বিজ্ঞাপন
গ্রেফতারের হুমকির পরও জাতিসংঘে ভাষণ দিতে নিউইয়র্ক যাচ্ছেন নেতানিয়াহু!
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৫ পিএম
বিজ্ঞাপন
নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি গ্রেফতারের আহ্বান জানানোর পরও জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দিতে নিউইয়র্ক যাচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ইসরায়েলের জাতিসংঘ দূত ড্যানি ড্যানন জানিয়েছেন, চলতি মাসের শেষ দিকে নেতানিয়াহু ২৪ ঘণ্টার সংক্ষিপ্ত সফরে নিউইয়র্কে যাবেন এবং জাতিসংঘের অধিবেশনে বক্তব্য দেবেন।
ড্যানন বলেন, গাজা যুদ্ধ নিয়ে নেতানিয়াহুর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে মামদানি রাজনৈতিক কর্মকাণ্ড করছেন। মামদানি নেতানিয়াহুকে যুদ্ধাপরাধী আখ্যা দিয়ে গ্রেফতারের আহ্বান জানিয়েছিলেন। পরে তিনি স্বীকার করেন, নিউইয়র্ক সিটির নেতানিয়াহুকে গ্রেফতার করার আইনগত ক্ষমতা নেই। তবে তিনি যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারকে আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেফতারি পরোয়ানা কার্যকর করার আহ্বান জানিয়েছেন।
আন্তর্জাতিক অপরাধ আদালত ২০২৪ সালের নভেম্বরে নেতানিয়াহু ও ইসরায়েলের আরেক কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। ওই পরোয়ানায় গাজায় মানবিক সহায়তা সীমিত করার মাধ্যমে অনাহারকে যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহার এবং বেসামরিক নাগরিকদের ইচ্ছাকৃতভাবে লক্ষ্যবস্তু করার অভিযোগ আনা হয়। ইসরায়েল এসব অভিযোগ অস্বীকার করেছে।
নিউইয়র্ক সিটির ওই গ্রেফতারি পরোয়ানা কার্যকর করার আইনগত ক্ষমতা না থাকলেও মামদানির আহ্বানকে কেন্দ্র করে নেতানিয়াহুর সফর ঘিরে রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। ড্যানন জানিয়েছেন, নেতানিয়াহুর জাতিসংঘে উপস্থিত হওয়া ইসরায়েলের জন্য গুরুত্বপূর্ণ। তিনি বলেন, বিভিন্ন ধরনের প্রতিবাদ ও চাপের মধ্যেও নেতানিয়াহু তার বক্তব্য দেবেন।
ড্যাননের দেওয়া তথ্য অনুযায়ী, নেতানিয়াহু ২৩ সেপ্টেম্বর রাতে নিউইয়র্কে পৌঁছাবেন। পরদিন ২৪ সেপ্টেম্বর বিকেলে তিনি জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন। এরপর একই রাতেই তিনি ইসরায়েলে ফিরে যাবেন। জাতিসংঘের ১৯৩ সদস্য দেশের নেতাদের উচ্চপর্যায়ের বৈঠক ২২ থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
নেতানিয়াহুর সফর ঘিরে নিউইয়র্কে বিক্ষোভের আশঙ্কাও রয়েছে। ড্যানন বলেন, উচ্চপর্যায়ের বৈঠক চলাকালে নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভ নিউইয়র্কের রাস্তায় আরও বিশৃঙ্খলা তৈরি করতে পারে। গত বছর নেতানিয়াহু জাতিসংঘে বক্তব্য দেওয়ার সময় সাধারণ পরিষদের হল থেকে বহু প্রতিনিধি বেরিয়ে গিয়েছিলেন। এবারও একই ধরনের পরিস্থিতি তৈরি হতে পারে বলে তিনি মনে করছেন।
তবে ড্যানন বলেন, নেতানিয়াহু এ ধরনের পরিস্থিতি মোকাবিলায় অভিজ্ঞ এবং প্রতিবাদ বা বিরোধিতার মধ্যেও তিনি জাতিসংঘে তার বক্তব্য দেবেন। গাজায় ইসরায়েলের যুদ্ধ নিয়ে নেতানিয়াহু আন্তর্জাতিকভাবে ক্রমেই বিতর্কিত হয়ে উঠেছেন। ফলে এবারের জাতিসংঘ সফরও ব্যাপক রাজনৈতিক ও কূটনৈতিক মনোযোগের কেন্দ্রে থাকবে।
সূত্র: অ্যাসোসিয়েটেড প্রেস