Logo
Logo
×

বিজ্ঞাপন

আন্তর্জাতিক

ট্রাম্পের আমলে ২ হাজারের বেশি সন্দেহভাজন সন্ত্রাসী রিপোর্ট করেছে আইসিই

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:১০ পিএম

ট্রাম্পের আমলে ২ হাজারের বেশি সন্দেহভাজন সন্ত্রাসী রিপোর্ট করেছে আইসিই

বিজ্ঞাপন

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর থেকে যুক্তরাষ্ট্রে পরিচিত বা সন্দেহভাজন সন্ত্রাসী হিসেবে চিহ্নিত ২ হাজারের বেশি ব্যক্তিকে দেশ থেকে বহিষ্কার করা হয়েছে। দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগ এই তথ্য জানিয়েছে।

বিভাগটির তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ২০ জানুয়ারি থেকে ২০২৬ সালের ৯ সেপ্টেম্বর পর্যন্ত যুক্তরাষ্ট্রের অভিবাসন ও শুল্ক প্রয়োগ সংস্থা ২ হাজার ১৫০ জনের বেশি পরিচিত বা সন্দেহভাজন সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে। একই সময়ে ২ হাজারের বেশি ব্যক্তিকে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার করা হয়েছে।

৯/১১ হামলার ২৫তম বার্ষিকী উপলক্ষে যুক্তরাষ্ট্র যখন নিহতদের স্মরণ করার প্রস্তুতি নিচ্ছে, তখন এই পরিসংখ্যান প্রকাশ করা হলো।

অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগ জানিয়েছে, সাম্প্রতিক কয়েকটি অভিযানে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে অভিযুক্ত ব্যক্তি এবং বিদেশি সন্ত্রাসী সংগঠনের সঙ্গে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

এর মধ্যে জুনে মেক্সিকোর নাগরিক আব্রাহাম হারমোসিলো আলভারেজকে গ্রেপ্তারের ঘটনা উল্লেখ করা হয়েছে। কর্তৃপক্ষের দাবি, হোয়াইট হাউসে আয়োজিত একটি ইউএফসি অনুষ্ঠানে ব্যাপক প্রাণহানির উদ্দেশ্যে কথিত হামলার পরিকল্পনায় তিনি নেতৃত্ব দিচ্ছিলেন। তার দর্শনার্থী ভিসার মেয়াদ ২০০১ সালে শেষ হলেও ২০১৪ সালে তিনি শিশু অবস্থায় যুক্তরাষ্ট্রে আসা ব্যক্তিদের জন্য চালু করা ডাকা কর্মসূচির আওতায় সাময়িক সুরক্ষা পেয়েছিলেন বলে জানানো হয়েছে।

আরেক ঘটনায় ব্রাজিলের নাগরিক ফেলিপে লিনারেস ডি অলিভেইরা ডেল আকুইয়াকে গ্রেপ্তার করে অভ্যন্তরীণ নিরাপত্তা তদন্ত সংস্থা। কর্তৃপক্ষের দাবি, তিনি দুটি বিদেশি সন্ত্রাসী সংগঠনের সাবেক কমান্ডার ছিলেন। উত্তর ক্যারোলাইনায় তাকে গ্রেপ্তারের সময় একটি হ্যান্ডগান, নগদ অর্থ এবং কয়েকটি ইলেকট্রনিক ডিভাইস উদ্ধার করা হয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এ ছাড়া ভেনেজুয়েলার অপরাধী চক্র ট্রেন দে আরাগুয়ার চার সদস্য ২০২৪ সালে নিউইয়র্কের ব্রঙ্কসে দুইজন নিহত হওয়ার একটি গুলির ঘটনায় মে মাসে দোষ স্বীকার করেন। অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগ জানিয়েছে, চারজনই ২০২২ থেকে ২০২৩ সালের মধ্যে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছিলেন।

অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগের মন্ত্রী মার্কওয়েইন মুলিন বলেন, ৯/১১ হামলার ২৫তম বার্ষিকী যুক্তরাষ্ট্রের নিরাপত্তা রক্ষায় সতর্ক থাকার গুরুত্ব আবারও স্মরণ করিয়ে দিচ্ছে। তার ভাষ্য অনুযায়ী, অভিবাসন ও শুল্ক প্রয়োগ সংস্থার কর্মকর্তারা দেশের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছেন।

২০০১ সালের ১১ সেপ্টেম্বর আল-কায়েদার সন্ত্রাসী হামলায় নিউইয়র্কের বিশ্ব বাণিজ্য কেন্দ্র, পেন্টাগন এবং পেনসিলভানিয়ায় প্রায় ৩ হাজার মানুষ নিহত হন। ওই হামলার পর যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আনা হয়। ২০০২ সালে অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগ প্রতিষ্ঠিত হয় এবং পরের বছর গঠিত হয় অভিবাসন ও শুল্ক প্রয়োগ সংস্থা।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার