Logo
Logo
×

বিজ্ঞাপন

আন্তর্জাতিক

ভোর ৪টায় ডোরবেল ক্যামেরার ফুটেজ দেখে আঁতকে উঠলেন মা, বাইরে ৩ বছরের শিশু

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৫ পিএম

ভোর ৪টায় ডোরবেল ক্যামেরার ফুটেজ দেখে আঁতকে উঠলেন মা, বাইরে ৩ বছরের শিশু

বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যে ভোররাতে ঘুম থেকে উঠে বাড়ির বাইরে চলে যায় মাত্র ৩ বছরের এক শিশু। পরে ডোরবেল ক্যামেরার ফুটেজ দেখে বিষয়টি জানতে পারেন তার মা ব্রিট। ঘটনাটি তাকে এতটাই ভয় পাইয়ে দেয় যে তিনি বলেন, দৃশ্যটি দেখে যেন তার ‘হার্ট অ্যাটাক’ হওয়ার মতো অবস্থা হয়েছিল।

ব্রিট জানান, সম্প্রতি তিনি ছেলেকে খাটের বদলে নতুন ‘বিগ বয় বেডে’ ঘুমানোর সুযোগ দিয়েছিলেন। এতে শিশুটির রাতে ঘরের ভেতর চলাফেরার স্বাধীনতা বেড়ে যায়। এক রাতে প্রায় ভোর ৪টার দিকে ঘুম ভেঙে যায় তার।

শিশুটি বাবা-মাকে খুঁজতে প্রথমে তাদের শোবার ঘরের দিকে যায়। সেখানে কাউকে না পেয়ে সে বাড়ির সামনের দরজার দিকে এগিয়ে যায়। আশ্চর্যের বিষয়, দরজা তালাবদ্ধ থাকার পরও শিশুটি সেটি খুলে বাইরে বেরিয়ে যেতে সক্ষম হয়।

ডোরবেল ক্যামেরার ভিডিওতে দেখা যায়, শিশুটি একা বাড়ি থেকে বেরিয়ে রাস্তার দিকে এগিয়ে যাচ্ছে। তবে সৌভাগ্যবশত কিছুক্ষণের মধ্যেই সে আবার বাড়িতে ফিরে আসে। ঘটনায় কোনো ক্ষতি হয়নি।

ঘটনার পর ব্রিট সন্তানের নিরাপত্তার জন্য দরজায় অতিরিক্ত চাইল্ড লক লাগানোর সিদ্ধান্ত নেন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনাটি শেয়ার করে অন্য অভিভাবকদেরও শিশুদের দরজা খোলার সক্ষমতা এবং ঘরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সতর্ক থাকার পরামর্শ দেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার