বিজ্ঞাপন
ফুড পয়জনিং ভেবে কয়েক মাসের অবহেলা, পরে ধরা পড়ল তৃতীয় স্টেজের ক্যানসার
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৩ এএম
বিজ্ঞাপন
যুক্তরাজ্যের দক্ষিণ লন্ডনের বাসিন্দা কারা মিলারের পেটের সমস্যাকে চিকিৎসকরা প্রথমে সাধারণ 'ফুড পয়জনিং' বা খাদ্যে বিষক্রিয়া বলে উড়িয়ে দিয়েছিলেন। কিন্তু নিজের উপসর্গের বিষয়ে সন্দেহ থাকায় তিনি আরও পরীক্ষার জন্য জোর দেন এবং শেষ পর্যন্ত তার তৃতীয় ধাপের কলোরেক্টাল বা অন্ত্রের ক্যানসার ধরা পড়ে।
২০২১ সালের সেপ্টেম্বরে টিভিতে ক্যানসারের লক্ষণ বিষয়ক একটি অনুষ্ঠান দেখে তিনি প্রথম চিকিৎসকের দ্বারস্থ হয়েছিলেন। সে সময় টেলিফোনে পরামর্শ নিয়ে চিকিৎসক তাকে জানান যে এটি কেবল পাইলসের সমস্যা। পারিবারিক একটি শোকের কারণে তখন তিনি বিষয়টি নিয়ে আর এগোতে পারেননি এবং নিজের করপোরেট চাকরি নিয়ে ব্যস্ত হয়ে পড়েন।
২০২২ সালের ফেব্রুয়ারিতে কোভিড-১৯ থেকে সেরে ওঠার পর কারা হঠাৎ খুব অসুস্থ বোধ করতে শুরু করেন। সাধারণ চিকিৎসক এবং একজন বেসরকারি গ্যাস্ট্রোইনটেস্টাইনাল বিশেষজ্ঞ উভয়েই তার এই অবস্থাকে ফুড পয়জনিং বলে ধারণা করেন। এমনকি চিকিৎসকরা তাকে এ-ও বলেছিলেন যে ক্যানসার হওয়ার জন্য তার বয়স নিতান্তই কম। তবে কারা দমে না গিয়ে রক্ত পরীক্ষা এবং এফআইটি (FIT) টেস্টের জন্য চিকিৎসকদের বাধ্য করেন।
টেস্টের ফল পজিটিভ আসার পর ২০২২ সালের মার্চ মাসে তার কোলোনোস্কোপি করা হয় এবং তখনই মলদ্বারে একটি টিউমারের অস্তিত্ব ধরা পড়ে। এক্স-রে, এমআরআই এবং সিটি স্ক্যানের পর ৫ এপ্রিল চূড়ান্তভাবে নিশ্চিত করা হয় যে, ক্যানসারটি ইতোমধ্যেই তার লিম্ফ নোডে ছড়িয়ে পড়েছে এবং এটি তৃতীয় ধাপের কলোরেক্টাল ক্যানসার।
ছয় সেন্টিমিটার লম্বা টিউমারটি তার মলদ্বারের প্রায় অর্ধেক অংশ আটকে রেখেছিল। টিউমারটি ছোট করার জন্য তাকে প্রথমে পাঁচ সপ্তাহের কেমোরেডিওথেরাপি দেওয়া হয়। কিন্তু সার্জারির জন্য চারপাশের কোষগুলো সম্পূর্ণ ঝুঁকিমুক্ত না হওয়ায় তাকে আরও ১২ সপ্তাহের কেমোথেরাপি নিতে হয়। এরপর দীর্ঘ ছয় ঘণ্টার সফল অস্ত্রোপচারের মাধ্যমে চিকিৎসকরা টিউমারটি অপসারণ করতে সক্ষম হন।
এ সময় তার শরীরে একটি অস্থায়ী ইলিওস্টোমি ব্যাগ পরানো হয়। বড়দিন হাসপাতালে কাটানোর পর তাকে আরও ১২ সপ্তাহের কেমোথেরাপি নিতে হয়েছিল। টানা নয় মাস পর ২০২৩ সালের আগস্টে রিভার্সাল সার্জারির মাধ্যমে তার ইলিওস্টোমি ব্যাগটি খুলে ফেলা হয়।
বর্তমানে কারা মিলার ক্যানসারমুক্ত জীবনের তৃতীয় বছরে পদার্পণ করেছেন। রোগমুক্তির পর নিজের আগের করপোরেট পেশা ছেড়ে তিনি ক্যানসার পুনর্বাসন বিশেষজ্ঞ হিসেবে প্রশিক্ষণ নিয়েছেন। এখন তিনি একটি দাতব্য সংস্থার হয়ে দীর্ঘমেয়াদী স্বাস্থ্য সমস্যা ও ক্যানসারের শিকার ব্যক্তিদের নিয়ে কাজ করছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের এই কঠিন যাত্রার কথা শেয়ার করতে শুরু করেছেন কারা।
তবে সবাইকে চিকিৎসকের পরামর্শ নেওয়ার ব্যাপারে সতর্ক করে তিনি জানিয়েছেন, নিজের শরীরের যেকোনো অস্বাভাবিক উপসর্গের ক্ষেত্রে রোগীদেরকেই সবার আগে সচেতন হতে হবে এবং সঠিক রোগ নির্ণয়ের জন্য চিকিৎসকদের কাছে দাবি জানাতে হবে।