Logo
Logo
×

বিজ্ঞাপন

আন্তর্জাতিক

আমেরিকানদের প্রতারণার অর্থ পাচার, চীনা স্ক্যাম নেটওয়ার্কের ৫২ মিলিয়ন ডলার জব্দ

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩২ পিএম

আমেরিকানদের প্রতারণার অর্থ পাচার, চীনা স্ক্যাম নেটওয়ার্কের ৫২ মিলিয়ন ডলার জব্দ

বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্রে প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া অর্থ পাচারে ব্যবহৃত চীনা ভাষার অনলাইন মার্কেটপ্লেস ‘জিনবি গ্যারান্টি’-র বিরুদ্ধে বড় ধরনের অভিযান চালিয়েছে মার্কিন কর্তৃপক্ষ। একদিনের অভিযানে সংশ্লিষ্ট ক্রিপ্টো ওয়ালেট থেকে ৫২ মিলিয়ন ডলারের বেশি অর্থ জব্দের প্রক্রিয়া নেওয়া হয়েছে।

মার্কিন বিচার বিভাগের স্ক্যাম সেন্টার স্ট্রাইক ফোর্স, ইউএস সিক্রেট সার্ভিস ও ট্রেজারি বিভাগের সমন্বিত অভিযানে জিনবি গ্যারান্টির বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়া হয়। আদালতের অনুমোদিত পরোয়ানার ভিত্তিতে জিনবির ব্যবহৃত দুটি ক্রিপ্টো ওয়ালেট জব্দ করা হয়েছে, যেখানে প্রায় ১২ মিলিয়ন ডলার ছিল। আরও ৪৭টি সংশ্লিষ্ট ওয়ালেটের অর্থ আটকে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। সব মিলিয়ে ৫২ মিলিয়ন ডলারের বেশি ক্রিপ্টোকারেন্সি নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে।

জিনবি গ্যারান্টি টেলিগ্রামভিত্তিক একটি চীনা ভাষার অবৈধ অনলাইন মার্কেটপ্লেস হিসেবে কাজ করত বলে মার্কিন কর্তৃপক্ষের অভিযোগ। সেখানে স্ক্যাম সেন্টার পরিচালনাকারীদের কাছে প্রতারণার ওয়েবসাইট তৈরি, প্রতারণার অর্থ ‘ধোয়া’ বা পাচার এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার স্ক্যাম কম্পাউন্ডে কাজের জন্য মানুষ সংগ্রহসহ বিভিন্ন অবৈধ সেবা বিক্রির তথ্য পাওয়া গেছে।

ব্লকচেইন গোয়েন্দা প্রতিষ্ঠান এলিপটিক জানিয়েছে, ২০২২ সালে কার্যক্রম শুরুর পর জিনবি গ্যারান্টি ও এর ব্যবসায়ীরা অন্তত ২৪ বিলিয়ন ডলারের লেনদেন প্রক্রিয়া করেছে। এর সঙ্গে সংশ্লিষ্ট জিনবি পে আরও প্রায় ৬ বিলিয়ন ডলারের লেনদেন করেছে বলে প্রতিষ্ঠানটি জানিয়েছে।

মার্কিন ট্রেজারি বিভাগ একই দিনে জিনবি গ্যারান্টিকে গুরুতর আন্তঃদেশীয় অপরাধী সংগঠন হিসেবে নিষেধাজ্ঞার আওতায় এনেছে। জিনবির কার্যক্রমে সহায়তার অভিযোগে আরও দুটি প্রতিষ্ঠানকেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। নিষেধাজ্ঞার ফলে যুক্তরাষ্ট্রে থাকা বা মার্কিন নাগরিকদের নিয়ন্ত্রণে থাকা সংশ্লিষ্ট সম্পদ ব্লক হয়ে যাবে।

ইউএস সিক্রেট সার্ভিসের ওয়াশিংটন ফিল্ড অফিসের স্পেশাল এজেন্ট ইন চার্জ তারা ম্যাকলিস বলেন, মার্কিন নাগরিকদের প্রতারণা করে হাতিয়ে নেওয়া অর্থ বিদেশে পরিচালিত অপরাধী চক্রগুলো জিনবি গ্যারান্টি নেটওয়ার্কের মাধ্যমে পাচার করত। তদন্তকারীরা ক্রিপ্টো লেনদেন অনুসরণ করে নেটওয়ার্কটির বিস্তৃতি শনাক্ত করেছেন।

তদন্তে সহায়তা করেছে এলিপটিকের ব্লকচেইন গোয়েন্দা দল। একই সঙ্গে মার্কিন ট্রেজারির ফরেন অ্যাসেটস কন্ট্রোল অফিস (ওএফএসি) এবং ট্রেজারি এক্সিকিউটিভ অফিস ফর অ্যাসেট ফরফেইচার-ও অভিযানে সহযোগিতা করেছে।

তবে অর্থ আটকে দেওয়া মানেই তা ইতিমধ্যে প্রতারণার শিকার ব্যক্তিদের কাছে ফেরত দেওয়া হয়েছে - এমন নয়। মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে, আরও অর্থ শনাক্ত ও উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার