধ্যমে সমাজে বিভাজন বাড়াচ্ছেন। এসব বক্তব্য অবশ্য সেন্ট ক্লেয়ারের অভিযোগ ও মতামত হিসেবে এসেছে।
অন্যদিকে তথ্যচিত্রে অংশ নিতে মাস্ক নিজে রাজি হননি। তিনি পরিচালক গিবনির কাজকে পক্ষপাতদুষ্ট বলে সমালোচনা করেছেন। গিবনি জানিয়েছেন, প্রকল্পের শুরুতে তিনি মাস্কের প্রতি এক ধরনের প্রশংসাবোধ থেকেই কাজ শুরু করেছিলেন, কিন্তু পরে তথ্য অনুসরণ করতে গিয়ে তার দৃষ্টিভঙ্গি বদলে যায়।
উইলসনও এআই ব্যবহারের বিষয়ে প্রকাশ্যে সমালোচনামূলক অবস্থান নিয়েছেন। তার মতে, সবকিছুর জন্য এআই ব্যবহার করলে মানুষের নিজস্ব চিন্তাশক্তি ও স্বাতন্ত্র্য ক্ষতিগ্রস্ত হতে পারে। তার নতুন ফ্যাশন ক্যাম্পেইনেও মূলত প্রযুক্তির ওপর অতিরিক্ত নির্ভরতার বিরুদ্ধে এমনই একটি বার্তা তুলে ধরা হয়েছে।
গিবনির ‘Musk’ তথ্যচিত্রে মাস্কের ব্যবসায়িক উত্থান, রাজনৈতিক প্রভাব, পারিবারিক সম্পর্ক এবং সামাজিক যোগাযোগমাধ্যমে তার ভূমিকা নিয়ে বিস্তৃত আলোচনা করা হয়েছে। ছবিটি অক্টোবর ২০২৬-এ প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে।