Logo
Logo
×

বিজ্ঞাপন

আন্তর্জাতিক

‘ঘরের শত্রু বিভীষণ’! বিদেশির চেয়ে দেশের উগ্রপন্থীদের বেশি ভয় মার্কিনদের

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৬ পিএম

‘ঘরের শত্রু বিভীষণ’! বিদেশির চেয়ে দেশের উগ্রপন্থীদের বেশি ভয় মার্কিনদের

বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্রের সাধারণ নাগরিকদের নিরাপত্তার জন্য বিদেশি সন্ত্রাসী গোষ্ঠীর চেয়ে দেশের অভ্যন্তরে থাকা উগ্রপন্থীদেরই বড় হুমকি মনে করছেন বেশি মানুষ। রয়টার্স/ইপসোসের সাম্প্রতিক এক জরিপে এমন তথ্য উঠে এসেছে।

জরিপে অংশগ্রহণকারীদের কাছে জানতে চাওয়া হয়, সাধারণ মার্কিন নাগরিকদের নিরাপত্তার জন্য সবচেয়ে বড় হুমকি কোনটি। এতে ৩৩ শতাংশ মানুষ ‘দেশীয় সন্ত্রাসবাদ’কে সবচেয়ে বড় হুমকি হিসেবে উল্লেখ করেন। ২০ শতাংশ বিদেশি সন্ত্রাসী গোষ্ঠীকে হুমকি মনে করেন। আর ৪২ শতাংশের মতে, গণগুলির মতো নির্বিচার সহিংসতাই সবচেয়ে বড় ঝুঁকি।

গত ২৮ থেকে ৩১ আগস্ট অনলাইনে যুক্তরাষ্ট্রজুড়ে ১ হাজার ১৬৭ জনের মধ্যে এই জরিপ চালানো হয়।

দেশীয় উগ্রপন্থার বিষয়ে মানুষের উদ্বেগ আরও স্পষ্ট হয়েছে আরেকটি প্রশ্নে। আদর্শ বা রাজনৈতিক মতাদর্শের কারণে সংঘটিত হামলার ক্ষেত্রে ৬১ শতাংশ মার্কিন নাগরিক দেশের অভ্যন্তরের উগ্রপন্থীদের বেশি বড় হুমকি মনে করেন। বিপরীতে, ৩৪ শতাংশ বিদেশি উগ্রপন্থীদের বড় হুমকি হিসেবে দেখেছেন।

জরিপে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে গত কয়েক বছরে বিভিন্ন ধরনের দেশীয় সন্ত্রাসী হামলা ও রাজনৈতিক সহিংসতার ঘটনা মানুষের এই উদ্বেগ বাড়িয়েছে। এর মধ্যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে লক্ষ্য করে হত্যাচেষ্টার ঘটনা, ২০২৫ সালের সেপ্টেম্বরে রক্ষণশীল রাজনৈতিক কর্মী চার্লি কার্কের হত্যাকাণ্ড এবং ২০১৬ সালে ফ্লোরিডার একটি সমকামী নাইটক্লাবে হামলায় ৪৯ জন নিহত হওয়ার ঘটনাও রয়েছে।

এদিকে ৯/১১ হামলার প্রভাবও এখনো মার্কিনদের মধ্যে রয়ে গেছে। জরিপে ১০ জনের মধ্যে প্রায় ছয়জন জানিয়েছেন, তারা এখনো মাঝেমধ্যে ৯/১১-এর সন্ত্রাসী হামলার কথা ভাবেন। একই সংখ্যক মানুষ বলেছেন, ভবিষ্যতে একই ধরনের বড় কোনো হামলা হলে এর জবাবে সামরিক পদক্ষেপ নেওয়াকে তারা সমর্থন করবেন।

তবে ৯/১১-এর পর যুক্তরাষ্ট্রের আফগানিস্তান ও ইরাক যুদ্ধে যাওয়াকে অনেকেই সমর্থন করেন না। জরিপে ৪৮ শতাংশ বলেছেন, আফগানিস্তান যুদ্ধের জন্য যে মূল্য দিতে হয়েছে তা সার্থক ছিল না। বিপরীতে মাত্র ২১ শতাংশ এটিকে সার্থক মনে করেন। ইরাক যুদ্ধের ক্ষেত্রেও ৫১ শতাংশ মানুষ অসন্তোষ জানিয়েছেন, আর সমর্থন করেছেন ২১ শতাংশ।

৯/১১ হামলার ২৫ বছর পরও মানুষের জীবনযাত্রায় এর স্থায়ী প্রভাব রয়েছে বলে মনে করেন বেশির ভাগ মার্কিন নাগরিক। গ্যালাপের আলাদা এক জরিপে ৬৪ শতাংশ মানুষ বলেছেন, ওই হামলার কারণে মানুষের জীবনযাপনের ধরন স্থায়ীভাবে বদলে গেছে। ১০ বছর পর এই মত পোষণ করেছিলেন ৫৮ শতাংশ এবং পঞ্চম বার্ষিকীতে ৫৩ শতাংশ মানুষ।

তবে নিজেদের জীবনযাত্রা স্থায়ীভাবে বদলে ফেলেছেন—এমনটা বলেছেন মাত্র ২৮ শতাংশ মানুষ।

নিরাপত্তা ব্যবস্থার ক্ষেত্রেও মার্কিনদের মধ্যে কঠোর অবস্থানের সমর্থন রয়েছে। রয়টার্স/ইপসোসের জরিপে প্রায় ৬০ শতাংশ মানুষ মনে করেন, যুক্তরাষ্ট্রের মাটিতে সন্ত্রাসী হামলা ঠেকাতে ৯/১১-এর পর ফেডারেল সরকারের নেওয়া পদক্ষেপ কিছুটা কার্যকর হয়েছে।

বিমানবন্দরে বাড়তি নিরাপত্তা ব্যবস্থার বিষয়টিও বেশির ভাগ মানুষ সমর্থন করেন। ডেমোক্র্যাটদের ৭১ শতাংশ এবং রিপাবলিকানদের ৭৫ শতাংশ মনে করেন, ৯/১১-এর পর বিমানবন্দরে বাড়ানো নিরাপত্তা ভ্রমণকারীদের জন্য তৈরি হওয়া অতিরিক্ত ঝামেলার তুলনায় বেশি গুরুত্বপূর্ণ।

তবে বিমানবন্দরের নিরাপত্তা বেসরকারি প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়ার বিষয়ে মানুষের সমর্থন কম। ট্রাম্প প্রশাসনের বিবেচনায় থাকা এই প্রস্তাবকে ২৩ শতাংশ মানুষ সমর্থন করেছেন, আর ৪৮ শতাংশ এর বিরোধিতা করেছেন।

এ ছাড়া ২০০১ সালের পর মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর নজরদারি ক্ষমতা বাড়ানোর বিষয়টিও জনপ্রিয় নয়। ৬৫ শতাংশ মানুষ বলেছেন, আদালতের অনুমতি ছাড়া মার্কিন নাগরিকদের ইলেকট্রনিক যোগাযোগ নজরদারি করার সুযোগ গোয়েন্দা সংস্থাগুলোকে দেওয়া উচিত নয়।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার