বিজ্ঞাপন
যুক্তরাষ্ট্রের সান দিয়েগোতে মালিক সেজে অন্যের বাড়ি বিক্রি, ১০ লাখ ডলারের প্রতারণায় স্বামী-স্ত্রীর কারাদণ্ড
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৯ পিএম
বিজ্ঞাপন
যুক্তরাষ্ট্রে ট্যুরিস্ট ভিসায় প্রবেশ করে অন্যের সম্পত্তি বিক্রি করে প্রায় ১০ লাখ ডলার (১ মিলিয়ন ডলার) হাতিয়ে নেওয়ার অভিযোগে এক মেক্সিকান দম্পতিকে কারাদণ্ড দেওয়া হয়েছে। ভিক্টর হুগো ভিলালোবোস আলমাযান এবং নায়েলি নোয়েমি মন্তোয়া রদ্রিগেজ নামের ওই স্বামী-স্ত্রী ভুয়া নথিপত্র ব্যবহার করে বৈধ মালিক সেজে সান দিয়েগোর দুটি সম্পত্তি বিক্রি করেছিলেন।
প্রতারণা ও অর্থ পাচারের অপরাধ স্বীকার করার পর সাউদার্ন ক্যালিফোর্নিয়ার ইউএস ডিস্ট্রিক্ট কোর্ট ভিক্টরকে ২৭ মাস এবং তার স্ত্রীকে ১০ মাসের কারাদণ্ড দিয়েছেন।
আদালতের নথিপত্র অনুযায়ী, ২০২৩ সালে এই দম্পতি সান ডিয়েগোতে দুটি পরিত্যক্ত সম্পত্তির মালিক সেজে সেগুলো বিক্রি করে দেন। এর মধ্যে একটি ছিল ৭,০০০ বর্গফুটের একটি লট, যা তারা ৪ লাখ ডলারে বিক্রি করেন। অন্যটি ছিল ৪.৪৬ একরের একটি জমি, যা তারা ৫ লাখ ৬১ হাজার ডলারেরও বেশি দামে বিক্রি করেন।
ক্রেতাদের বোকা বানানোর জন্য তারা প্রকৃত মালিকদের স্বাক্ষরের জালিয়াতি করতেন এবং সমস্ত যোগাযোগ কেবল ইমেইলের মাধ্যমেই করতেন, কখনো সামনাসামনি দেখা করতেন না। এমনকি আসল মালিকদের নামের সাথে মিল রেখে তারা ভুয়া ইমেইল আইডি এবং ব্যাংক অ্যাকাউন্টও খুলেছিলেন। সম্পত্তি বিক্রির পর সেই টাকা মেক্সিকো এবং জর্ডানের বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে পাচার করা হতো।
অবশেষে গত নভেম্বরে মেক্সিকো থেকে ফেরার পথে হিউস্টনের জর্জ বুশ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
যুক্তরাষ্ট্রে এ ধরনের 'সেলার আইডেন্টিফিকেশন ফ্রড' বা বিক্রেতা সেজে প্রতারণার ঘটনা দিন দিন আশঙ্কাজনক হারে বাড়ছে। আমেরিকান ল্যান্ড টাইটেল অ্যাসোসিয়েশনের ২০২৪ সালের এক গবেষণায় দেখা গেছে, ২৮% টাইটেল ইন্স্যুরেন্স কোম্পানি গত এক বছরে অন্তত একবার এই ধরনের প্রতারণার শিকার হয়েছে।
ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব রিয়েল্টরসের ২০২৫ সালের সমীক্ষা অনুযায়ী, ফাঁকা জমি বা পরিত্যক্ত বাড়ির ক্ষেত্রে এই প্রতারণা সবচেয়ে বেশি ঘটে। প্রতারকরা সাধারণত বাজারমূল্যের চেয়ে অনেক কম দামে সম্পত্তি বিক্রির প্রস্তাব দেয় এবং দ্রুত নগদ লেনদেনের জন্য চাপ দেয়। বিশেষজ্ঞদের মতে, কোনো বিক্রেতা যদি সরাসরি বা ভিডিও কলে দেখা করতে না চায় এবং একাধিক দেশের ব্যাংকের মাধ্যমে লেনদেন করতে চায়, তবে ক্রেতাদের অবশ্যই সতর্ক হওয়া উচিত।