Logo
Logo
×

বিজ্ঞাপন

আন্তর্জাতিক

আফগানিস্তানে তালেবানের চোখ ফাঁকি দিয়ে বেসমেন্টে পড়াশোনা, বিশ্ববাসীর কাছে মেয়েদের চিঠি

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩২ পিএম

আফগানিস্তানে তালেবানের চোখ ফাঁকি দিয়ে বেসমেন্টে পড়াশোনা, বিশ্ববাসীর কাছে মেয়েদের চিঠি

বিজ্ঞাপন

আফগানিস্তানের রাজধানী কাবুলের এক শান্ত এলাকার একটি গোপন বেসমেন্টে চলছে মেয়েদের একটি বিশেষ স্কুল। তালেবানদের কঠোর বিধিনিষেধকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সেখানে পড়াশোনা চালিয়ে যাচ্ছে একদল অদম্য কিশোরী। সম্প্রতি মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ বিরল এক সুযোগ পেয়ে সেই গোপন স্কুলে প্রবেশ করে।

সেখানে ১৪ থেকে ১৬ বছর বয়সী ২১ জন আফগান ছাত্রী সাংবাদিকদের হাতে তুলে দেয় তাদের নিজ হাতে লেখা কিছু চিঠি। এই চিঠিগুলো মূলত বিশ্ববাসীর উদ্দেশ্যে লেখা, যেখানে তারা গত পাঁচ বছর ধরে তালেবান শাসনে অবরুদ্ধ জীবন থেকে মুক্তির আকুতি জানিয়েছে।

২০২১ সালে পুনরায় ক্ষমতায় আসার পর তালেবান সরকার ষষ্ঠ শ্রেণির পর মেয়েদের আনুষ্ঠানিক শিক্ষার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে, যার ফলে বিকল্প হিসেবে এই গোপন স্কুলগুলোর জন্ম হয়েছে। নিরাপত্তার স্বার্থে সিবিএস নিউজ ছাত্রীদের এবং শিক্ষকের পরিচয় গোপন রেখেছে।

এই গোপন স্কুলে পড়তে আসার জন্য মেয়েদের প্রতিদিন ভয়াবহ ঝুঁকি নিতে হয়। তালেবানদের কুখ্যাত নৈতিকতা পুলিশের সন্দেহ এড়াতে তারা যতটা সম্ভব রক্ষণশীল পোশাক পরে এবং ব্যাগে কেবল কলম ও খাতা লুকিয়ে রাখে। অনেকেই ব্যাগের ভেতর কাপড়ের টুকরো নিয়ে ঘোরে, যেন রাস্তায় কেউ জেরা করলে বলতে পারে যে তারা সেলাইয়ের ক্লাস করতে যাচ্ছে।

১৬ বছর বয়সী এক ছাত্রী জানায়, প্রতিদিন বেসমেন্টের এই শ্রেণিকক্ষে আসার সময় সে গ্রেপ্তার হওয়ার চরম আতঙ্কে ভোগে, কিন্তু তবুও সে নিজের ভবিষ্যতের জন্য এই ঝুঁকি নিতে প্রস্তুত। অন্যদিকে, তালেবানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল কাহার বালখি সংবাদমাধ্যমকে বলেছেন যে, শিশুদের শিক্ষার মৌলিক অধিকার রয়েছে এবং তাদের শিক্ষাব্যবস্থা কেবল সাময়িকভাবে 'স্থগিত' রাখা হয়েছে। তবে বাস্তবে কাবুলের ওই বেসমেন্টে আটকে পড়া নারীদের কাছে এই যুক্তির কোনো অর্থ নেই।

গোপন এই স্কুলটি পরিচালনা করছেন ২৫ বছর বয়সী এক নারী শিক্ষক। তালেবান যখন নারীদের উচ্চশিক্ষা নিষিদ্ধ করে, তখন তিনি বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞানের শেষ বর্ষের ছাত্রী ছিলেন। চোখের পানি ধরে রাখতে না পেরে তিনি জানান, তার মা সব সময় তাকে পড়াশোনা চালিয়ে যাওয়ার এবং অন্য মেয়েদের শিক্ষিত করার তাগিদ দিতেন।

গত বছর মায়ের মৃত্যুর পর তার সেই স্বপ্ন পূরণের জন্যই তিনি এই স্কুলটি চালাচ্ছেন, যেন ২০ বছর আগের নারীদের মতো আজকের মেয়েরা অশিক্ষিত থেকে না যায়।

বিদেশি সাংবাদিকরা স্কুলে আসার খবর পেয়ে ছাত্রীরা আগেই নিজেদের স্বপ্ন ও হতাশার কথা চিঠিতে লিখে রেখেছিল। একটি চিঠিতে এক ছাত্রী লিখেছে, সে কোনো বিশাল বা জাঁকজমকপূর্ণ স্বপ্ন দেখে না, বরং সে শুধু একটি সাধারণ জীবন চায়। পড়াশোনা করা, কাজ করা এবং নিজের ভবিষ্যৎ গড়ার মৌলিক অধিকার টুকুই তার একমাত্র চাওয়া।

চিঠিতে তার জোরালো আকুতি ছিল, "বিশ্ববাসী, আমি আপনাদের কাছে একটি সাধারণ জীবন চাই—এমন একটি জীবন যেখানে খাবার পাওয়াটা কোনো স্বপ্ন হবে না, কাজ পাওয়াটা নিছক ভাগ্যের বিষয় হবে না এবং নিরাপত্তা ও স্বাধীনতা শুধুই কল্পনা হবে না।" মেয়েদের এই গোপন স্কুলটি মূলত 'ইনভিজিবল ইনিশিয়েটিভ' নামের একটি নেটওয়ার্কের অংশ।

তালেবানের ভয়ে আড়ালে থাকতে বাধ্য হলেও, এই খোলা চিঠির মাধ্যমে আফগান মেয়েরা বিশ্ববাসীকে জানিয়ে দিচ্ছে—তারা অদৃশ্য হয়ে যায়নি, তারা এখনও অস্তিত্ব টিকিয়ে রেখে নিজেদের অধিকারের লড়াই চালিয়ে যাচ্ছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার