Logo
Logo
×

বিজ্ঞাপন

আন্তর্জাতিক

২২ বছর হিমায়িত ছিল ভ্রূণ, ৫৪ বছর বয়সে সন্তানের মা হলেন নারী

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৮ পিএম

২২ বছর হিমায়িত ছিল ভ্রূণ, ৫৪ বছর বয়সে সন্তানের মা হলেন নারী

বিজ্ঞাপন

গ্রিসের ৫৪ বছর বয়সী এক নারী ২২ বছরেরও বেশি সময় আগে হিমায়িত করে রাখা ভ্রূণ থেকে একটি কন্যাসন্তানের জন্ম দিয়েছেন। একই চিকিৎসায় ২০০৪ সালে জন্ম নেওয়া তার ছেলে ২০২৫ সালে সড়ক দুর্ঘটনায় মারা যাওয়ার পর নতুন করে মাতৃত্বের সিদ্ধান্ত নেন ক্রিস্টিনা রাপতি-তজেলেপি। ঘটনাটি দীর্ঘ সময় ধরে সংরক্ষিত মানব ভ্রূণ থেকে সন্তান জন্মদানের ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য ঘটনা হিসেবে সামনে এসেছে।

চিকিৎসক কনস্টান্টিনোস পান্তোস জানান, ২০০৪ সালে আইভিএফের মাধ্যমে ক্রিস্টিনা একটি সুস্থ ছেলে সন্তানের জন্ম দিয়েছিলেন। ওই চিকিৎসার সময় তৈরি করা আরও কিছু ভ্রূণ সংরক্ষণ করে রাখা হয়েছিল। ২০২৫ সালের অক্টোবরে ২১ বছর বয়সী ওই ছেলে সড়ক দুর্ঘটনায় মারা যাওয়ার পর পরিবারটি গভীর শোকের মধ্যে পড়ে। পরে সংরক্ষিত ভ্রূণগুলোর একটি ব্যবহারের সিদ্ধান্ত নেন ক্রিস্টিনা।

২০২৫ সালের ২৩ ডিসেম্বর সংরক্ষিত ভ্রূণটি তার জরায়ুতে প্রতিস্থাপন করা হয়। প্রায় ২২ বছর পাঁচ মাস ধরে সংরক্ষিত থাকার পর ওই ভ্রূণ থেকে শিশুটির জন্ম হয়। চিকিৎসক দলের তথ্য অনুযায়ী, এটি দীর্ঘ সময় সংরক্ষিত মানব ভ্রূণ থেকে জীবিত সন্তান জন্মের অন্যতম দীর্ঘ সময়ের ঘটনা।

ক্রিস্টিনা রাপতি-তজেলেপির বয়স এখন ৫৪ বছর। গ্রিসে আইভিএফের ক্ষেত্রে নারীর বয়সসীমা ৫৪ বছর হওয়ায় চিকিৎসাটি সময়ের দিক থেকেও গুরুত্বপূর্ণ ছিল। তার স্বামী কনস্টান্টিনোস রাপতিস বলেন, বয়সসীমার কারণে পুরো গর্ভধারণের প্রক্রিয়াটি তাদের জন্য অনেকটা সময়ের সঙ্গে পাল্লা দেওয়ার মতো ছিল।

শিশুটির জন্মের পর ক্রিস্টিনা রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমকে জানান, পরিবারের জন্য ঘটনাটিতে একই সঙ্গে শোক ও আনন্দ জড়িয়ে ছিল। তবে সন্তানকে কোলে নেওয়ার মুহূর্তে সেই কষ্ট যেন অনেকটাই আড়ালে চলে যায়।

ভ্রূণ দীর্ঘ সময় হিমায়িত অবস্থায় থাকলে তার কার্যক্ষমতা নষ্ট হয়ে যায় কি না, তা নিয়ে দীর্ঘদিন ধরেই চিকিৎসাবিজ্ঞানে গবেষণা চলছে। আগের বিভিন্ন গবেষণায় দীর্ঘ সময় ক্রায়োপ্রিজার্ভ করা ভ্রূণ থেকে সফলভাবে সন্তান জন্মের নজির পাওয়া গেছে। ২০১০ সালের একটি গবেষণায় প্রায় ২০ বছর সংরক্ষিত ভ্রূণ থেকে জীবিত সন্তান জন্মের ঘটনাও নথিভুক্ত হয়েছিল।

চিকিৎসক পান্তোসের মতে, এই জন্মের বৈজ্ঞানিক গুরুত্বের পাশাপাশি এর রয়েছে গভীর মানবিক দিকও। ক্রিস্টিনার পরিবারের অভিজ্ঞতা আবারও দেখিয়ে দিয়েছে, প্রজনন চিকিৎসায় চিকিৎসাবিজ্ঞানের সম্ভাবনার সঙ্গে বয়সসীমা ও ভ্রূণ সংরক্ষণসংক্রান্ত আইন নিয়েও গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার