বিজ্ঞাপন
অভিবাসীদের বিরুদ্ধে আরও কঠোর হচ্ছে যুক্তরাষ্ট্র
৬ মাসে ৭০ হাজারের বেশি অ্যাসাইলাম আবেদন প্রত্যাখান ; ৮ মাসে তিন লাখ অভিবাসী গ্রেপ্তার
যুক্তরাষ্ট্র প্রতিনিধি
প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৮ পিএম
বিজ্ঞাপন
যুক্তরাষ্ট্রে অনথিভুক্ত অভিবাসীদের বিরুদ্ধে ধরপাকড় জোরদারের পাশাপাশি আশ্রয় পাওয়ার পথও ক্রমেই কঠিন হয়ে উঠছে। চলতি বছরের প্রথম আট মাসে দেশজুড়ে প্রায় তিন লাখ অনথিভুক্ত অভিবাসীকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট বা আইস। শুধু আগস্টে গ্রেপ্তার হয়েছেন ৫০ হাজার ৯২৫ জন, যা সংস্থাটির ইতিহাসে এক মাসে সর্বোচ্চ বলে দাবি করেছে ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি।
একই সময়ে ইমিগ্রেশন কোর্টে আশ্রয় আবেদন প্রত্যাখ্যানের হার সর্বকালের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। আদালতের সরকারি রেকর্ড বিশ্লেষণকারী নির্দলীয় গবেষণা সংস্থা ট্রানজ্যাকশনাল রেকর্ডস অ্যাকসেস ক্লিয়ারিংহাউস বা ট্র্যাক জানিয়েছে, ২০২৬ সালের জুনে নিষ্পত্তি হওয়া আশ্রয় মামলার ৯৪ দশমিক ১ শতাংশই প্রত্যাখ্যাত হয়েছে। বছরের প্রথম ছয় মাসে প্রত্যাখ্যান করা হয়েছে ৭০ হাজার ৩০৮টি আশ্রয় আবেদন।
এর মধ্যেই আইনগতভাবে অপর্যাপ্ত মনে হওয়া আশ্রয় আবেদন পূর্ণাঙ্গ সাক্ষ্যপ্রমাণভিত্তিক শুনানির আগেই খারিজের উদ্যোগ নিতে আইসের আইনজীবীদের নির্দেশ দিয়েছে ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি। নতুন নির্দেশনা অনুযায়ী, আইসের আইনজীবীরা আবেদন বাতিলের জন্য ইমিগ্রেশন জাজের কাছে অনুরোধ জানাবেন। চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বিচারক।
গ্রেপ্তার বৃদ্ধি, আশ্রয় অনুমোদনের হার কমে যাওয়া এবং পূর্ণাঙ্গ শুনানির আগে আবেদন বাতিলের উদ্যোগকে ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতিতে আরও কঠোর পরিবর্তনের অংশ হিসেবে দেখছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
আগস্টে গ্রেপ্তারের নতুন রেকর্ড
ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটির ২ সেপ্টেম্বর প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, জুনে আইস ৪৩ হাজার ৯০০ জনকে গ্রেপ্তার করে। জুলাইয়ে এই সংখ্যা বেড়ে দাঁড়ায় ৫০ হাজার ২০৮ জনে। আগস্টে আরও বেড়ে ৫০ হাজার ৯২৫ জনে পৌঁছায়। সংস্থাটির দাবি অনুযায়ী, টানা তিন মাস আগের মাসের গ্রেপ্তারের রেকর্ড ভেঙেছে আইস। জুলাই ও আগস্টে পরপর দুই মাস গ্রেপ্তারের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়েছে।
আগস্টের ৩১ দিনে প্রতিদিন গড়ে প্রায় এক হাজার ৬৪৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। জুলাইয়ে দৈনিক গড় ছিল প্রায় এক হাজার ৬২০ এবং জুনে এক হাজার ৪৬৩ জন। জুনের তুলনায় আগস্টে প্রতিদিন গড়ে প্রায় ১৮০ জন বেশি গ্রেপ্তার হয়েছেন।
সরকারি তথ্য, অভিবাসন কর্তৃপক্ষের ডেটাসেট এবং সংবাদমাধ্যমে প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, জানুয়ারিতে ৩৬ হাজার ৫৭৯ জনকে গ্রেপ্তার করা হয়। ফেব্রুয়ারিতে এই সংখ্যা কমে দাঁড়ায় ২৯ হাজার ২৪১ জনে। মার্চে প্রতিদিন গড়ে প্রায় ৯৫৫ জন হিসেবে পুরো মাসে আনুমানিক ২৯ হাজার ৬০০ জন গ্রেপ্তার হন।
অ্যাসোসিয়েটেড প্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, মিনিয়াপোলিসে ফেডারেল অভিবাসন অভিযানের সময় দুই যুক্তরাষ্ট্রের নাগরিক নিহত হওয়ার পর ফেব্রুয়ারিতে দেশজুড়ে আইসের গ্রেপ্তার প্রায় ১২ শতাংশ কমে যায়। ফেব্রুয়ারি ও মার্চে গ্রেপ্তারের হার প্রায় একই পর্যায়ে ছিল। এপ্রিল ও মে মাসেও প্রায় ৩০ হাজার করে গ্রেপ্তার করা হয় বলে সরকারি তথ্য বিশ্লেষণ করে জানিয়েছে সংবাদমাধ্যমটি।
মাসভিত্তিক এসব হিসাব অনুযায়ী, জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত আট মাসে আইসের মোট গ্রেপ্তার প্রায় তিন লাখে পৌঁছেছে। এই সময়ে প্রতিদিন গড়ে প্রায় এক হাজার ২৩৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
তবে প্রকাশিত পরিসংখ্যানে কিছু পার্থক্য রয়েছে। তথ্য অধিকার আইনের মাধ্যমে পাওয়া অভিবাসন কর্তৃপক্ষের ডেটাসেটে জুনে ৪৩ হাজার ২১ এবং জুলাইয়ে ৪৯ হাজার ৫৭১ জনকে গ্রেপ্তারের তথ্য রয়েছে। অন্যদিকে ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটির সর্বশেষ বিবৃতিতে জুনে ৪৩ হাজার ৯০০ এবং জুলাইয়ে ৫০ হাজার ২০৮ জনকে গ্রেপ্তারের কথা বলা হয়েছে।
অ্যাসোসিয়েটেড প্রেসের বিশ্লেষণে বলা হয়েছে, জুলাইয়ের ৪৯ হাজার ৫৭১টি গ্রেপ্তার জুনের তুলনায় ১৫ শতাংশ এবং ফেব্রুয়ারির তুলনায় প্রায় ৭০ শতাংশ বেশি। এই হিসাব আইসের কাছ থেকে পাওয়া ডেটা বিশ্লেষণ করে তৈরি করেছে ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া বার্কলে ও ইউসিএলএর ডিপোর্টেশন ডেটা প্রজেক্ট।
স্থানীয় পুলিশের সহযোগিতায় বাড়ছে গ্রেপ্তার
গ্রেপ্তারের সংখ্যা বৃদ্ধির পেছনে নতুন কর্মকর্তা নিয়োগের পাশাপাশি অঙ্গরাজ্য ও স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার সঙ্গে আইসের অংশীদারত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। অ্যাসোসিয়েটেড প্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, জুলাইয়ে স্থানীয় ও অঙ্গরাজ্য পুলিশের সহযোগিতায় প্রায় ছয় হাজার ৫০০ জনকে গ্রেপ্তার করা হয়। এটি ওই মাসের মোট গ্রেপ্তারের প্রায় ১৩ শতাংশ। এক বছর আগে স্থানীয় সংস্থার মাধ্যমে আইসের মাসিক গ্রেপ্তারের হার ছিল পাঁচ শতাংশের কম।
শুধু টেক্সাস ও ফ্লোরিডাতেই জুলাইয়ের প্রায় ২০ হাজার গ্রেপ্তার হয়েছে। দুটি অঙ্গরাজ্যই আইসের সঙ্গে ২৮৭জি চুক্তির মাধ্যমে স্থানীয় কর্মকর্তাদের অভিবাসন আইন প্রয়োগের কাজে যুক্ত করেছে।
ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি বলেছে, আগস্টে গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে হত্যা, শিশু পর্নোগ্রাফি, অপ্রাপ্তবয়স্কের ওপর যৌন নিপীড়ন, মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে প্রাণহানি এবং ফেন্টানিল বিতরণের ষড়যন্ত্রের মতো অপরাধে দণ্ডিত ব্যক্তিরাও রয়েছেন।
সরকারি বিবৃতিতে উদাহরণ হিসেবে কেনিয়ার নাগরিক অসবার্ট ম্যারিয়ন ওটিয়েন ওউরের কথা বলা হয়েছে। কর্তৃপক্ষের তথ্যমতে, তিনি ক্যালিফোর্নিয়ার কম্পটনে হত্যার অপরাধে দণ্ডিত এবং ৫ আগস্ট গ্রেপ্তার হন।
ভারতের নাগরিক মাসরুর আহমেদ বাট ওয়াশিংটন ডিসিতে অবৈধ যৌন কর্মকাণ্ডে জড়িত হওয়ার উদ্দেশ্যে ভ্রমণ এবং শিশু পর্নোগ্রাফি রাখার অপরাধে দণ্ডিত। তাঁকে ২৭ আগস্ট গ্রেপ্তার করা হয়।
এ ছাড়া গুয়াতেমালার নাগরিক হোর্হে এমিগডিও অর্তিজ ব্যারিওস ফেন্টানিল বিতরণের ষড়যন্ত্রের অপরাধে দণ্ডিত এবং ২১ আগস্ট গ্রেপ্তার হন। ইকুয়েডরের নাগরিক এডিসন হাভিয়ের বুয়েনো তেনেমপাগুয়ে নিউ জার্সিতে এক অপ্রাপ্তবয়স্কের ওপর যৌন নিপীড়নের অপরাধে দণ্ডিত। তাঁকে ২৪ আগস্ট গ্রেপ্তার করা হয়। মেক্সিকোর নাগরিক উইলমার্ক ওরোজকো হুয়ের্তা ফ্লোরিডায় মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে প্রাণহানির অপরাধে দণ্ডিত এবং ১০ আগস্ট গ্রেপ্তার হন।
তবে আগস্টে গ্রেপ্তার হওয়া ৫০ হাজার ৯২৫ জনের মধ্যে কতজন ফৌজদারি অপরাধে দণ্ডিত, কতজনের বিরুদ্ধে অভিযোগ বিচারাধীন এবং কতজনকে শুধু অভিবাসন আইন লঙ্ঘনের কারণে গ্রেপ্তার করা হয়েছে, ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটির বিবৃতিতে তার পূর্ণাঙ্গ পৃথক হিসাব দেওয়া হয়নি।
অ্যাসোসিয়েটেড প্রেসের হাতে পাওয়া জুলাইয়ের তথ্য আরও ভিন্ন চিত্র তুলে ধরেছে। সংবাদমাধ্যমটির বিশ্লেষণ অনুযায়ী, জুলাইয়ে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের অর্ধেকের বেশি কোনো অপরাধে দণ্ডিত ছিলেন না এবং তাঁদের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগও বিচারাধীন ছিল না। অপরাধে দণ্ডিত ছিলেন এক চতুর্থাংশের কম। জুলাইয়ের প্রায় অর্ধেক গ্রেপ্তার কারাগার বা ডিটেনশন সেন্টার থেকে নয়, সরাসরি বিভিন্ন কমিউনিটি থেকে করা হয়েছিল।
ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি মার্কওয়েন মুলিন বলেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে অবৈধভাবে বসবাসকারী ব্যক্তিদের গ্রেপ্তার ও ডিপোর্টেশনের জন্য কর্মকর্তারা দিনরাত কাজ করছেন। কাগজপত্রহীন অভিবাসীদের স্বেচ্ছায় যুক্তরাষ্ট্র ছাড়ার আহ্বানও জানান তিনি।
সংস্থাটি আরও দাবি করেছে, ট্রাম্প দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর ৩০ লাখের বেশি কাগজপত্রহীন অভিবাসী যুক্তরাষ্ট্র ছেড়েছেন। তবে এই দাবির বিস্তারিত হিসাব বা যাচাইযোগ্য তথ্য বিবৃতিতে প্রকাশ করা হয়নি। স্বেচ্ছায় দেশে ফিরতে ইচ্ছুক যোগ্য ব্যক্তিদের কাস্টমস অ্যান্ড বর্ডার প্রটেকশনের হোম অ্যাপের মাধ্যমে বিনা মূল্যে বিমান টিকিট এবং তিন হাজার ডলার দেওয়ার প্রস্তাব দিয়েছে সরকার।
গ্রেপ্তারের সংখ্যা বৃদ্ধির মধ্যেই ইমিগ্রেশন কোর্টে আশ্রয় পাওয়ার হার দ্রুত কমছে। ট্র্যাকের ৩১ আগস্ট প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, জুনে ইমিগ্রেশন বিচারকেরা নিষ্পত্তি হওয়া আশ্রয় মামলার ৯৪ দশমিক ১ শতাংশ প্রত্যাখ্যান করেছেন। আশ্রয় পেয়েছেন মাত্র পাঁচ দশমিক পাঁচ শতাংশ আবেদনকারী। আরও শূন্য দশমিক চার শতাংশ আবেদনকারী আশ্রয় না পেলেও অন্য কোনো আইনি সুরক্ষা পেয়েছেন।
জুনে মাত্র ৭৭১ জনকে আশ্রয় দিয়েছেন ইমিগ্রেশন বিচারকেরা। ট্র্যাক জানিয়েছে, এই সংখ্যা তিন বছর আগে প্রতি মাসে আশ্রয় পাওয়া মানুষের এক চতুর্থাংশেরও কম।
ট্র্যাকের মাসভিত্তিক তথ্য অনুযায়ী, জানুয়ারি থেকে জুন পর্যন্ত ছয় মাসে মোট ৭০ হাজার ৩০৮টি আশ্রয় আবেদন প্রত্যাখ্যাত হয়েছে। জানুয়ারিতে আট হাজার ৮৭৩টি, ফেব্রুয়ারিতে ১০ হাজার ৩২৩টি, মার্চে ১৩ হাজার ৩২১টি, এপ্রিলে ১২ হাজার ২১১টি, মে মাসে ১২ হাজার ৩৭৫টি এবং জুনে ১৩ হাজার ২০৫টি আবেদন প্রত্যাখ্যান করা হয়।
প্রত্যাখ্যানের হারও ধারাবাহিকভাবে বেড়েছে। জানুয়ারিতে ৮৫ দশমিক দুই শতাংশ আবেদন প্রত্যাখ্যাত হয়। ফেব্রুয়ারিতে এই হার বেড়ে ৮৯ দশমিক তিন শতাংশে পৌঁছায়। মার্চে ৯১ দশমিক দুই শতাংশ, এপ্রিলে ৯০ দশমিক নয় শতাংশ এবং মে মাসে ৯২ দশমিক নয় শতাংশ আবেদন প্রত্যাখ্যান করা হয়। জুনে তা রেকর্ড ৯৪ দশমিক এক শতাংশে পৌঁছে।
আশ্রয় মঞ্জুরের হার কমার পাশাপাশি আদালতে নিষ্পত্তি হওয়া মামলার সংখ্যাও বেড়েছে। ট্র্যাকের প্রতিবেদনে বলা হয়েছে, মার্চ ও জুনে ১৪ হাজারের বেশি আশ্রয় মামলার সিদ্ধান্ত দেওয়া হয়। এপ্রিল ও মে মাসেও নিষ্পত্তি হওয়া মামলার সংখ্যা ১৩ হাজার ছাড়িয়ে যায়।
বদলে গেছে ইমিগ্রেশন কোর্টের বিচারক কাঠামো
ট্র্যাক বলেছে, ইমিগ্রেশন কোর্টের বিচারক কাঠামোয় বড় পরিবর্তন আশ্রয় মামলার ফলাফলে ভূমিকা রাখতে পারে। ইওআইআরের রেকর্ড অনুযায়ী, ২০২৫ ও ২০২৬ অর্থবছরে মোট ২৭৯ জন ইমিগ্রেশন বিচারককে বরখাস্ত করা হয়েছে অথবা তাঁরা পদত্যাগ করেছেন। এটি ২০২৪ অর্থবছরের শেষে কর্মরত ৭৩৫ জন বিচারকের প্রায় ৩৮ শতাংশ।
একই সময়ে ট্রাম্প প্রশাসন ১৯২ জন নতুন বিচারক নিয়োগ করেছে এবং আরও ৫৩ জন অস্থায়ী বিচারক দায়িত্বে যোগ দিয়েছেন। ২০২৬ অর্থবছরে মোট ৭৪৩ জন বিচারক আশ্রয় মামলায় সিদ্ধান্ত দিয়েছেন। তাঁদের মধ্যে মাত্র ৩২২ জন ট্রাম্প দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার আগে থেকে কর্মরত ছিলেন।
তবে ট্র্যাক সতর্ক করেছে, আশ্রয় মামলার ফলাফল শুধু বিচারকের দৃষ্টিভঙ্গির ওপর নির্ভর করে না। আবেদনকারীর জাতীয়তা, আইনি প্রতিনিধিত্ব আছে কি না, তিনি ডিটেনশন সেন্টারে আছেন কি না, বিচারকের মামলার ধরন এবং সরকারের চলমান নীতিও সিদ্ধান্তকে প্রভাবিত করতে পারে।
পূর্ণাঙ্গ শুনানির আগেই আবেদন খারিজের উদ্যোগ
এই পরিস্থিতির মধ্যেই আইনগতভাবে অপর্যাপ্ত আশ্রয় আবেদন আগেই বাতিলের উদ্যোগ নিতে আইসের অফিস অব দ্য প্রিন্সিপাল লিগ্যাল অ্যাডভাইজার বা ওপিএলএর আইনজীবীদের নির্দেশ দিয়েছে ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি।
ফক্স নিউজের পাওয়া অভ্যন্তরীণ নির্দেশনা অনুযায়ী, নতুন নীতি অবিলম্বে কার্যকর হয়েছে। কোনো আবেদন প্রাথমিক পর্যালোচনায় আইনি মান পূরণে ব্যর্থ মনে হলে আইসের আইনজীবীরা ইমিগ্রেশন কোর্টে মোশন টু প্রিটারমিট দাখিল করবেন। এর মাধ্যমে পূর্ণাঙ্গ সাক্ষ্যপ্রমাণভিত্তিক শুনানি ছাড়াই আবেদন প্রত্যাখ্যানের জন্য বিচারকের কাছে অনুরোধ জানানো হবে।
আইসের আইনজীবীরা নিজেরা কোনো আশ্রয় আবেদন বাতিল করতে পারবেন না। তাঁদের আবেদন গ্রহণ বা প্রত্যাখ্যানের চূড়ান্ত ক্ষমতা ইমিগ্রেশন জাজের হাতে থাকবে।
কোনো আশ্রয়প্রার্থীর বর্ণিত সব ঘটনা সত্য ধরে নেওয়ার পরও যদি তা যুক্তরাষ্ট্রের আইনে আশ্রয় পাওয়ার প্রয়োজনীয় ভিত্তি তৈরি না করে, আবেদনটি আইনগতভাবে অপর্যাপ্ত বিবেচিত হতে পারে। আশ্রয় পাওয়ার জন্য সাধারণত জাতি, ধর্ম, জাতীয়তা, রাজনৈতিক মতামত অথবা নির্দিষ্ট সামাজিক গোষ্ঠীর সদস্য হওয়ার কারণে অতীতের নির্যাতন কিংবা ভবিষ্যতে নির্যাতনের যৌক্তিক আশঙ্কা দেখাতে হয়।
আবেদন অসম্পূর্ণ থাকা, নির্যাতনের সঙ্গে আইনে স্বীকৃত কারণের সম্পর্ক দেখাতে না পারা, নির্ধারিত সময়ের মধ্যে আবেদন না করা অথবা বাধ্যতামূলক অযোগ্যতার বিধান প্রযোজ্য হলেও আগাম খারিজের অনুরোধ উঠতে পারে। তবে প্রতিটি মামলার তথ্য ও আইনি পরিস্থিতি পৃথকভাবে বিবেচনা করবেন বিচারক।
ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি দাবি করেছে, আইনগতভাবে দুর্বল আবেদন শুরুতেই চ্যালেঞ্জ করলে যোগ্য আশ্রয় আবেদন দ্রুত নিষ্পত্তি করা যাবে, আদালতের জট কমবে এবং প্রতারণামূলক আবেদন ঠেকানোর উদ্যোগ শক্তিশালী হবে।
অভিবাসন অধিকারকর্মীদের আশঙ্কা, পূর্ণাঙ্গ শুনানির আগে মামলা খারিজ হলে আশ্রয়প্রার্থীরা নির্যাতনের অভিজ্ঞতা ও প্রয়োজনীয় প্রমাণ বিস্তারিতভাবে উপস্থাপনের সুযোগ হারাতে পারেন। আবেদন আগেই বাতিল হলে এবং অন্য কোনো আইনি সুরক্ষার আবেদন না থাকলে বিচারক বহিষ্কারের আদেশও দিতে পারেন। সাধারণত এমন সিদ্ধান্তের বিরুদ্ধে ৩০ দিনের মধ্যে বোর্ড অব ইমিগ্রেশন আপিলসে আবেদন করার সুযোগ থাকে।
আট মাসে প্রায় তিন লাখ গ্রেপ্তার, আশ্রয় প্রত্যাখ্যানের রেকর্ড এবং দুর্বল আবেদন পূর্ণাঙ্গ শুনানির আগেই খারিজের নতুন উদ্যোগ একসঙ্গে দেখাচ্ছে, যুক্তরাষ্ট্রের অভিবাসন ব্যবস্থা এখন শুধু সীমান্ত বা অভিযানেই নয়, আদালতের ভেতরেও দ্রুত ও কঠোর পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে।