বিজ্ঞাপন
যুক্তরাষ্ট্রে এলজিবিটিকিউ+ শিশুদের সুরক্ষা নীতি বাতিলের উদ্যোগ ট্রাম্প প্রশাসনের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৮ পিএম
বিজ্ঞাপন
যুক্তরাষ্ট্রের ফস্টার কেয়ার বা চাইল্ড ওয়েলফেয়ার সিস্টেমে আশ্রিত শিশুদের একটি বড় অংশই হলো এলজিবিটিকিউ+ (LGBTQ+) সম্প্রদায়ের। বিভিন্ন গবেষণায় দেখা গেছে, ফস্টার সিস্টেমে থাকা শিশুদের প্রায় এক-তৃতীয়াংশই নিজেদের এলজিবিটিকিউ+ হিসেবে পরিচয় দেয়। কিন্তু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে প্রশাসনের বেশ কিছু রক্ষণশীল নীতির কারণে এই শিশুদের ভবিষ্যৎ এবং তাদের রক্ষাকারী আইনি সুরক্ষাগুলো এখন চরম হুমকির মুখে পড়েছে।
সম্প্রতি মার্কিন স্বাস্থ্য ও মানবসেবা (এইচএইচএস) মন্ত্রী রবার্ট এফ. কেনেডি জুনিয়র বাইডেন আমলের একটি গুরুত্বপূর্ণ নিয়ম বাতিল করেছেন। বাইডেন প্রশাসনের ওই নিয়মে বলা হয়েছিল, এলজিবিটিকিউ+ শিশুদের এমন পরিবারে (ফস্টার হোম) পাঠাতে হবে যারা তাদের লিঙ্গপরিচয় ও যৌন অভিমুখিতাকে সম্মান ও সমর্থন করবে।
নিয়মটি বাতিলের ফলে এই শিশুরা এখন এমন পরিবারে নিক্ষিপ্ত হতে পারে, যেখানে তাদের পরিচয় অস্বীকৃত হবে বা মানসিক নির্যাতনের শিকার হতে হবে। শিশু অধিকার নিয়ে কাজ করা সংগঠন 'ইউনিকর্ন সল্যুশনস'-এর প্রতিষ্ঠাতা এলিয়ট হিঙ্কল সতর্ক করে বলেছেন, এর দীর্ঘমেয়াদী পরিণতি অত্যন্ত ভয়াবহ হতে পারে।
এমনিতেই সাধারণ শিশুদের তুলনায় এই শিশুদের আত্মহত্যার প্রবণতা বেশি এবং পরিচয়ের কারণে বৈষম্যের শিকার হয়ে তাদের বাড়ি থেকে পালিয়ে যাওয়ার হার প্রায় চারগুণ। হিঙ্কল জোর দিয়ে বলেন, ফস্টার প্যারেন্ট হওয়া একটি অধিকার নয়, বরং একটি সুযোগ। একটি শিশুকে তার নিজস্ব পরিচয়ে মেনে নেওয়াটা শিশু সুরক্ষার সবচেয়ে বড় নৈতিক দায়িত্ব।
ট্রাম্প প্রশাসন শুধু নিয়ম বাতিল করেই থামেনি; ২০২৫ সালের সেপ্টেম্বরে চাইল্ড ওয়েলফেয়ার সিস্টেমের তদারকিকারী সংস্থা অ্যাডমিনিস্ট্রেশন ফর চিলড্রেন অ্যান্ড ফ্যামিলিজ (এসিএফ) ১৩টি অঙ্গরাজ্যকে চিঠি দিয়ে সতর্ক করেছে। চিঠিতে বলা হয়, ফস্টার পরিবারগুলোকে শিশুদের লিঙ্গপরিচয় সমর্থন করতে বাধ্য করার নিয়মটি অনেক পরিবারের ধর্মীয় বিশ্বাস এবং সাংবিধানিক অধিকারের পরিপন্থী।
এরপর অন্তত ম্যাসাচুসেটস এবং ভারমন্ট নামের দুটি অঙ্গরাজ্য বাধ্য হয়ে তাদের নীতি পরিবর্তন করেছে। এছাড়া ফার্স্ট লেডি মেলেনিয়া ট্রাম্পের নেতৃত্বে একটি নির্বাহী আদেশও জারি করা হয়েছে, যেখানে বলা হয়েছে যে, ধর্মীয় বিশ্বাসের কারণে কোনো যোগ্য পরিবারকে ফস্টার প্যারেন্ট হওয়া থেকে বঞ্চিত করা যাবে না।
এসব সরকারি পদক্ষেপের কারণে ফস্টার কেয়ার নিয়ে কাজ করা অলাভজনক সংস্থাগুলো (এনজিও) চরম আর্থিক ও রাজনৈতিক চাপের মুখে পড়েছে। ওরেগনভিত্তিক একটি এনজিওর নির্বাহী পরিচালক শন সুইব জানিয়েছেন, কেন্দ্রীয় সরকারের অনুদান বন্ধ হয়ে যাওয়ার হুমকিতে তারা এখন স্বাধীনভাবে শিশুদের কল্যাণে কাজ করতে পারছেন না।
অনেক ডেমোক্র্যাট আইনপ্রণেতা এবং শিশু অধিকার কর্মীরা এই নীতি পরিবর্তনের তীব্র নিন্দা জানিয়ে বলছেন, এর ফলে আমেরিকার সবচেয়ে অরক্ষিত শিশুদের জীবনকেই সরাসরি ঝুঁকির মুখে ঠেলে দেওয়া হচ্ছে।